পরিসংখ্যানে শেষ চারের চার দল
এই নিয়ে পঞ্চমবারের মতো চ্যাম্পিয়নস লিগ বা ইউরোপিয়ান কাপের সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ। সর্বশেষ ২০০০ ও ২০০১ সালে টানা দুবার সেমিফাইনালে দেখা হয়েছিল দুই দলের। প্রথমবার রিয়াল জেতে, দ্বিতীয়বার বায়ার্ন। দুই দলই শেষ পর্যন্ত জিতেছিল ট্রফি। ১৯৭৬ ও ১৯৮৭ সালে রিয়াল মাদ্রিদকে সেমিফাইনালেই বিদায় করে দিয়েছিল বায়ার্ন। এর আগে একবারই সেমিফাইনালে দেখা হয়েছিল চেলসি-বার্সেলোনার। ২০০৯ সালে দুই লেগই ড্র হয়েছিল। তবে লন্ডনে গিয়ে ১-১ গোলে ড্র করে আসায় ফাইনালে ওঠা বার্সা শেষ পর্যন্ত ম্যানইউকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। এবারসহ সবচেয়ে বেশি ২৩ বার সেমিফাইনাল খেলার রেকর্ড রিয়াল মাদ্রিদের। ১২ বার ফাইনাল খেলেছে নয়বারের চ্যাম্পিয়নরা। দ্বিতীয় সর্বোচ্চ ১৪ বারের মতো শেষ চারে খেলছে বার্সেলোনা। এর আগে সাতবার ফাইনালে উঠে চারবার চ্যাম্পিয়ন। বায়ার্ন মিউনিখও এ নিয়ে ১৪ বার সেমিফাইনালে উঠল। আগের ১৩ বারের আটবার ফাইনালে উঠে চ্যাম্পিয়ন হয়েছে চারবার। ১০ বার চ্যাম্পিয়নস লিগের মূল পর্বে খেলে ছয়বার শেষ চারে উঠেছে ইংলিশ ক্লাব চেলসি। ফাইনাল খেলেছে অবশ্য মাত্র একবারই (২০০৮)।