পরিশ্রমই রোনালদোর মন্ত্র
কাজ, কাজ আর কাজ। ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে একজন ভালো খেলোয়াড় থেকে ‘গ্রেট’ হয়ে ওঠার একমাত্র মন্ত্র এটাই। রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকার কথা, কঠোর পরিশ্রমই ভালো খেলোয়াড় ও গ্রেট খেলোয়াড়ের মধ্যে পার্থক্য গড়ে দেয়। নিজেকে দেখিয়েই রোনালদো বলেছেন, পরিশ্রম করে যাওয়ার নীতিটাই তাঁকে বাকিদের চেয়ে আলাদা করে তুলেছে।
‘আমি সব সময়ই সেরা খেলোয়াড়দের খেলা দেখে একটা বিষয়ই অনুধাবন করতে পেরেছি— পরিশ্রমই ভালো খেলোয়াড় ও তারকা খেলোয়াড়ের মধ্যে পার্থক্য গড়ে দেয়’—বলেছেন রোনালদো।
মাঠে উদ্ধত আচরণের জন্য প্রায়ই সমালোচনা শুনতে হয়। রোনালদোও স্বীকার করেছেন, আগে ভুল প্রায়ই করতেন। তবে রিয়ালের ২৯ বছর বয়সী ফরোয়ার্ডের দাবি, সময়ের সঙ্গে তিনি শুধু ভালো খেলোয়াড়ই হয়ে ওঠেননি, হয়ে উঠেছেন ভালো মানুষও, ‘আমি ভুল করতাম। কিন্তু আমি আমার খেলার প্রতি দায়বদ্ধতার জন্য খুশি। আমি ক্রমেই ভালো ফুটবলার এবং ভালো মানুষ হয়ে উঠছি। আমি সব সময়ই সেরাটা চাই। সব সময়ই সফল হতে চাই, যা কখনোই বদলায় না। আমি আরও ভালো পারফরম্যান্স করার জন্য নিজেকে চাপে রাখি।’
সেই চাপই রোনালদোকে ধারাবাহিকভাবে ভালো খেলে যেতে সাহায্য করছে। পরিয়ে দিচ্ছে একের পর এক সাফল্যের মালা। গত জানুয়ারিতে জিতেছেন ফিফা ব্যালন ডি’অর, ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো। গত বুধবার কোপা ডেল রে ট্রফিতে হাত ছুঁইয়েছেন। চোটের কারণে ফাইনালটা দেখেছেন গ্যালারিতে বসে, তবে তাতেই সতীর্থরা পেয়েছে বার্সা-বধের অনুপ্রেরণা। ম্যাচ শেষে আনন্দ মিছিলে যোগ দিয়ে জানিয়েছেন, জিততে চান আরও অনেক ট্রফি। ক্লাব রিয়ালের হয়েই শুধু নয়, ক্যারিয়ার শেষ করার আগে বড় কিছু জিততে চান পর্তুগালের হয়েও। আজন্ম এই স্বপ্নটা এবার ব্রাজিল বিশ্বকাপেও নিশ্চয়ই দেখছেন রোনালদো। ওয়েবসাইট।