পরিসংখ্যানের নিক্তিতে আশরাফুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৮ সেপ্টেম্বর, ২০০১ থেকে ১০ মার্চ, ২০১৩। সময়ের হিসাবে এক যুগ। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে ক্রিকেট-বিশ্ব কাঁপিয়ে অভিষেক হয়েছিল এক কিশোরের। সবচেয়ে কম বয়সে টেস্ট সেঞ্চুরি করে সেদিন ইতিহাস গড়েছিলেন মোহাম্মদ আশরাফুল। আজ সেই আশরাফুলের আরেকটি সেঞ্চুরিতেও চারপাশে বিস্ময়ের ঘোর। আশরাফুল এমন ইনিংস খেলতে পারেন!আশরাফুলের ক্যারিয়ার-ট্র্যাজেডির সবচেয়ে বড় প্রমাণ বুঝি এটাই। এত দিনে আশরাফুলের সেঞ্চুরি হয়ে ওঠার কথা বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে নিয়মিত ঘটনা। বাস্তবে উল্টো। আশরাফুলের সেঞ্চুরি করাটাই যেন বিস্ময়কর! ১২ বছরের টেস্ট ক্যারিয়ারে ৬টি সেঞ্চুরি হলে অবশ্য এমনটাই হওয়ার কথা! আশরাফুল কী করতে পারতেন, কী করা উচিত ছিল, কেন পারেননি, এসব নিয়ে দিস্তার পর দিস্তা কাগজ খরচ হয়েছে, অনেক কথা আর তত্ত্ব শোনা গেছে, তাঁর মনস্তত্ত্ব নিয়ে গবেষণা হয়েছে। সেই ক্লিশে ব্যাপারগুলোয় না গিয়ে বরং পরিসংখ্যানের কাটাছেঁড়ায় আশরাফুলের ক্যারিয়ারটকে একবার দেখা যাক।শুরুতেই একটি চমকপ্রদ পরিসংখ্যান। ধারাবাহিকভাবে অধারাবাহিক—আশরাফুলের বিরুদ্ধে এই হলো সবচেয়ে বড় অভিযোগ। ৫৮ টেস্টে ৬ সেঞ্চুরির পরিসংখ্যান বলে, অভিযোগটা সত্যিই। মজার ব্যাপার হলো, বাংলাদেশ ক্রিকেটে ধারাবাহিক ব্যাটসম্যান খুঁজতে গেলে ‘ঠগ বাছতে গাঁ উজাড়’ হয়ে যেতে পারে। অন্তত টেস্ট সেঞ্চুরিকে যদি বিবেচনায় নেওয়া হয়। টেস্ট সেঞ্চুরিতে আশরাফুলের চেয়ে বেশি ধারাবাহিক বাংলাদেশের টেস্ট ইতিহাসে শুধু তামিম ইকবালই। ২৬ টেস্টে ৪ সেঞ্চুরি, গড়ে প্রতি ৬.৫ টেস্টে একটি করে সেঞ্চুরি করেছেন তামিম। গড়ে ৯.৬৭ টেস্টে একটি করে সেঞ্চুরি আশরাফুলের। এই দুজনের ধারেকাছে আর কেউ নেই! ৫০ টেস্টে মাত্র তিনটি সেঞ্চুরি ছিল হাবিবুল বাশারের (গড়ে ১৬.৭ টেস্টে একটি), গড়ে ১৬.৫ টেস্টে একটি করে সেঞ্চুরি মুশফিকুর রহিমের (৩১ টেস্টে দুটি)। ২৮ টেস্টে দুটি সেঞ্চুরি সাকিব আল হাসানের, গড়ে ১৪ টেস্টে একটি করে। একাধিক সেঞ্চুরি আছে শুধু এই পাঁচজনেরই। ৪০ টেস্ট খেলে মাত্র একটি সেঞ্চুরি ছিল জাভেদ ওমর বেলিমের, ৪৪ টেস্টে একটি খালেদ মাসুদের। ২৪ টেস্টে কোনো সেঞ্চুরিই করতে পারেননি রাজিন সালেহ, ১৭টি খেলে পারেননি হান্নান সরকার। বর্তমান ক্রিকেটারদের একটা খতিয়ানও দেওয়া যাক এই সুযোগে। ২৩ টেস্টে একটি মাত্র সেঞ্চুরি শাহরিয়ার নাফীসের, ১৯ টেস্টে একটি জুনায়েদ সিদ্দিকের, ১৫ টেস্টে একটি মাহমুদউল্লাহর। আর সেই তিন অঙ্কের দেখা এখনো পাননি অলক কাপালি (১৭ টেস্ট), আফতাব আহমেদ (১৬ টেস্ট), ইমরুল কায়েস (১৬ টেস্ট)। বড় দৈর্ঘ্যের উপযোগী ব্যাটসম্যান বলে পরিচিতি পেয়ে যাওয়া রকিবুল হাসান ৯ টেস্টে পঞ্চাশই ছুঁতে পেরেছেন মাত্র একবার (৬৫)! আশরাফুল বলতেই পারেন, ‘অধারাবাহিকের তকমা কেন শুধু আমার গায়ে!’একটা কারণ আছে বটে। বাংলাদেশের একাধিক সেঞ্চুরির মালিকদের মধ্যে ব্যাটিং-গড় তিরিশের নিচে শুধু আশরাফুলেরই। এর মূল কারণ আবার আরেকটি। বড় রান যেমন বেশি, তেমনি ‘ছোট’ রানও সবচেয়ে বেশি যে আশরাফুলেরই! বাংলাদেশের রেকর্ড ১৬ বার শূন্য রানে আউট হয়েছেন তিনিই। এক অঙ্কে (১-৯) আউট হয়েছেন আরও ৩৪ বার। দুই অঙ্ক ছুঁয়েও ফিফটি করতে পারেননি ৪৭ বার, এর মধ্যে আবার ২৫-এর নিচেই আউট ২৮ বার। এই পরিসংখ্যান থেকেই পরিষ্কার, আশরাফুলের গড় কেন মাত্র ২৪.৩৭। ইতিহাস গড়া সেই সেঞ্চুরির পর আরেকটা সেঞ্চুরি করতে লেগেছিল ৪১ ইনিংস। পরের দুটি সেঞ্চুরি ১৩ ইনিংস পর পর, ১৮ ইনিংস পর আরেকটি। পঞ্চম থেকে ষষ্ঠ সেঞ্চুরিতে যেতে লাগল ২০ ইনিংস। শুধু ইনিংসের হিসাবে নয়, অপেক্ষার প্রহর দীর্ঘ হয়েছে ক্যালেন্ডারের পাতাতেও। প্রথমটির পর দ্বিতীয় সেঞ্চুরির অপেক্ষা ছিল সাড়ে তিন বছর। এক বছরে দুটি সেঞ্চুরি করতে পারেননি কখনোই, এই সেঞ্চুরিটি প্রায় সাড়ে চার বছর পর!গলে যে আশরাফুলকে দেখা গেল, আরেকটা সেঞ্চুরির জন্য এতটা অপেক্ষা মনে হয় করতে হবে না!