পরিবর্তন আনবেন দেল বস্ক
হল্যান্ডের কাছে পরাজেয় নড়ে গেছে স্পেন সাম্রাজ্যের ভিত। টানা ইউরো-বিশ্বকাপ-ইউরো জেতা বিশ্বসেরা দলটিকে যেন স্বর্গ থেকে মর্ত্যে নামিয়ে এনেছেন রোবেন-ফন পার্সিরা।
হল্যান্ডের বিপক্ষে দেল বস্কের শিষ্যদের খুঁজে পাওয়া গেল কই? এক পেনাল্টি আদায় করে নেওয়া ছাড়া বাকি পুরোটা সময় কস্তা ছিলেন নিষ্প্রভ। যেন জোর করে নামিয়ে দেওয়া হয়েছে এক আনফিট খেলোয়াড়কে। সিলভা তো পুরো ম্যাচে ভুলের সিনেমাই দেখিয়ে ছাড়লেন। জাভি যেন বয়সের ভারে ন্যুব্জ হয়ে পড়া বিস্মৃতপ্রায় এক জাদুকর। ফ্যাব্রিগাসকে নামানো হলো যখন, ততক্ষণে সব পুড়ে শেষ। ডেভিড ভিয়াকে খুঁজে ফিরল সমর্থকেরা। তোরেস তো গোল করাই ভুলে গেছেন। গ্লাভসজোড়া
প্রতারণা করল ক্যাসিয়াসের সঙ্গে। ‘সন্ত’ হজম করলেন অমার্জনীয় দুটি গোল। স্পেনের রক্ষণভাগ যেন শুধু পিকে-রামোসের সংসার। বাকি কাউকে তো ম্যাচজুড়েই খুঁজে পাওয়া গেল না।
৬৩ বছর বয়সী স্পেন কোচ দেল বস্ক তবু পৃথিবীর সবচেয়ে আশাবাদী মানুষ। সন্তানতুল্য শিষ্যদের আড়াল করছেন সমালোচনার তির থেকে। তবে পরাজয়ের ধাক্কা কাটিয়ে উঠতে না পারলে দ্বিতীয় রাউন্ডে যাওয়াটা যে মুশকিল হবে, তা ভালো করেই জানেন দেল বস্ক, ‘হারটা খুব পীড়াদায়ক ছিল। তবে ধীরে ধীরে আমরা এই হারটা মেনে নিয়েছি।’ চিলির বিপক্ষে আগামী ম্যাচে একাদশে যে কিছু পরিবর্তন আনছেন, তা-ও নিশ্চিত করেছেন, ‘অবশ্যই দলে কিছু পরিবর্তন আসছে। তবে আমি তাড়াহুড়ো করব না। বুধবার পর্যন্ত সময় আছে এবং সম্ভাব্য সেরা একাদশটাই বেছে নেব।’
ক্রুইফদের মস্তিষ্কপ্রসূত ‘টিকি-টাকা’কে ‘সেকেলে’ বলার লোকের অভাব হচ্ছে না। অবশ্য এটা ভেবেই সান্ত্বনা পেতে পারে স্পেন সমর্থকেরা। গত বিশ্বকাপেও প্রথম ম্যাচে হেরে শিরোপা জিতেছিল স্পেন৷ রয়টার্স।