পরিবেশবান্ধব স্টেডিয়ামের খোঁজে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 চারদিকে ছোট ছোট পাহাড়। পাহাড়ের ওপর সুনীল আকাশ আর সামনে সমুদ্রের নীল জলরাশি। জায়গাটির নাম দরিয়ানগর। পুরোনো ঝিনুক মার্কেট বা জেলেপাড়ায় পাহাড় নেই। তবে ঝাউবনের ওপারেই বিশাল জলরাশি। ঢেউ এসে চুমো খায় বালুতটে। পরের জায়গাটি গলফ কোর্স। এখান থেকেও সমুদ্র কাছে। তবে আগের দুটি জায়গার মতো নিসর্গ পাবেন না।২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুটি নতুন স্টেডিয়াম করতে চায় বিসিবি। এর একটি হবে কক্সবাজারের এই তিনটি জায়গার কোথাও। অন্যটি সিলেটে। কক্সবাজারে অনুষ্ঠানরত বিচ ক্রিকেটের ফাঁকে কাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সহসভাপতি আহমেদ সাজ্জাদুল আলম ও গাজী আশরাফ হোসেন সাংবাদিকদের ঘুরিয়ে দেখালেন কক্সবাজারে নতুন স্টেডিয়ামের জন্য সম্ভাব্য তিনটি জায়গা। বিসিবি, ক্রীড়া মন্ত্রণালয় ও জাতীয় ক্রীড়া পরিষদের প্রতিনিধি নিয়ে গঠিত তিন সদস্যের কমিটি ভালো-মন্দ বিচার করে এই তিনটির মধ্যে একটি জায়গা নির্দিষ্ট করবে। তিনটিই সরকারের খাসজমি। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভূমি মন্ত্রণালয়ে বিষয়টি দেখার জন্য চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সাজ্জাদুল আলম। ডিসেম্বরের মধ্যে এই প্রক্রিয়াটাও শেষ হয়ে যাওয়ার কথা। সম্ভাব্য নতুন ভেন্যু নিয়ে সাজ্জাদুল আলমের চোখে খেলে যাচ্ছে অনেক স্বপ্ন, ‘আমরা চাইছি, স্টেডিয়ামটি পরিবেশবান্ধব করে গড়ে তুলতে। বাইরে থেকে খুব একটা বিদ্যুৎ যাতে খরচ করতে না হয়, সেজন্য সৌরবিদ্যুতের ব্যবস্থা থাকবে।’মহাযজ্ঞ শুরু হওয়ার আগেই তাঁর চোখ তাই স্বপ্ন দেখে বিদেশি পর্যটকেরা কক্সবাজারে খেলা দেখতে আসবেন, ‘এখানে স্টেডিয়াম হলে আমরা পর্যটনের দিক থেকেও লাভবান হব। বিভিন্ন দেশ থেকে মানুষ খেলা দেখতে আসবে। সৈকত একটা বড় আকর্ষণ।’ আন্তর্জাতিক স্টেডিয়ামের সঙ্গে থাকবে আউটার স্টেডিয়াম। ক্রিকেটাররা যাতে অনুশীলন শিবির করতে পারেন, এ জন্য আধুনিক জিমনেসিয়ামও করা হবে। থাকবে ডরমিটরি। আর এসব পরিকল্পনার উৎসমুখে রয়েছে সাবেক বিসিবি সভাপতি সাবের হোসেন চৌধুরীর বোর্ডের স্বপ্ন। ২০০০ সালে কক্সবাজারে একটি আন্তর্জাতিক ভেন্যু করার পরিকল্পনা ওই বোর্ডই প্রথম নেয়।স্বপ্নপূরণের পথে কিছু সমস্যা তো আছেই। দরিয়ানগরের জায়গাটিই স্টেডিয়ামের জন্য আদর্শ। তবে এই জায়গায় দরিয়ানগর পার্ক নামে একটি প্রকল্প চালু করেছেন মোহাম্মদ মহিউদ্দিন নামের এক ভদ্রলোক। তাঁর ধারণা, সবকিছু গোছগাছ করে দরিয়ানগরে স্টেডিয়াম করতে হলে কমপক্ষে আরও ১০ বছর লাগবে। সমস্যা আছে জেলেপাড়ার জায়গাটি নিয়েও। স্টেডিয়াম করলেও কোনো স্থাপনাই এ জায়গায় ১০ থেকে ১২ ফুটের ওপরে তোলা যাবে না। পাশেই যে বিমানবন্দর!