পরাজয়ের ইঙ্গিত দিচ্ছে ইনজুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একজন পাইপ দিয়ে সমানে পানি ছেটাচ্ছেন। ভেজা জায়গাটায় সতীর্থ কারও ছুড়ে দেওয়া বল ঠেকাতে বাউন্ডারি ঠেকানোর ভঙ্গিতে ডাইভ দিচ্ছেন অন্যরা। ক্রিকেটারদের নতুন এই অনুশীলন দেখতে গ্যালারিতে দর্শকের বেশ ভিড় জমে গেল। কেউ বল ঠেকাতে পারলে চটপট করতালির শব্দ শোনা যাচ্ছিল। মাশরাফি বিন মুর্তজা ঝাঁপিয়ে পড়ে একটা বল ঠেকাতেই করতালির শব্দে জোর বেড়ে গেল। সমর্থকদের কেউ একজন চিৎকার করে উঠলেন, ‘সাবধানে লাফ দিয়েন ভাই। ইনজুরিতে পইড়েন না।’মাশরাফির ইনজুরি অনেকটাই যেন জাতীয় দুশ্চিন্তার বিষয়! আপাতত সেই দুশ্চিন্তা থেকে মুক্তির ইঙ্গিত মিলেছে। নিউজিল্যান্ড সিরিজের প্রথম ম্যাচেই চোট পেয়ে মাঠের বাইরে চলে যাওয়া মাশরাফি গতকাল বোলিং শুরু করলেন অনুশীলনে। পুরো দৈর্ঘ্যের রানআপে নয়, কাল বোলিং করলেন ছোট রানআপে। তার পরও অনুমিত সময়ের আগেই মাশরাফির বল হাতে নেওয়াটা আশার খবর বৈকি! তার মানে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচ থেকেই মাঠে পাওয়া যাচ্ছে মাশরাফিকে? ‘ইনশাআল্লাহ’—এই একটা শব্দ দিয়েই উত্তর দিয়ে ফেললেন ফিজিও মাইক হেনরি ও মাশরাফি।মাইক হেনরি অবশ্য ‘ইনশাআল্লাহ’ বলেই নিজেকে একটু সামলে নিলেন। তিনি আসলে আরও একটু সময় নিতে চাচ্ছেন, ‘এখন জিম্বাবুয়ের সফরের আগে সপ্তাহ তিনেক সময় আছে। তাই আশা করাই যায়। তবে ও পুরো রানআপে বোলিং শুরু করলেই বোঝা যাবে, কবে ঠিক ফিরতে পারবে।’প্রথম দিন মাশরাফির বোলিং দেখে আশান্বিত হয়েছেন বোলিং কোচ ইয়ান পন্টও, ‘ভালোই মনে হলো। যদিও ছোট রানআপে বল করেছে। কিন্তু বেশ ভালো বল করেছে। কোনো সমস্যার কথাও বলেনি সে। ফলে আমি আশাবাদী।’আশবাদী মাশরাফি নিজেও। তবে তিনিও মাইক হেনরির মতো সতর্ক। আগেই কোনো মন্তব্য করতে চান না, ‘হিসাবমতো আরও সপ্তাহ খানেক পরে বোলিং শুরু করার কথা ছিল। আগে আগেই শুরু করতে পেরেছি। আশা করি, মাঠেও আগে আগে ফিরতে পারব। তবে আগে পুরো রানআপে বোলিং করে অবস্থাটা বুঝতে চাই।’এখন পর্যন্ত যা অবস্থা বুঝছেন, তাতে সামান্য ব্যথা আরও কিছুদিন হয়তো থাকবে, ‘ব্যথা একটু আছে, আরও কিছুদিন হয়তো থাকবে। এ নিয়ে চিন্তা করি না। ব্যথা সঙ্গে নিয়েও খেলব দরকার হলে।’ব্যথা সঙ্গে নিয়ে খেলে যেতে হতে পারে, এমন আশঙ্কা ছিল তামিম ইকবালের ক্ষেত্রেও। কিন্তু তামিম অস্ত্রোপচারের ধকল পুরোপুরি কাটিয়ে উঠে এখন পুরোদস্তুর ব্যাট করছেন। ফিজিও হেনরি বলেছেন, ‘ওর অবস্থা খুবই ভালো। তামিমকে নিয়ে সংশয় নেই।’নিউজিল্যান্ড সিরিজে চোট পেয়ে আর যিনি বিপাকে পড়েছিলেন, সেই নাজমুল হোসেন এবার অনুশীলনের প্রথম দিন থেকেই বোলিং করছেন। তিনিও বলেছেন, ‘খুবই ভালো ছন্দে বল করছি। কোনো সমস্যা নেই।’তার পরও একটু সমস্যা থেকে যায়। অন্তত তিনজন খেলোয়াড় এর পরও চোট নিয়ে আতঙ্কে রেখেছেন বাংলাদেশ দলকে। কাঁধে চোট নিয়ে গত দিন তিনেক অনুশীলন থেকে দূরে ছিলেন মোহাম্মদ আশরাফুল। তিনি কাল ব্যাটিং শুরু করলেও পুরোপুরি সুস্থ হতে আরেকটু সময় লাগবে। কাঁধে চোট নিয়ে আপাতত বোলিং করতে পারছেন না আবদুর রাজ্জাকও। তবে তিনিও দু-একদিনের মধ্যে বল হাতে নিতে পারবেন বলে আশাবাদী। একই অবস্থা মাহমুদউল্লাহরও। জাতীয় লিগে ডান হাতের কবজিতে ব্যথা পাওয়া এই অলরাউন্ডার একটু চিন্তিত, ব্যাথাটাও এখনো কমছে না বলে। কিন্তু মাইক হেনরি সব আশঙ্কা উড়িয়ে দিয়েছেন, ‘শুধু রিয়াদ (মাহমুদউল্লাহ) নয়, আপাতত কারও সমস্যাই খুব বেশি নয়।’সেটা হলেই ভালো।