পরাজয়ের আনুষ্ঠানিকতা সারল অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়া মেলবোর্ন টেস্টে হেরে গিয়েছিল প্রথম দিনই। পয়লা ইনিংসেই ৯৮ রানে অল আউট হয়ে পরাজয়ের রাস্তায় হাঁটা শুরু করেছিল তারা। সেই যাত্রা আজ শেষ হলো দ্বিতীয় ইনিংসে ২৫৮ রানে অল আউট হয়ে ইনিংস ব্যবধানে হেরে। মাঝে ইংল্যান্ডের বিশাল সংগ্রহ, জোনাথন ট্রটের বিশাল সেঞ্চুরি, রিকি পন্টিংয়ের আম্পায়ার আলিম দারের সঙ্গে বচসা সবই হয়েছে। পুরো টেস্ট ম্যাচটিই যেন ছিল অস্ট্রেলিয়ার পরাজয়ের সজ্জিত মঞ্চ। সেই মঞ্চে দাঁড়িয়ে অস্ট্রেলিয়ার একদা পরাক্রমশালী ক্রিকেট দল কি খুবই উচ্চমার্গে নিজেদের পতনের ধ্বনি শুনতে পাচ্ছে না?প্রথমে ব্রিসবেনে ড্র, অ্যাডিলেডে পরাজয়। পার্থে জিতে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখেছিল রিকি পন্টিং বাহিনী। মেলবোর্নে ভালো কিছুরই স্বপ্ন দেখেছিল অসিরা। কিন্তু ব্যাটসম্যানদের ব্যর্থতায় নিজেদের মাঠে অনেক বছর পর সর্বনিম্ন রানের কলঙ্ক তিলকে এঁকে সেই স্বপ্ন প্রথম দিনই ধূলিসাত্ হয়ে যায় অস্ট্রেলিয়ার। ইংল্যান্ডের প্রথম ইনিংসে বোলাররাও কম যাননি। অসি বোলারদের ধারহীন বোলিংয়ের মুখে ইংল্যান্ড গড়ে তোলে ৫১৩ রানের বিশাল সংগ্রহ। এ মৌসুমে সফলতম ইংলিশ ব্যাটসম্যান জোনাথন ট্রট খেলেন অপরাজিত ১৬৮ রানের এক চমকপ্রদ ইনিংস। অধিনায়ক স্ট্রাউসের ৬৯ ও অ্যালিস্টার কুকের ৮২, কেভিন পিটারসেনের ৫১ ও ম্যাট প্রিয়রের ৮৫ অস্ট্রেলিয়াকে ম্যাচ থেকে কেবল দূরেই ঠেলে দিয়েছে। সেই দূরত্ব এতটাই ছিল যে দ্বিতীয় ইনিংসে দলটির লড়াইয়েরও কোনো সামর্থ্য ছিল না। দ্বিতীয় ইনিংসেও ব্যাটসম্যানদের ব্যর্থতা, অধিনায়ক রিকি পন্টিংয়ের ধারাবাহিক ফর্মহীনতা অস্ট্রেলিয়ার পরাজয়কে করে ত্বরান্বিত। দ্বিতীয় ইনিংসে সর্বসাকুল্য অস্ট্রেলিয়ার সংগ্রহ ২৫৮ রান। শেন ওয়াটসনের ৫৪ ও হাডিনের ৫৫ রানের পাশাপাশি সিডলের ৪০। মাঝে কেবল স্মিথের ৩৮ রানের ছোটখাটো প্রতিরোধ-প্রচেষ্টা। অস্ট্রেলিয়ার লড়াই বলতে এতটুকুই।ইংলিশ বোলাররা ম্যাচের প্রথম থেকেই ছিল অপ্রতিরোধ্য। জেমস অ্যান্ডারসন তাঁর সন্তানের জন্মোত্সবটা মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডেই সারলেন। প্রথম ইনিংসে উইকেট শিকারের অভিযানে অ্যান্ডারসনের সঙ্গী ছিলেন ক্রিস ট্রেমলেট। দুজনেই ভাগ করে নিলেন অস্ট্রেলিয়ার আটটি উইকেট। ব্রেসনান প্রথম ইনিংসে উইকেট শিকারের অভিযানে অ্যান্ডারসন আর ট্রেমলেটের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন। প্রথম ইনিংসে দুই উইকেট শিকারের পর দ্বিতীয় ইনিংসে চার উইকেট নিয়ে বুঝিয়ে দিলেন, ‘দেখো আমিও পারি।’সব মিলিয়ে মেলবোর্নের পুরো টেস্টটিই ছিল ইংলিশ বিজয় গাঁথা আর অস্ট্রেলিয়ার ব্যর্থতার উপাখ্যান। ২৪ বছর পর অস্ট্রেলিয়ার মাটি থেকে অ্যাশেজ বিজয়ের ঢিল ছোড়া দূরত্বে দাঁড়িয়ে ইংল্যান্ড কিন্তু নিজেদের আবেগকে নিয়ন্ত্রণেই রেখেছে। কারণ, আরও একটি টেস্ট যে এখনো বাকি। ওটা ভালোয় ভালোয় পার করে দিতে পারলেই অ্যাশেজ ইংলিশদের। আর, পুরো সিরিজে একমাত্র পার্থ টেস্ট ছাড়া অস্ট্রেলিয়ার যে পারফরম্যান্স, তাতে সিডনি টেস্ট নিয়ে অন্যকিছু ভাবার সাহস পাচ্ছে না তারা। শেন ওয়াটসন তো কাল বলেই দিয়েছেন, মানসিকভাবেই অ্যাশেজে হেরে গেছেন তাঁরা। একবার ভাবুন তো, অস্ট্রেলিয়াকে মানসিকভাবে এত নিচে এর আগে কতবার দেখেছেন? সংক্ষিপ্ত স্কোর:অস্ট্রেলিয়া ৯৮ (অল আউট, প্রথম ইনিংস)মাইকেল ক্লার্ক ২০অ্যান্ডারসন ৪/৪৪, ট্রেমলেট ৪/২৬ইংল্যান্ড ৫১৩ (ডিক্লে.) প্রথম ইনিংসট্রট ১৬৮*, প্রিয়র ৮৫, স্ট্রাউস ৬৯, কুক ৮৫, পিটারসেন ৫১হিলফেনাস ২/৮৩, জনসন ২/১৩৪অস্ট্রেলিয়া ২৫৮ (দ্বিতীয় ইনিংস)ওয়াটসন ৫৪, হাডিন ৫৫, সিডল ৪০ব্রেসনান ৪/৫০, সওয়ান ২/৫৯(ইংল্যান্ড ইনিংস ও ১৫৭ রানে জয়ী)ম্যান অব দ্য ম্যাচ: জোনাথন ট্রট। রয়টার্স।