পেশাগত অনেক দায়িত্ব তাঁদের। সব সামলে সময় বের করতে হয় ক্রীড়াঙ্গনের জন্য। কিন্তু ক্রীড়া ফেডারেশনের সভাপতি পদটা কি সময় বের করে কাজ করার পদ? সবাই বলবেন, ‘অবশ্যই না’। সংশ্লিষ্ট খেলাকে এগিয়ে নিতে সভাপতির একটা ভবিষ্যৎ কর্মপরিকল্পনা থাকা চাই। দুর্ভাগ্যের বিষয়, বাংলাদেশের ক্রীড়া ফেডারেশনের সভাপতিদের সেটি নেই বললেই চলে।সভাপতিদের কাজ কী হওয়া উচিত? বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব কুতুবউদ্দিন আহমেদ এক নিঃশ্বাসেই বলে দিলেন, ‘সভাপতির একটা ভিশন থাকা দরকার। ভিশন না থাকলে কিছু হবে না। সভাপতিকে স্পনসর এনে দিতে হবে। খেলার প্রতি তাঁর অনুরাগ থাকা চাই। কাউকে খুশি করার জন্য সভাপতি করা ঠিক হবে না। খেলাটাকে ভালো একটা অবস্থানে নেওয়ার প্রতিশ্রুতি থাকতে হবে সভাপতির।’কুতুবউদ্দিন আহমেদ একসময় ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ছিলেন। সভাপতি হিসেবে নিজের অভিজ্ঞতাও জানালেন কুতুবউদ্দিন, ‘আমি দেখেছি গোটা কমিটি কমিটমেন্ট নিয়ে কাজ করে না। কমিটির যদি কমিটমেন্ট না থাকে এবং কমিটি সক্রিয় না হয় সভাপতি একা কিছু করতে পারবেন না। সভাপতি নিষ্ক্রিয় থাকলে কমিটির পক্ষেও কিছু করা কঠিন। দুটি একে অন্যের পরিপূরক।’সভাপতি হিসেবে এখন সবচেয়ে আলোচিত কাজী সালাউদ্দিন। বাফুফের এই নির্বাচিত সভাপতি দায়িত্বটা যেমন উপভোগ করেন, তেমনই তাঁর ওপর চাপও রয়েছে বিশাল। সেই চাপ সামলে কাজ করতে গিয়ে তাঁর মনে হয়েছে, ‘সভাপতির একটা সুদূরপ্রসারী লক্ষ্য অবশ্যই থাকতে হবে এবং নির্বাহীদের দিয়ে সেটি তিনি কার্যকর করবেন। সভাপতিকে জানতে হবে ঠিক কী করতে চান তিনি। তবে বাংলাদেশে যেহেতু পেশাদারির অভাব, টাকা নেই, তাই কাজটা কঠিন। অবশ্য এটাও বলব, দায়িত্ব নিলে ভিশন নিয়েই কাজ করা উচিত সভাপতির।’সভাপতির দায়িত্বটাকে একটু অন্যভাবে দেখছেন দ্বিতীয় মেয়াদে অ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করা সাবেক সচিব এ এস এম আলী কবির, ‘সভাপতির কাজ সীমিত। তিনি সবার শ্রদ্ধা এবং সম্মানের পাত্র। সবাইকে সমান চোখে দেখেন এবং সুবিচার করেন। ফেডারেশনের নির্বাহী হচ্ছেন সাধারণ সম্পাদক এবং নির্বাহী কমিটি মন্ত্রিসভার মতো। এখানে সভাপতি অভিভাবকের মতো কাজ করেন।’সভাপতি ফেডারেশনের অভিভাবক তো বটেই। কিন্তু খেলাধুলার সঙ্গে সম্পর্কহীন কারও সভাপতি হওয়া মানতে পারছেন না দীর্ঘদিন ধরে ক্রীড়াঙ্গনের যুক্ত বর্তমানে ভলিবল ফেডারেশনের নির্বাচিত সভাপতি গোলাম কুদ্দুস চৌধুরী, ‘সভাপতি যিনিই হোন, ক্রীড়াঙ্গনের লোক হওয়া উচিত। এই পদে ক্রীড়াঙ্গনের লোক এলে ভালো অবদান রাখতে পারেন। বাইরের লোকের সেই অনুভূতি নেই বলব না। তবে কারও কারও কাছে নিজের স্বার্থটাই বড়।’