পরীক্ষা দিয়ে ধর্মশালায় ফিরলেন সানি

চেন্নাইয়ের ঝটিকা সফর শেষ। আজ দুপুর সাড়ে ১২টায় আবার ধর্মশালায় ফিরেছেন আরাফাত সানি। বিমানবন্দর থেকে হোটেল হয়ে দুপুরের পর দলের সঙ্গে চলে গেছেন হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামেও। আজ রাত ৮টায় সেখানেই শুরু হবে ওমানের বিপক্ষে ‘এ’ গ্রুপে বাংলাদেশ দলের শেষ ম্যাচ।
স্পিন কোচ রুয়ান কালপাগের সঙ্গে কাল দুপুরের পর চেন্নাই পৌঁছে রাতেই বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছেন সানি। এ ধরনের পরীক্ষার ফলাফল তাৎক্ষণিক জানার উপায় নেই। আরও অন্তত ৩-৪ দিন অপেক্ষা করতে হবে বলে মুঠোফোনে ধর্মশালা থেকে জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা প্রধান আকরাম খান।
রিপোর্ট আসা পর্যন্ত যেহেতু সানির খেলতে বাধা নেই, দলের প্রয়োজনে তাঁকে আজকের ম্যাচের একাদশেও দেখা যেতে পারে বলে জানিয়েছেন আকরাম, ‘একাদশ ঠিক হয় ম্যাচের আগে উইকেটের অবস্থা বুঝে।
টিম ম্যানেজমেন্ট যদি কন্ডিশন দেখে মনে করে সানিকে দলে দরকার আছে, তাহলে সে অবশ্যই খেলবে।’ বোলিং অ্যাকশন পরীক্ষার চাপ এবং ভ্রমণক্লান্তির কথা মাথায় রেখেই কথাটা বলেছেন ক্রিকেট পরিচালনা প্রধান, ‘ও যেহেতু স্পিনার আশা করি সমস্যা হবে না। সবচেয়ে বড় কথা, দলের প্রয়োজনটা আগে।’