পরিবর্তনের আভাস দিয়ে মাহমুদ বললেন ধৈর্য ধরতে

টিম ডিরেক্টর হিসেবে খালেদ মাহমুদকে নিয়োগ দিয়েছে বিসিবিফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতার পর দল নিয়ে নতুন করে ভাবছে বিসিবি। গত কয়েক দিনে বিসিবি প্রধান নাজমুল হাসান এ নিয়ে দফায় দফায় বৈঠক করেন। নির্বাচক, বোর্ড পরিচালক এমনকি ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ও সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার সঙ্গেও বসেন পরামর্শের জন্য। এরপর পরিবর্তনের পথেই হাঁটতে যাচ্ছে বিসিবি।

প্রথম পরিবর্তনটা এসেছে টিম ডিরেক্টর পদে খালেদ মাহমুদের সংযুক্তির মাধ্যমে। জাতীয় দলের সব ক্ষমতা এখন মাহমুদের হাতে। আপাতত পাকিস্তান সিরিজের জন্য দায়িত্ব দেওয়া হলেও মাহমুদকে দীর্ঘ মেয়াদে রেখে দেওয়ার পরিকল্পনা ক্রিকেট বোর্ডের। জাতীয় দলের সাবেক সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনকেও দলের সঙ্গে সম্পৃক্ত করার কথা ভাবছে বিসিবি।

আজ দুজনকেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে ক্রিকেটারদের অনুশীলনে দেখা গেছে। নাজমুল হোসেন, পারভেজ হোসেন, ইয়াসির আলী, সাইফ হাসান, তৌহিদ হৃদয়, কামরুল ইসলাম ও তানভীর ইসলামদের জাতীয় লিগের দল থেকে ডেকে এনে অনুশীলন করানো হয়।

জাতীয় দলের সাবেক সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনকেও (ডানে) দলের সঙ্গে সম্পৃক্ত করার কথা ভাবছে বিসিবি
ফাইল ছবি

অনুশীলন শেষে মাহমুদ সাংবাদিকদের বলেন, ‘নির্বাচকেরা নতুন ক্রিকেটারদের দেখতে চেয়েছেন। সামনে যেহেতু পাকিস্তানের সঙ্গে খেলা। কোচরাও কেউ নেই তাই কাজ করার ব্যাপারটা ছিল ওদের সঙ্গে। যেহেতু টি-টোয়েন্টি খেলা, সেভাবেই খেলতে হবে। সেভাবেই অনুশীলন করানোর চেষ্টা করছি।’

অনুশীলনে সালাউদ্দিনের উপস্থিতি নিয়ে মাহমুদ বলেন, ‘চেষ্টা করছি। যদিও সালাউদ্দিন আসবে কি না, এটা তাঁর ব্যাপার। আমরা বাংলাদেশ দলের অংশ হিসেবে তাঁকে চাই।’
দলের মধ্যে আরও পরিবর্তনের আভাস দিয়েছেন মাহমুদ, তবে সেটি এখনই নয়। এ মাসেই বাংলাদেশ দল পাকিস্তানের বিপক্ষে খেলবে। পাকিস্তান সিরিজ শেষে নিউজিল্যান্ড সফরে যাবে। তাই দল নির্বাচনের ক্ষেত্রে বড় কোনো পরিবর্তন হবে না। যদি বড় কোনো পরিবর্তন আসেও, সেটা আসবে আগামী জানুয়ারিতে।

মাহমুদ সবাইকে এ ব্যাপারে একটু ধৈর্য ধরতে বলেন, ‘তাড়াহুড়ো করলে কিছু হবে না। একটু ধৈর্য ধরতে হবে। যাঁরা এখানে অনুশীলন করছে, আমি মনে করি, তাঁদের সবারই সামর্থ্য আছে, বাইরে আরও কয়েকজন আছে। সেটি নিয়ে আস্তে আস্তে হয়তো এগোবে। হয়তো জানুয়ারিতে একটা পরিবর্তন আসতে পারে। এ সিরিজটা (পাকিস্তান) যেহেতু খুব কাছে, তাই বড় কোনো পরিবর্তন হবে না, তবে পরিবর্তন হবে।’

পাকিস্তান সিরিজ শেষে নিউজিল্যান্ড সফরে যাবে
ছবি: আইসিসি টুইটার

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে চোটের কারণে সাকিব আল হাসানকে পাচ্ছে না বাংলাদেশ দল। চোটের কারণে মোহাম্মদ সাইফউদ্দিনও খেলছেন না। এই দুজনের জায়গায় নতুন নাম প্রত্যাশা করাই যায়। ওয়ানডে ও টেস্ট দল অনেকটা স্থিতিশীল থাকায় পরিবর্তন যা আসার আসবে টি-টোয়েন্টিতেই। মাহমুদ বলেন, ‘টি-টোয়েন্টিতে আমরা কিছু নতুনদের সুযোগ দিতে পারি। কারণ, ওয়ানডেতে আমাদের দলটা স্থিতিশীল, টেস্টেও একটা ভালো দল আছে। তরুণ ছেলেদের এখানেই সুযোগ দেওয়ার একটা পরিকল্পনা রয়েছে। যেহেতু আমরা এ সংস্করণে ভালো খেলছি না। আমি বলছি না যে এই ছেলেরা খেললেই বাংলাদেশ জিতবে। কিন্তু ছেলেদের তৈরি করাটা বড় ব্যাপার। পর্যায়ক্রমে করতে হবে, ধীরে ধীরে। এটি সময়সাপেক্ষ ব্যাপার।’