সাবেক এক ফেডারেশন সভাপতি ও সাংসদ ভলিবল স্টেডিয়ামে প্রভাব খাটিয়ে দুটি দোকান নিয়েছিলেন বলে অভিযোগ আছে। কয়েক বছর আগে মহিলা ক্রীড়া সংস্থার সাবেক এক সভানেত্রীর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, তিনি সংস্থার তহবিল থেকে গাড়ির তেলের খরচ, চালকের বেতন নেন। নিজে বেতনও নাকি নিতেন। ফেডারেশনকে আর্থিকভাবে স্বাবলম্বী করার দায়িত্ব যাঁর, তিনিই উল্টো ফেডারেশন সভাপতির নাম ভাঙিয়ে সুবিধা নেন! ১৯৭৫ সাল থেকে ’৯৭ পর্যন্ত দীর্ঘ ২২ বছর সাঁতার ফেডারেশনে সভাপতি ছিলেন আসাফ্উদ্দৌলাহ্। সাবেক এই সচিবের কথা, ‘আপনি যদি সাঁতারু না হন, সাঁতার অঙ্গনের কেউ না হন, তাহলে কী করে সাঁতারুদের সুখ-দুঃখ বুঝবেন। এটা ভেবেই আমরা মোশাররফকে তৈরি করেছিলাম। কিন্তু এখন দেখছি, অমুক বাহিনীর প্রধান তমুক ফেডারেশনের সভাপতি হচ্ছেন। এগুলোর কোনো অর্থ হয় না। এগুলো তোফা (পুরস্কার) দেওয়া। আমি ২২ বছর কেন, ২ বছরও থাকতে চাইনি। কিন্তু তারা জানে, আমার থাকা দরকার। তাই অত দিন ছিলাম।’ সরকারি চাকুরেদের সভাপতি করার ঘোরবিরোধী আসাফ্উদ্দৌল্লাহ্, ‘যারা চাকরি করে তাদের দিয়ে এসব হবে না। সরকার ফেডারেশনকে কয়েক লাখ টাকা দেয়, চা-বিস্কুট খেয়ে শেষ। ওখানে বসে হয় পলিটিক্স। নির্বাচিত কমিটিতে শুধু সভাপতি ওপর থেকে বসিয়ে দেবে, এটা কী রকম কথা? সভাপতিরও অবশ্যই নির্বাচিত হওয়া উচিত এবং তিনি হবেন ক্রীড়াপ্রেমী মানুষ।সভাপতি যিনিই হোন, সব ফেডারেশন সভাপতিকে নিয়ে একটা কর্মশালা হওয়া উচিত বলে মনে করেন সাইক্লিংয়ের সভাপতি মিজানুর রহমান (মানু), ‘সরকার কী চায়, সেটা জানলে সভাপতিরা কাজ করতে পারেন। টার্মস অব রেফারেন্স দিয়ে দেওয়া উচিত সভাপতিকে। সভাপতির উচিত সরকার যদি তাঁকে কোন গাইডলাইন দেয়, সেটা নিষ্ঠার সঙ্গে পালন করা। সভাপতি কী করছে সেটা মন্ত্রণালয় না দেখলে সভাপতিদের কেউ কেউ ইচ্ছামতো চলতে পারেন। ৪১ জন সভাপতির সঙ্গে এক দিন বসা দরকার সরকারের। ক্রীড়ামন্ত্রী সবাইকে ডাকুন।’দীর্ঘদিন ধরে ক্রীড়াঙ্গনে যুক্ত আছেন এমন অনেকেরই স্বপ্ন থাকে ফেডারেশনের সভাপতি হওয়ার। কিন্তু ভাগ্যবান দু-একজনেরই এমন স্বপ্ন পূরণ হতে দেখা যায়। ভারোত্তোলন ফেডারেশনের দীর্ঘদিনের সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদের কণ্ঠে তাই হাহাকার শোনা যায়, ‘আমরা যারা দীর্ঘদিন ধরে ক্রীড়াঙ্গনে আছি, আমরা কি কখনো সভাপতি হতে পারব না?’যৌক্তিক প্রশ্ন। উত্তর দেওয়ার দায়িত্ব সরকারের। [শেষ]