পরিতৃপ্ত নাদাল, বিনয়ী নাদাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন। তার পর হাঁটুতে গুরুতর ইনজুরি, প্রিয় ফ্রেঞ্চ ওপেন থেকে চতুর্থ রাউন্ডে বিদায়, মা-বাবার ছাড়াছাড়ি, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়েও উইম্বলডন থেকে নাম প্রত্যাহার—সব মিলিয়ে বছরটা ভালো কাটেনি রাফায়েল নাদালের। আবার টেনিস কোর্টে ফিরতে পারবেন কি না, ছিল এমন সংশয়ও। সব অনিশ্চয়তা দূর করে নাদাল ফিরলেন নাদালের মতোই।পরশু জিতে নিয়েছেন ফ্রেঞ্চ ওপেন। ফাইনালে তাঁর কাছে হেরেছেন রবিন সোদারলিং। এই জয়ে র‌্যাঙ্কিংয়ে আবার শীর্ষে এলেন নাদাল। আর ফ্রেঞ্চ ওপেনের শিরোপাটা উদ্ধার হলো এক বছর পর।ক্লে-কোর্টে নাদাল সবার চেয়ে আলাদা। দুর্ধর্ষ খেলেন। মন্টে কার্লো, রোম ও মাদ্রিদ ওপেন জিতেছেন মাটির কোর্টেই। এই কোর্টে ২২ ম্যাচে ২২টিতেই জয়, যা রেকর্ড। ফ্রেঞ্চ ওপেন জিতে কেঁদেই ফেললেন নাদাল, ‘আমি কেঁদেছি, ওটা ছিল আবেগময় মুহূর্ত। আমার ওপর চাপ ছিল অনেক। দুশ্চিন্তা ঘিরে ধরেছিল আমাকে। গত বছর কঠিনই ছিল আমার জন্য। ফিরে আসতে পেরে আমি খুশি।’১১ মাস শিরোপা-খরায় ছিলেন। নাদাল বলছেন সেসব দিনের কথা, ‘এত দিন আমি ভেবেছি, কীভাবে ১১ মাস শিরোপা ছাড়া ছিলাম।’ বলছেন, ‘এই শিরোপাটা আমার জন্য খুব জরুরি ছিল। আমার লক্ষ্যই ছিল আবারও সেরা ফর্মে ফেরা। ফ্রেঞ্চ ওপেন জেতা এবং এক নম্বরে ওঠা আমার জন্য সবচেয়ে বড় তৃপ্তির।’সাতটি গ্র্যান্ড স্লাম জিতেছেন নাদাল, যার মধ্যে পাঁচটিই ফ্রেঞ্চ ওপেন। ফ্রেঞ্চ ওপেন জয়ের দিক থেকে নাদাল এখন নিঃশ্বাস ফেলছেন বিয়ন বোর্গের ঘাড়ে। বোর্গ ফ্রেঞ্চ ওপেন জিতেছেন ৬টি। নাদাল বলছেন, ‘আমি যখন এসব শিরোপা দেখি, অবাক লাগে। জানি না কীভাবে এটা হলো, ইতিহাসের সেরা আমি, এটা বলব না। আমি শুধু প্রতিদিন আমার সেরাটা খেলার চেষ্টা করি।’ তাহলে কে সেরা? নাদালের উত্তর, ‘আমি যদি সেরা হই তাহলে সেটা অন্যরা বলবে, আমি নই।’ এএফপি।