পরিবর্তনের পক্ষে ক্যাপ্টেনও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাজিলের মানুষ তাঁকে ডাকে ‘ক্যাপ্টেন’। ফিফার এই দুর্দিনে সেই ক্যাপ্টেন কি চুপ করে থাকতে পারেন? মুখ খুললেন ১৯৭০ বিশ্বকাপজয়ী অধিনায়ক কার্লোস আলবার্তো তোরেস। তাঁর বক্তব্য, ফিফাকে পরিচালনার ভার দিতে হবে সাবেক ফুটবলারদেরই। একমাত্র ফুটবলারদের পক্ষেই সম্ভব সফলভাবে ফুটবলের অভিভাবক সংস্থাকে চালানোর। উদাহরণ হিসেবে দুজনের নামও বলেছেন—মিশেল প্লাতিনি ও ফ্রাঞ্জ বেকেনবাওয়ার।‘ব্যাপক পরিবর্তন আনতে হবে। কাজের ভার নেওয়ার মতো অনেকেই আছে। প্লাতিনি উয়েফার (ইউরোপীয় ফুটবলের অভিভাবক সংস্থা) প্রধান হিসেবে দুর্দান্ত করছে। চ্যাম্পিয়নস লিগের সাফল্যেই সেটা বোঝা যায়। বেকেনবাওয়ারও আছে, ২০০৬ জার্মানি বিশ্বকাপ যে সফলভাবে আয়োজন করেছিল’—বলেছেন তোরেস।কোচ হিসেবেও দায়িত্ব পালন করা এই ৬৬ বছর বয়সীর কানে বহু দিন ধরেই ফিফা নিয়ে নানা রকম নেতিবাচক খবর গিয়েছে। রয়টার্সকে দেওয়া টেলিফোন সাক্ষাৎকারে তোরেস বলছেন, সময় এসেছে পরিবর্তনের, ‘নেতৃত্বে নতুন মানুষদের আসা দরকার। একই মানুষ দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকলে একটা দুষ্টচক্র তৈরি হয়। শুধু ফুটবল নয়, নতুন পরিবর্তন সবক্ষেত্রেই ইতিবাচক। পুরো ক্ষমতা একজনের হাতে থাকলে জটিলতা তৈরি হয়, যেখান থেকে মানুষের মনে ধারণা জন্মে, দুর্নীতি হচ্ছে। সততা, স্বচ্ছতা খুবই জরুরি। কিন্তু এর বদলে তৈরি হচ্ছে সন্দেহ, যেটা ফুটবলের জন্য মোটেও ভালো নয়।’সেপ ব্ল্যাটার কি শুনছেন? রয়টার্স।