পরাজয়ের বৃত্তেই বাংলাদেশ
বাংলাদেশ: ৪৮.৪ ওভারে ১৮৪জিম্বাবুয়ে: ৪১.২ ওভারে ১৮৬/৬ফল: জিম্বাবুয়ে ৪ উইকেটে জয়ীকম রান করে বড় ব্যবধানে হেরে যাওয়া ভালো। তাতে আফসোসটা কম হয়। এখানে যেমন একটু হচ্ছে।উইকেট ভয়াবহ কিছু না হলে ওয়ানডেতে ১৮৪ রান করে জয়ের আশা করাই অন্যায়। কিন্তু এই স্কোর টপকাতে জিম্বাবুয়েকে বেশ ভালোই যুদ্ধ করতে হলো বলে আফসোসটা হচ্ছে। ইস্, আর ২৫-৩০টা রানও যদি হতো!সাকিব আল হাসানের কি এই ভেবেও আফসোস হচ্ছে, ইস্, রুবেলকে যদি আরেকটু আগেই ফিরিয়ে আনতাম! নতুন বলে বাংলাদেশের দুই পেসার মাত্র তিন ওভার বোলিং করলেন। শফিউল তাও দুই ওভার। ৭ রান দেওয়ায় রুবেলকে সরিয়ে নেওয়া হলো এক ওভার পরই। এরপর শুধু স্পিন আর স্পিন।ওয়ানডে ম্যাচে তিন বাঁ হাতি স্পিনার বাংলাদেশেরই উদ্ভাবন। সেটির শুরু এই জিম্বাবুয়ের বিপক্ষেই, ২০০৫ সালে। সেই থেকে বাংলাদেশ বলতে গেলে নিয়মিতই অনুসরণ করে গেছে এই ফর্মুলা। দেশে তা কাজেও আসে। কিন্তু হারারের এই উইকেটে তিন বাঁ হাতি স্পিনার? বাংলাদেশ দলের থিংকট্যাংকের চিন্তার দৈন্যের প্রকাশ ছাড়া আর কিছু নয়।সাকিব অবশ্য প্রথম ওভারেই উইকেট পেলেন। সেটিই হয়তো ২৩ ওভার পর্যন্ত স্পিনেই ভরসা রাখতে আরও উৎসাহিত করল তাঁকে। রুবেলকে ফেরানো হলো ২৪তম ওভারে। ম্যাচ তখন প্রায় আনুষ্ঠানিকতার পর্যায়ে পর্যবসিত। স্কোরবোর্ডে ২ উইকেটে ১২৩। ২৬ ওভারে জিম্বাবুয়ের চাই মাত্র ৬২ রান।তার পরও ম্যাচটা একটু জমিয়ে তুলেছিলেন রুবেল। দ্বিতীয় স্পেলের প্রথম ওভারেই পরপর দুই বলে টাইবু ও আরভিনকে আউট করলেন। ১০-১৫ রানের মধ্যে আর একটা উইকেট পড়লে একটা লো স্কোরিং থ্রিলার হলেও হতে পারত। কিন্তু রুবেল পরের উইকেটটি যখন পেলেন, পঞ্চম উইকেটে ৫১ রানের একটা জুটি দাঁড়িয়ে গেছে। ক্যারিয়ারে তৃতীয়বারের মতো নব্বইয়ের ঘরে আউট হওয়াটা তখন শুধুই ভুসিমুজি সিবান্দার ব্যক্তিগত দুঃখ। জিম্বাবুয়ের তাতে খুব একটা আসে-যায় না।রুবেল পরে আরেকটি উইকেট নিয়েছেন। তাঁর ২৬ রানে ৪ উইকেটই বাংলাদেশের জন্য অন্ধকারময় এই ম্যাচে একমাত্র আলোর রেখা। গত বছর অক্টোবরে নিউজিল্যান্ডের বিপক্ষে ঢাকায় ৪ উইকেট নিয়েছিলেন। এখানে ১ রান বেশি দিলেন বলে ক্যারিয়ার-সেরা বোলিং হয়ে রইল সেটিই।বাংলাদেশের স্পিনারদের মধ্যে রাজ্জাককে নিয়েই বেশি দুশ্চিন্তায় ছিল জিম্বাবুয়ে। অথচ রাজ্জাকের এমনই পারফরম্যান্স যে, উল্টো বাংলাদেশ দলেরই এখন তাঁকে নিয়ে মহা দুশ্চিন্তায় পড়ার কথা। ৭.২ ওভারে ৪০ রান দিয়ে উইকেটশূন্য থাকা যা বোঝায়, রাজ্জাক ছিলেন তার চেয়েও নির্বিষ।