পরিচয় মিলেছে সেই ‘রহস্যময়’ তরুণীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় দলের মার্চপাস্টের লাল ‘টপস’ ও নীল জিনস পরিহিত ‘রহস্যময়’ তরুণীর পরিচয় মিলেছে। তিনি বেঙ্গালুরুর মেয়ে, নাম মাধুরা নাগেন্দ্র। অলিম্পিকের জাঁকালো উদ্বোধনী অনুষ্ঠানে নৃত্যশিল্পী হিসেবে অংশ নেওয়ার জন্য নির্বাচিত হয়েছিলেন তিনি। মাধুরার বাবা কে এল নাগেন্দ্র মেয়ের পরিচয় নিশ্চিত করে বলেছেন, ‘আমার মেয়ে উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করার জন্য নির্বাচিত হয়েছিল। ওর কাছে অনুষ্ঠান উপভোগ করার পাস ছিল। একজন ভারতীয় হিসেবেই তাকে দলের সঙ্গে থাকার অনুমতি দিয়ে থাকতে পারে আয়োজক কমিটি।’লন্ডন অলিম্পিক আয়োজক কমিটির প্রধান সেবাস্তিয়ান কো দাবি করেছেন, মাধুরা ভারতীয় দল ও অন্য কারও জন্য নিরাপত্তাঝুঁকি তৈরি করেননি। নিছক উত্তেজনার বশে মার্চপাস্টে অংশ নিয়ে থাকতে পারেন। তিনি জানান, ওই তরুণী উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। তবে মার্চপাস্টে তাঁর থাকার কথা ছিল না। সম্ভবত উত্তেজনার বশে সেখানে গিয়েছিলেন তিনি।মার্চপাস্টে ভারতের পতাকা হাতে দলকে নেতৃত্ব দিচ্ছিলেন সুশীল কুমার। তাঁর ঠিক ডান পাশ ধরেই হাঁটছিলেন লাল ‘টপস’ ও নীল রঙের জিনস পরিহিত সেই তরুণী। তাঁকে নিয়েই সৃষ্টি হয় বিতর্কের। কারণ, ভারতীয় দলে নারী অ্যাথলেটদের পরনে ছিল হলুদ শাড়ি ও নীল ব্লেজার। ছেলেদের পরনে ছিল নীল ব্লেজার ও সাদা ট্রাউজার, মাথায় হলুদ রঙের রাজস্থানি পাগড়ি। সম্পূর্ণ ব্যতিক্রমী পোশাকে থাকা হাস্যোজ্জ্বল তরুণীর পরিচয় তখন জানা ছিল না কারও। অচেনা এক তরুণীর সম্পূর্ণ ব্যতিক্রমী বেশে মার্চপাস্টে অংশ নেওয়ার ঘটনায় ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করে ভারতীয় দল। এ ঘটনায় লন্ডন অলিম্পিক আয়োজক কমিটিকে ক্ষমা চাওয়ার দাবি তোলা হয়েছিল। ভারতীয় গণমাধ্যমগুলোতে বলা হচ্ছিল, ওই তরুণীর কারণে গোটা বিশ্বে দেশের সম্মান ক্ষতিগ্রস্ত হয়েছে। কারণ, তাঁর পোশাক ছিল ভারতীয় ঐতিহ্যের সঙ্গে বেমানান। তা ছাড়া, ওই নারীর পোশাক-আশাক অন্যদের চেয়ে ব্যতিক্রমী হওয়ায় ক্যামেরার দৃষ্টি কেড়ে নিয়েছিলেন তিনি।ভারতীয় দলের শেফ দ্য মিশন পি কে এম রাজা বলেছিলেন, ‘অলিম্পিক ভিলেজ থেকে দুই কিলোমিটার হেঁটে আসি আমরা। বিভিন্ন পয়েন্টে নিরাপত্তাতল্লাশির মুখোমুখি হতে হয় আমাদের। স্টেডিয়ামে ঢোকার সময় কেউ একজন এসে বলে যে সে আমাদের সামনে থাকতে চায়। আমরা ভেবেছিলাম, সে আয়োজক কমিটির কেউ। যখন আমরা হাঁটতে থাকি, ওই নারী হঠাত্ করে আমাদের পতাকাবাহক সুশীল কুমারের পাশ দিয়ে হাঁটতে শুরু করে। সে সবার দৃষ্টি কেড়ে নেয়। সে যেভাবে আমাদের দলের ভেতর ঢুকল, আর হাঁটল, তাতে আমরা বিস্মিত। কারণ, মার্চপাস্ট শুধুই অ্যাথলেট এবং দলের সঙ্গে থাকা কর্মকর্তাদের জন্য। এটা লজ্জাজনক যে, সে আমাদের সঙ্গে হেঁটেছে।’খাটো চুলের তরুণীটি দেখতে ভারতীয় কিংবা ভারতীয় বংশোদ্ভূত। ওই তরুণী ভারতীয় কি না, এ প্রশ্নে রাজা বলেছিলেন, ‘সে এশীয় হতে পারে, লাতিন আমেরিকান হতে পারে, আমি জানি না।’ রাজা আরও বলেন, ‘আয়োজক কমিটিকে এ ঘটনায় ক্ষমা চাইতে বলব আমরা। ওই নারী গোটা বিশ্বের কাছে আমাদের মাথা নত করে দিয়েছে। ভারতীয় দলকে মাত্র ১০ সেকেন্ড দেখানো হয়েছে। আমার মনে হয়, গোটা সময় কেড়ে নিয়েছে ওই নারী।’ সৃষ্ট বিতর্কের জন্য ক্ষমা চেয়ে নাগেন্দ্র বলেন, ‘ও আমাদের দলের অনুভূতিতে আঘাত দিয়ে থাকতে পারে। এ জন্য আমি ক্ষমা চাইছি। লন্ডন থেকে শনিবার দেশে ফিরে এসেছি আমি। কয়েক দিনের মধ্যে মাধুরাও বেঙ্গালুরুতে ফিরবে।’নাগেন্দ্র জানান, তাঁর তিন মেয়ের মধ্যে মাধুরা দ্বিতীয়। ২০০৯ সালে বেঙ্গালুরুর ক্রাইস্ট ইউনিভার্সিটি থেকে যোগাযোগ বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন তিনি। সূত্র: ওয়েবসাইট।