পরিবর্তনের ডাক দিলেন আশরাফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৮ সালের অক্টোবর থেকে এই অক্টোবর। মাঝখানে তিন বছর আর বেশ কিছু বিতর্ক, সমালোচনা। অবশেষে বিতর্ক-সমালোচনার কণ্টক সিংহাসনটি ছেড়ে দিলেন ইজাজ বাট। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নতুন প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন জাকা আশরাফ। ক্রিকেটের সঙ্গে তাঁর সংশ্লিষ্টতা আগে তেমনভাবে কোনো দিনই ছিল না। নিজে ক্রিকেটও খেলেননি। তবে একটি রাষ্ট্রীয় ব্যাংকের প্রধানের দায়িত্ব পালন করার অভিজ্ঞতাসম্পন্ন আশরাফের সুনাম আছে ভালো প্রশাসক হিসেবে।এই প্রশাসনিক দক্ষতার কারণেই পিসিবি চেয়ারম্যান করা হয়েছে তাঁকে। যদিও শোনা যাচ্ছে, দায়িত্ব নিতে আশরাফ তেমন উৎসাহী ছিলেন না। পাকিস্তানের প্রেসিডেন্ট এবং পিসিবির প্রধান পৃষ্ঠপোষক আসিফ আলী জারদারি অনেকটা জোর করেই রাজি করিয়েছেন তাঁর কলেজ জীবনের বন্ধুকে। ক্ষমতাসীন পাকিস্তান পিপলস পার্টির নির্বাহী কমিটিরও সদস্য আশরাফ।পূর্বসূরির তিন বছর সময়টায় পাকিস্তানের ক্রিকেটে অনেক টালমাটাল সময় গেছে। দায়িত্ব নিয়েই তাই নিজের প্রথম কাজ হিসেবে পাকিস্তান ক্রিকেটের ভাবমূর্তি পুনরুদ্ধারের সংকল্প জানালেন ৫৯ বছর বয়সী আশরাফ, ‘প্রেসিডেন্ট জারদারি আমার ওপর যে আস্থা দেখিয়েছেন, সেটার প্রতিদান আমি দিতে চাই রাত-দিন পরিশ্রম করে। আমার প্রধান কাজ হবে পাকিস্তানের ক্রিকেটের ভাবমূর্তি ফিরিয়ে আনা। বাজিকর আর জুয়াড়িদের উৎখাত করা।’ভারত-পাকিস্তান দুই বৈরী দেশের মধ্যে ক্রিকেটই হতে পারে মৈত্রীর সেতুবন্ধ। এমন মন্তব্য করে আশরাফ দুই দেশের ক্রিকেট-সম্পর্ক পুনরুদ্ধারের চেষ্টা চালানোর প্রতিশ্রুতিও দিয়েছেন। এএফপি।