পরিবর্তিত ও পরিণত যুবরাজ
মুম্বাইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে দর্শক বেশি ছিল না। কিন্তু ভারতীয় ‘এ’ দলের বিপক্ষে ইংল্যান্ডের প্রস্তুতি ম্যাচটি দেখতে যারা এসেছিল, তাদের সবার দৃষ্টি ছিল যুবরাজ সিংয়ের দিকে। যুবরাজ যখন জেমস অ্যান্ডারসনকে আউট করে প্রথম শ্রেণীর ক্রিকেটে প্রথমবারের মতো বল হাতে পাঁচ উইকেট দখল করলেন, তখন ব্র্যাবোর্ন স্টেডিয়ামের ওই অল্পসংখ্যক দর্শকই বিপুল হর্ষধ্বনি দিয়ে তাঁকে অভিনন্দিত করল। কিন্তু যুবরাজ যেন তা দেখেও দেখলেন না। ইংল্যান্ডের ইনিংস শেষ হয়ে যাওয়ায় আম্পায়ারের কাছ থেকে টুপিটা নিয়ে তিনি রওনা দিলেন ড্রেসিংরুমের দিকে। ড্রেসিংরুমের পথে তাঁর জন্য অপেক্ষা করছিল অভিনন্দন। খুবই ধীরস্থিরভাবে যুবরাজ কেবল সেটুকুই গ্রহণ করলেন।যুবরাজ এখন সম্পূর্ণ পরিবর্তিত এক খেলোয়াড়ের নাম। আচার-আচরণে তাঁর এই পরিবর্তন ক্যানসারের সঙ্গে লড়ে জেতার পর থেকে। তিনি এখন অনেক বেশি স্থিতধী; অনেক বেশি পরিণত। অনেকটা দৃঢ়প্রতিজ্ঞও। জীবনের প্রান্তসীমা অসময়ে দেখে ফেলার যে অনুভূতি, সেখান থেকে যুবরাজ ঝেড়ে ফেলেছেন তাঁর অতীতের অনেক কিছুই। তিনি এখন আর শোম্যান নন; নিখাঁদ এক ক্রিকেটার, যিনি ক্রিকেট খেলে জীবিকা নির্বাহ করেন। জীবনের তরে ক্রিকেটটা যেন তাঁর গুরুত্বপূর্ণ প্রয়োজনের নাম।ভারতীয় ‘এ’ দলের কোচ লালচাঁদ রাজপুতও একমত, যুবরাজ এখন অনেক বেশি পরিবর্তিত চরিত্রের নাম। ক্যানসার পরবর্তী যুবরাজকে খুব কাছ থেকে দেখার অভিজ্ঞতা থেকে তিনি বলেছেন, ‘যুবরাজ এখন ক্রিকেট ছাড়া আর কিছু ভাবে না। তাঁর সব মনোযোগ এখন ক্রিকেটে। সত্যিই, ক্যানসারের সঙ্গে লড়াই করে জেতার পর যুবরাজ এখন অনেক বেশি পরিবর্তিত।’ইংল্যান্ডের বিপক্ষে এই প্রস্তুতি ম্যাচে ফিল্ডিংয়ের সময় যুবরাজের স্থান ছিল স্লিপে। এটা ঠিক যে, তিনি অসুস্থতার পর হয়তো এখনো আগের মতো ফিটনেস ফিরিয়ে আনতে পারেননি। ব্যাট হাতে তাঁর দারুণ একটা ফিফটির পরও ফিল্ডিংয়ের সময় তাঁর ফিটনেসের ঘাটতি একটা প্রশ্ন রেখেই যাচ্ছে। ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি কিছুদিন আগে যুবরাজের দলে ফেরার ব্যাপারে ফিটনেসের প্রসঙ্গ টেনে এনেছিলেন। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে এই প্রস্তুতি ম্যাচটি ধোনির তোলা প্রশ্নের কতটা সুদত্তর, সেটা অবশ্য নিশ্চিত নন কেউই। তবে এই ম্যাচে ২৬.৫ ওভার বল করাটা তাঁর আশি শতাংশ ফিটনেসকেই নির্দেশ করছে। অসুস্থতার পর তাঁর প্রথম খেলা প্রথম শ্রেণীর ম্যাচে তিনি বল করেছিলেন মাত্র চার ওভার। এদিক দিয়ে তো এই ম্যাচ তাঁর ফিটনেসের দারুণ এক অগ্রগতিই। সবচেয়ে বড় কথা, তিনি এই ম্যাচে কেবল বল করেই ক্ষান্ত হননি, একে একে তুলে নিয়েছেন পাঁচটি ইংলিশ উইকেট। মরণব্যাধি ক্যানসারের সঙ্গে লড়াই করে জিতে মাঠে ফেরার পর একজন ক্রিকেটারের কাছ থেকে এর চেয়ে বেশি আর কী আশা করা যায়!ধোনি যুবরাজের ফিটনেস প্রসঙ্গটা মুখে না আনলেও পারতেন ! হিন্দুস্তান টাইমস।