পরাজয়ের ঝাল রেফারির ওপর...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিজেকেএস হ্যান্ডবল লিগে হেরে গিয়ে রেফারির ওপর চড়াও হয়েছে ব্রাদার্স ইউনিয়ন। ব্রাদার্সের কোচ আবদুল হান্নান মীরন, কর্মকর্তা ও ছাত্রলীগের নেতা হাসান মুরাদ বিপ্লবসহ বেশ কয়েকজন খেলা শেষে রেফারি উত্তম সেনকে নাজেহাল করেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল দুপুর সোয়া ১২টার দিকে এম এ আজিজ স্টেডিয়াম-সংলগ্ন জিমনেসিয়ামে এ ঘটনা ঘটে। প্রসঙ্গত, ব্রাদার্স ইউনিয়নের সভাপতি হলেন আওয়ামী লীগের নেতা আ জ ম নাছির। প্রথম রাউন্ডের ব্রাদার্স-কোয়ালিটি স্পোর্টস ম্যাচটি ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। কোয়ালিটি স্পোর্টস ২৩-২২ গোলে জিতে দ্বিতীয় রাউন্ডে ওঠে। খেলা শেষে রেফারি মাঠের এক পাশে অন্য রেফারিদের সঙ্গে বসে ছিলেন। তখনই মীরন, বিপ্লবসহ কয়েকজন তাঁর ওপর চড়াও হন বলে অভিযোগ করেন উত্তম। তাঁদের সঙ্গে কয়েকজন ছাত্রলীগের নেতা-কর্মী ছিলেন বলে জানা গেছে। উত্তমকে ধাক্কা দিয়ে ফেলে দেন তাঁরা। পরে অন্য কর্মকর্তারা এসে তাঁদের নিবৃত্ত করেন। উত্তম নাজেহাল হয়েছেন স্বীকার করলেও ঘটনার সঙ্গে তিনি সম্পৃক্ত নন বলে দাবি করেছেন মীরন।