পরিবহণ খাতে চাঁদা আদায়কে সমর্থন করি না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবহণ খাতে মালিক ও শ্রমিক সমিতির নামে চাঁদা আদায়কে সমর্থন করেন না যোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি শেখ মুজিবুর রহমান। আজ মঙ্গলবার তিনি প্রথম আলোকে বলেছেন, ‘পরিবহন খাতের চাঁদা আদায়কে বৈধতা দিয়ে মন্ত্রণালয় যে সিদ্ধান্ত নিয়েছে তার সঙ্গে আমি জড়িত নই।’ গতকাল সোমবার যোগাযোগ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে শ্রমিক ও মালিক সমিতির নামে পরিবহন খাত থেকে চাঁদা আদায়ের সিদ্ধান্ত নেওয়া হয়। ওই বৈঠকে যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন, নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নজান সুফিয়ান উপস্থিত ছিলেন। বৈঠকে যোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মুজিবুর রহমানকেও আমন্ত্রণ জানানো হয়। এ বিষয়ে মুজিবুর রহমান বলেন, আমাকে ওই বৈঠকে আমন্ত্রণ জানানো হলেও বৈঠকের আলোচ্য বিষয় সম্পর্কে আমি আগে থেকে কিছু জানতাম না। মন্ত্রী-প্রতিমন্ত্রীরা তাদের বক্তব্যে পরিবহন খাতে চাঁদাবাজির যৌক্তিকতা ব্যাখ্যা করেন। এরপর আমার পালা শুরু হলে আমি জানতে চাইলাম, যে চাঁদা আদায় হবে তার হিসাব কীভাবে সংরক্ষণ করা হবে। সবশেষে আমি জানিয়ে দিয়েছি, ব্যক্তিগতভাবে আমি এ ধরনের চাঁদা আদায় সমর্থণ করি না। এ বিষয়ে কোনো সিদ্ধান্ত জানাতে হলে তার আগে সংসদীয় কমিটিকে বৈঠকে বসতে হবে। সেখানে আরও সদস্য আছেন। বেশির ভাগ সদস্য যে মত দেবেন সেটাই হবে কমিটির সিদ্ধান্ত। তিনি বলেন, আমি তিন মন্ত্রীকে জানিয়েছি, কমিটি সিদ্ধান্ত নেওয়ার পর সেটা আমি আনুষ্ঠানিকভাবে তাদের জানিয়ে দেব।’ মুজিবুর রহমান জানান, আমার বক্তব্যে তিনমন্ত্রী সন্তুষ্ট হতে পারেননি। তারা আমার সঙ্গে কিছুটা অসৌজন্যমূলক আচরণও করেন। অবশ্য এজন্য যোগাযোগমন্ত্রী পরে দুঃখ প্রকাশ করেছেন। মুজিবুর রহমান আরও জানান, সংসদীয় কমিটির আগামী বৈঠকে পরিবহন খাত থেকে চাঁদা আদায়ের বিষয়টি নিয়ে আলোচনা হবে।