বোলারদের নিয়ে এত কথা বলার আসলে মানে হয় না। ম্যাচটা তো আসলে শেষ করে দিয়েছেন বাংলাদেশের ব্যাটসম্যানরাই। নতুন বলে ব্রায়ান ভিটরি ও ক্রিস্টোফার পোফু টানা এমন জায়গায় বল করে গেছেন যে, ব্যাটসম্যানরা নিঃশ্বাস ফেলারও সময় পাননি। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে কখনো কখনো তো এমন হবেই। চাপে পড়লে উল্টাপাল্টা কিছু না করে ‘প্ল্যান বি’তে চলে যাওয়াই নিয়ম। প্রথম ৪ ওভারে ৪ রান, ৫ ওভারে ৬ বলছে, সেই নিয়ম কিছুক্ষণ অনুসরণ করা হয়েছিল। কিন্তু এরপরই ব্যাটসম্যানরা শিকল ছিঁড়ে বেরোনোর চেষ্টা করতে গিয়ে আর পারলেন না।তামিমের কাছে সেট হওয়ার জন্য উইকেটে সময় কাটানোর চেয়ে নামের পাশে রানটা বেশি জরুরি। স্বভাববিরুদ্ধভাবে ১৭ বলে ৪ করার পর আর নিজেকে সামলাতে পারলেন না। ভিটরিকে চালিয়ে মিড অনে ক্যাচ। পরের ৩টি উইকেটই এই বাঁ হাতি পেসারের। স্কোরবোর্ডে ৪ উইকেটে ৩৩, ভিটরি ৪/২০। ‘ভিটরি বনাম তামিম’ মনে হচ্ছিল যে সিরিজকে, সেটি তখন ‘ভিটরি বনাম বাংলাদেশ’।পরে আরেকটি উইকেট নিয়ে জিম্বাবুয়ের পক্ষে ওয়ানডে অভিষেকে ৫ উইকেট নেওয়ার প্রথম কীর্তি গড়েছেন। অভিষেকেই ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার হাতে নিয়ে বললেন, ‘টেস্টে আমি ওদের দেখেছি। ওরা চালিয়ে খেলতে ভালোবাসে। এটাই কাজে লাগিয়েছি।’মুমূর্ষু বাংলাদেশের ইনিংসে কোরামিন ইনজেকশন হয়ে এসেছে সাকিব ও মুশফিকুরের জুটিটি। ৫ উইকেটে ৪৩ থেকে বাংলাদেশকে যা ১৪৮-এ নিয়ে গেল। কিন্তু তিলে তিলে গড়া ভিত্তির ওপর দাঁড়িয়ে যখন অট্টালিকা গড়ার সময়, তখনই আউট হয়ে গেলেন সাকিব। কিছুক্ষণের মধ্যে মুশফিকুরও।লাঞ্চের সময় মাঠে দাঁড়িয়ে স্টুয়ার্ট ল ও সাকিব আল হাসানের দীর্ঘ আলোচনা হলো। বিষয়বস্তু শুধু অনুমানই করা যায়। তবে স্টুয়ার্ট লর হাত নাড়া দেখে মনে হলো, কোনো একটা বিষয় নিয়ে ঠিক দুজনের মিলছে না। হয়তো বোলিং পরিকল্পনা নিয়েই। সেটিই স্বাভাবিক। ১৮৪ রানের স্কোর দৈর্ঘ্যে ছোট সেই কম্বলের মতো যেটি বুকে টানলে পা উদোম হয়ে যায়। এ নিয়ে আর কী-ই বা করা যায়!বাংলাদেশ এই ম্যাচে নতুন জার্সি পরে নামল। যেটি প্রেসবক্সে সাংবাদিকদের ভোটে দ্রুতই ইতিহাসে ‘জঘন্যতম’ বলে রায় পেয়ে গেল। ভালোমন্দ যা-ই হোক, নতুন তো! কিন্তু সেই নতুন জার্সিও নতুন কিছু উপহার দিতে ব্যর্থ। এই সফরে এখন পর্যন্ত তিন ম্যাচেই পরাজয়। স্ট্রাইকরেট হানড্রেড পার্সেন্ট!জিম্বাবুয়ের সঙ্গে ওয়ানডে সিরিজের ইতিহাসই যা একটু আশা জাগাচ্ছে। প্রথম ম্যাচে বাংলাদেশ হারবে, তার পরই ফিরে আসবে বিপুল বিক্রমে—এই দুই দলের সিরিজ এই নিয়মই অনুসরণ করে আসছে অনেক দিন।প্রথম অধ্যায়টা তো ইতিহাসের পুনরাবৃত্তিই। পাণ্ডুলিপির বাকি অংশ এখন নিয়ম মেনে চললেই হয়!