পরাজয়ের তিক্ত স্বাদ নিয়ে সুপার টেনে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হংকংয়ের পরাজয়ের ক্ষত নিয়েই চূড়ান্ত পর্ব খেলতে হবে সাকিব-মুশফিকদের। ছবি: সৌরভ দাশ, চট্টগ্রাম
হংকংয়ের পরাজয়ের ক্ষত নিয়েই চূড়ান্ত পর্ব খেলতে হবে সাকিব-মুশফিকদের। ছবি: সৌরভ দাশ, চট্টগ্রাম

‘বাংলাদেশকে হারিয়ে ইতিহাস গড়তে চাই।’ ম্যাচের আগে জোরালোভাবেই এ কথা উচ্চারণ করেছিল হংকং। দুই দলের শক্তির যে ব্যবধান, তাতে বাংলাদেশ আজ এভাবে খাবি খাবে, কেউ ভেবেছিল! খেলাটা যখন টি-টোয়েন্টি, এখানে সব হিসাব-নিকাশ পাল্টে যায় মুহূর্তেই। গেছেও তা-ই। হংকংয়ের কাছে ২ উইকেটে হেরেই বসেছে বাংলাদেশ। স্বস্তির বিষয়, সুপার টেনে খেলার স্বপ্ন অন্তত পূরণ হয়েছে। তবে হংকংয়ের পরাজয়ের ক্ষত নিয়েই চূড়ান্ত পর্ব খেলতে হবে সাকিব-মুশফিকদের।    

আজ ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করেছিলেন। ১৮ বলে ২৩ রানও করেছিলেন। কিন্তু তাতে আসল কাজটা ঠিকঠাক মতো না হলেও উইকেটের পেছন থেকেই দলকে দারুণভাবে জাগিয়ে তুলেছিলেন মুশফিকুর রহিম। অবিশ্বাস্যভাবে পাখির মতো উড়ে ডানে ঝাঁপিয়ে নিয়েছিলেন দুর্দান্ত এক ক্যাচ। আর সেই ক্যাচটাই যেন বাংলাদেশের আশার প্রদীপ জ্বালিয়ে দিয়েছিল একটা সময়। টানা দুই বলে হংকংয়ের ২ উইকেট তুলে নিয়ে ম্যাচের লাগাম তখন নিজেদের মুঠোয় নিয়েছিল বাংলাদেশ। কিন্তু শেষ অবধি সে লাগাম ধরে রাখতে পারলেন না মুশফিকরা।

এর  আগে সাকিব আল হাসানের দুর্দান্ত বোলিংয়ে ম্যাচে ফিরে আসতে শুরু করে বাংলাদেশ। ১০৮ রানের অল্প পুঁজি নিয়েও বাংলাদেশকে সাকিব লড়াইয়ে ফেরান চার ওভারে মাত্র ৯ রানে ৩ উইকেট তুলে নিয়ে। অষ্টম ওভারের প্রথম বলে ইরফান আহমেদ (৩৪) ও একই ওভারের শেষ বলে হংকং অধিনায়ক জেমি অ্যাটকিনসন—দুজনকেই এলবিডব্লিউর ফাঁদে ফেলেন এ অলরাউন্ডার। হংকংয়ের স্কোর যখন ৩ উইকেটে ৫০, সেই সময়ই বাংলাদেশের জোড়া আঘাত। আল আমিনের করা ইনিংসের নবম ওভারের শেষ বলে মুশফিক নিলেন সেই অবিশ্বাস্য ক্যাচ। দশম ওভারের প্রথম বলেই মাহমুদউল্লাহ ফেরান চ্যাপম্যানকে। এ সময় হংকংয়ের ওপর দারুণ চাপও তৈরি করে বাংলাদেশ। এরপর ফেরেন নিজাকাত খানও। কিন্তু মুনির দার গলার কাঁটা হয়ে বিঁধে থাকেন অনেক সময়। মূলত ৪০ বছর বয়সী এ ডানহাতির ৩৬ রানের সময়োচিত ইনিংসের কাছেই হেরেছে বাংলাদেশ। তবে ১৭তম ওভারে অতিগুরুত্বপূর্ণ সময়ে ফরহাদ রেজা ১৫ রান না দিলে জয়ের স্বপ্ন এভাবে ফিকে না-ও হতে পারত।  রেজার ওভারের আগে হংকংয়ের দরকার ছিল ২৪ বলে ২৬। ওই ওভারের পর তা হয় ১৮ বলে ১১। আজকের সবচেয়ে খরুচে বোলারও তিনি। দুই ওভার বল করে রেজা দিয়েছেন ২৩ রান, ইকোনমি রেট ১১.৫০।  

এর আগে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের ইনিংসের শুরুতেই হংকংয়ের পেসার তানভির আফজালের জোড়া আঘাত। তানভিরের বলে জন্মদিনে শূন্য রানেই ফেরেন তামিম ইকবাল। কিছুক্ষণ পর এলবিডব্লুর ফাঁদে ফেলে ২ রান করা সাব্বির রহমানকেও ফেরান তানভির। প্রথম ওভারে মাত্র ৩ রানেই বাংলাদেশের ২ উইকেট শেষ। এরপর প্রাথমিক বিপর্যয় সামাল দেন এনামুল হক ও সাকিব আল হাসান। দুজনের তৃতীয় উইকেট জুটিতে আসে ৪৮। নাদিম আহমদের বলে বোল্ড হওয়ার আগে এনামুল করেছেন ২৬। মুশফিক-সাকিবের চতুর্থ উইকেট জুটিতে ৩৪ আশা জোগায় এক সময়। ইরফান আহমদের বলে সাকিব প্যাভিলিয়নে ফেরার আগে করেন ৩৪। দলকে বিপর্যয়ে রেখে মুশফিক ফেরেন ২৩ করে।

উইকেট ছুড়ে আসার মিছিলে একে একে যোগ দিয়েছেন মাহমুদউল্লাহ, ফরহাদ রেজা, আবদুর রাজ্জাক, রুবেল হোসেন অতঃপর আল আমিন। নাসির অপরাজিত ছিলেন ১৪ রানে। ১০.৩ ওভারে ৩ উইকেটে ৮৫ থেকে ১৬.৩ ওভারে ১০৮ রানে অলআউট। শেষ ৩০ বলে মাত্র ২৩ রানে ৭ উইকেট পড়েছে বাংলাদেশের! হংকংয়ের ফিল্ডাররা সহজ কয়েকটি ক্যাচ হাতছাড়া না করলে বাংলাদেশের ১০০ পার হতো কি না, কে জানে! হংকংয়ের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন নাদিম আহমেদ।