পরিবর্তনের দাবি পাকিস্তানে
জিম্বাবুয়ের কাছে হারে বাংলাদেশের ক্রিকেটই ঢেউ ওঠে। ব্যর্থতা না মানতে পেরে পদত্যাগ করে বসেন অধিনায়ক। ‘গেল, গেল’ রব ওঠে সারা দেশে। হারারেতে হারের পর তাহলে পাকিস্তানে কী হচ্ছে, সহজেই অনুমেয়। মুণ্ডুপাত চলছে অধিনায়ক ও কোচের, দাবি উঠেছে পরিবর্তনের। পাকিস্তানি ক্রিকেটের খোলনলচে পাল্টে দেওয়ার দাবিও করছেন কেউ কেউ। ক্রিকেট অঙ্গনের মানুষেরা তো বটেই, পরিবর্তন চাইছেন সাধারণ ভক্তরাও। টেস্ট র্যাঙ্কিংয়ের চারে থাকা দলের র্যাঙ্কিংবিহীন একটি দলের কাছে হার—এই দাবি না ওঠাটাই তো হতো বিস্ময়কর।
সাবেক অধিনায়ক রমিজ রাজার মনে হচ্ছে পাকিস্তানের ক্রিকেটে নতুন আর কিছুই দেওয়ার নেই ‘অধিনায়ক’ মিসবাহ-উল-হকের। তাই তাঁর দাবি নতুন অধিনায়ক, ‘পরিস্থিতি বদলাতে ও দলকে সুস্থিত অবস্থায় আনতে মিসবাহর অবদান আছে। কিন্তু মনে হচ্ছে সে চিন্তাক্ষমতা হারিয়ে ফেলেছে। তাই নতুন চিন্তাভাবনা করতে পারে এমন কাউকেই আমাদের প্রয়োজন।’ জিম্বাবুয়ের সঙ্গেই এই হার। রাজা ভেবে উঠতে পারছেন না এই দল আগামী মাসে আরব আমিরাতে কী করবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, ‘আমি মনে করি, মিসবাহর সময় শেষ হয়ে গেছে। এই চিন্তাভাবনা নিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আমরা দাঁড়াতেই পারব না।’ সাবেক লেগ স্পিনার মুশতাক আহমেদও ভাবছেন ভয়ংকর সময়ই অপেক্ষা করছে দক্ষিণ আফ্রিকা সিরিজে।
সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার মনে করেন এখনই সময় কোচ ডেভ হোয়াটমোরকে সরিয়ে প্রাণোচ্ছল নতুন কোচ আনার। পাকিস্তানের ব্যাটিং নিয়েই বেশি চিন্তিত শোয়েব, ‘পাকিস্তানকে ব্যাটিং দুর্দশা নিয়ে কথা বলতেই হবে কারণ ব্যাটিংটাই আমাদের ডুবিয়েছে। অবস্থাটা খুবই খারাপ।’
দলের বাজে পারফরম্যান্সের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পরিচালকদেরও দায়ী করেছেন শোয়েব, ‘মিসবাহ ইতিহাসের সবচেয়ে বাজে পাকিস্তান দলকে নেতৃত্ব দিচ্ছে। আমাদের ভালো বোলার নেই, নেই ভালো ব্যাটসম্যান। মিসবাহর প্রতি শ্রদ্ধা রেখেই বলছি বিশ্বমানের কোনো ব্যাটসম্যান না হয়েও সে-ই এই দলের সেরা ব্যাটসম্যান।’
আরেক সাবেক অধিনায়ক আমির সোহেল মনে করছেন পাকিস্তানের ক্রিকেট-কাঠামোরই সংস্কার হওয়া উচিত, ‘ঘরোয়া ক্রিকেটের মান বাড়াতে হবে। কারণ এটা আর উঁচু মানের ক্রিকেটার সৃষ্টি করতে পারছে না। আর ঠিক এ কারণেই আমরা আন্তর্জাতিক ক্রিকেটে খাবি খাচ্ছি।’ এএফপি।