পরাশক্তিরাই মুখোমুখি পঞ্চম রাউন্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এফএ কাপের শেষ ষোলোর লড়াইটা কঠিনই হচ্ছে বড় দলগুলোর জন্য। অগের চার রাউন্ড পর্যন্ত একে অন্যের মুখোমুখি না হলেও পঞ্চম রাউন্ডে সেটি এড়ানো গেল না। পরশুর ড্র নির্ধারণ করে দিয়েছে, ফেব্রুয়ারির মাঝামাঝি এমিরেটস স্টেডিয়ামে আর্সেনাল খেলবে লিভারপুলের বিপক্ষে। ইতিহাদ স্টেডিয়ামে চেলসির সামনে দাঁড়াবে ম্যানচেস্টার সিটি। এএফপি।
এফএ কাপের নকআউট লড়াইয়ের মহড়া অবশ্য আগেই হয়ে যাবে প্রিমিয়ার লিগে। আগামী সোমবারই লিগে মুখোমুখি সিটি-চেলসি, এটিও সেই ইতিহাদ স্টেডিয়ামে। এই ম্যাচে হার-জিত যাই হোক, লিগে ঘুরে দাঁড়ানোর আরও সুযোগ পাবে দুই দলই। এফএ কাপে সেই সুযোগ থাকছে না। শেষ ষোলোয় হার মানেই তো বিদায়।
ফাইনালের বেশ আগেই দুটি বড় দল বিদায় নেবে—এটা ভেবে সমর্থকেরা মন খারাপ করতেই পারেন। তবে চেলসি কোচ হোসে মরিনহো এটিকে দেখছেন ইতিবাচক হিসেবেই, ‘আপনি সেরা হতে চাইলে ভালো দলের বিপক্ষে খেলে আসতেই হবে। আমাদের জন্য এটা ভালো অভিজ্ঞতা, ভালো ম্যাচ, বড় ম্যাচ—সবই ভালো।’