পরিণত বেনজেমায় ফরাসি আশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করিম বেনজেমা
করিম বেনজেমা

মাস ছয়েক আগেও যিনি ছিলেন মাথাব্যথার কারণ, তাঁকে নিয়েই এখন আশায় বসতি৷ ফ্রাঙ্ক রিবেরির মতো বড় ভরসার একটি জায়গা তো আছেই৷ তবে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম দারুণ কিছুর জন্য আশা ভরে তাকিয়ে আছেন করিম বেনজেমার দিকে৷
সেই বেনজেমা, খুব বেশি দিন হয়নি একটি গোলের জন্য যাঁর ছিল চাতক তৃষ্ণা৷ একজন স্ট্রাইকার একটি গোল করে আলোড়ন ফেলে দিয়েছেন, ভাবতে পারেন? স্ট্রাইকারের কাজই তো গোল করা! কিন্তু গত অক্টোবরে অস্ট্রেলিয়ার বিপক্ষে গোল করেই তুমুল আলোচিত বেনজেমা। গোলটি যে ছিল ১২২২ মিনিটের গোল-খরার পর! শুধু এক ফোঁটা বৃষ্টিতেই দীর্ঘ সেই খরা কাটেনি৷ ছোটখাটো বর্ষণও বইয়ে দিয়েছেন বেনজেমা৷ পরের ম্যাচেই বিশ্বকাপ বাছাইপর্বে গোল করেছেন ফিনল্যান্ডের বিপক্ষে৷ এরপর ইউক্রেনের বিপক্ষে প্লে-অফের দ্বিতীয় লেগে মান বাঁচানো সেই ৩-০ গোলের জয়েও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন গোল করে৷ সর্বশেষ গত মার্চে বিশ্বকাপ রানার্সআপ হল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে ফ্রান্সের ২-০ গোলে জয়েও খুঁজে েপয়েছেন গোলের ঠিকানা৷ সর্বশেষ পাঁচ ম্যাচের চারটিতেই বল পাঠিয়েছেন জালে৷ এই েমৗসুমে দুর্দান্ত ফর্মে আছেন রিয়াল মাদ্রিদের হয়েও৷ সব মিলিয়ে হয়ে উঠেছেন দেশমের আক্রমণ পরিকল্পনার গুরুত্বপূর্ণ সেনানী৷
ফ্রান্সের বহু আশা-জাগানিয়া ‘প্রজন্ম ৮৭’-এর শুধু বেনজেমাতেই এখনো আস্থা আছে দেশমের৷ ২০০৪ সালে ইউরো অনূর্ধ্ব-১৭ জয়ী সেই দলে বেনজেমার সতীর্থ সামির নাসরি, হাতেম বিন আরফা, জেরেমি মেনেজরা দলে নেই নানা কারণে৷ বেনজেমা কোচের মন জয় করে নিয়েছেন গত কিছুদিনের ফর্মে৷ হল্যান্ডের বিপক্ষে সেই গোলটির পর ফ্রান্স কোচ বেনজেমাকে নিয়ে বলেছিলেন, ‘সে যখন এভাবে পারফর্ম করে, এর চেয়ে ভালো কিছু আর হয় না৷ আশা করি, এই ফর্ম সে ধরে রাখতে পারবে৷ ওর মুখের দিকে তাকালেই ঔজ্জ্বল্যটা চোখে পড়বে৷ টগবগ করে ফুটছে ও, কারণ নিজের সামর্থ্যে ওর এখন অনেক আস্থা৷’
১৯৮৭ সালে লিঁওতে এক আলজেরিয়ান অভিবাসী দম্পতির ঘরে জন্ম করিম মোস্তফা বেনজেমার৷ ঘরের শহরের হয়েই সিনিয়র ফুটবলে অভিষেক মাত্র ১৭ বছর বয়সে৷ তাঁকে নিয়ে সেদিন ড্রেসিংরুমে ঠাট্টা করছিলেন সিনিয়র সতীর্থরা৷ সদ্য কৈশোর পেরোনো বেনজেমা দাঁড়িয়ে দৃঢ়কণ্ঠে বলেছিলেন, ‘এত বেশি হেসো না, আমি এসেছি তোমাদের জায়গা নিতেই৷’ নিজের কথাকে প্রমাণ করতে খুব বেশি সময়ও নেননি৷ ২০০৭-০৮ মৌসুমে লিঁওকে জেতালেন ফ্রেঞ্চ লিগ ও কাপের ডাবল৷ শুধু লিগেই বেনজেমার গোল ছিল ২০িট! জিনেিদন জিদানের প্রত্যয়নের পর ২০০৯ সালে ৩৫ মিলিয়ন ইউরোতে তরুণ এই স্ট্রাইকারকে দলে টানে রিয়াল৷ মাদ্রিদে মানিয়ে নিতে সময় লেগেছে বেশ, শুরুর দিকে ভীষণ কঠিন ছিল সময়৷ ২০১০ কোপা ডেল রেতে নিচু সারির দল মুর্সিয়ার সঙ্গে নিষ্প্রাণ পারফরম্যান্সের পর স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা শিরোনাম লিখেছিল, ‘বেনজেমা ইজ ডেড৷’ দাঁতে দাঁত চেপে লড়ে গেছেন সময়ের সঙ্গে৷ নিজেকে অনেকটাই ফিরে পান হোসে মরিনহোর কোচিংয়ে৷ ২০১১-১২ মৌসুমে রিয়ালের লা লিগা শিরোপা জয়ে করেছিলেন ২১ গোল৷ চলতি মৌসুমে আরও ধারাবাহিক৷ ক্লাব ও দেশের হয়ে এখন পর্যন্ত গোল করেছেন ৩০টি৷ এএফপি৷
তরুণ প্রতিভা হিসেবে ২০০৮ ইউরোতে গিয়ে আলো ছড়াতে পারেননি৷ জায়গাই হয়নি গত বিশ্বকাপ দলে৷ এবার তিনি ফরাসিদের স্বপ্নের অন্যতম কান্ডারি৷ এ মৌসুমের দুর্দান্ত ফর্মের কৃতিত্ব বেনজামা অনেকটাই দিয়েছেন স্বদেশি কিংবদন্তি ও রিয়ালের সহকারী কোচ জিনেদিন জিদানকে৷ বিশ্বকাপেও ‘জিজু’র মতো কোনো জাদু কি পারবেন দেখাতে?