পরীক্ষা দুই দলেরই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টি-টোয়েন্টির অধিনায়ক হয়েই রোমাঞ্চিত। মোহাম্মদ হাফিজ এবার মেঘ না চাইতেই পেয়ে গেলেন জল। ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে মন্থর ওভাররেটের কারণে এক টেস্ট নিষিদ্ধ হয়েছেন অধিনায়ক মিসবাহ-উল-হক। সহ-অধিনায়ক হাফিজের আজ তাই অভিষেক হয়ে যাচ্ছে টেস্ট অধিনায়কত্বেও। দেশের ব্লেজার পরে টস করতে নামা নিশ্চয়ই ‘প্রফেসরের’ ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় মুহূর্ত, তবে দলের দৃষ্টিকোণ থেকে ভাবলে খুব বেশি রোমাঞ্চিত হওয়ার কথা নয় হাফিজের। মিসবাহ শুধু দলকে স্থিতিশীলতা এনে দেওয়া অধিনায়কই তো নন, নির্ভরযোগ্য এক ব্যাটসম্যানও!সপ্তাহ দুয়েক আগে হলেও আজ গলে শুরু টেস্ট সিরিজটায় পরিষ্কার ফেবারিট থাকত পাকিস্তান। গত দুই বছরে অবিশ্বাস্য যাত্রার ধারাবাহিকতায় কদিন আগে তাদের হাতে ধবল-ধোলাইয়ের শিকার হয়েছে র‌্যাঙ্কিংয়ে শীর্ষ দল ইংল্যান্ড। এই শ্রীলঙ্কাকেই তিন সংস্করণের সিরিজেই হারিয়েছে গত নভেম্বরে। কিন্তু হিসাব-নিকাশ পাল্টে দিয়েছে এবারের টি-টোয়েন্টি আর ওয়ানডে সিরিজ। প্রথম ম্যাচে হেরেও পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ ড্র করতে পেরেছে পরের ম্যাচ জিতে। তবে ওয়ানডে সিরিজে হেরেছে ৩-১-এ। এর চেয়েও শঙ্কার ব্যাপার, মিসবাহর পাকিস্তানকে হুট করেই মনে হচ্ছে যেন পুরোনো পাকিস্তান। সেই বাজে ব্যাটিংয়ের মহড়া, হঠাৎ ধস আর হাস্যকর ফিল্ডিং। ওয়াকার-মহসিনের কোচিং আর মিসবাহর অধিনায়কত্বে ধারাবাহিক পাকিস্তানকে চেনা কঠিন হয়ে যাচ্ছে ডেভ হোয়াটমোর যুগের সূচনাতেই। অভিজ্ঞ কোচের জন্য তাই বড় এক চ্যালেঞ্জ এই টেস্ট সিরিজ।বছর দুয়েক ধরে চ্যালেঞ্জের সঙ্গেই নিত্য বসবাস লঙ্কানদের। যেমনটা অনুমেয় ছিল, মুরালিধরন-উত্তর যুগে টেস্ট ক্রিকেটের বিশাল সমুদ্রে হাবুডুবুই খেতে হচ্ছে শ্রীলঙ্কাকে। ২০১০ সালের জুলাইয়ে মুরালিধরনের অবসরের পর ১৯ টেস্টের মাত্র দুটি জিততে পেরেছে শ্রীলঙ্কা। সাত সিরিজের জিততে পারেনি একটিও! তবে মাহেলা জয়াবর্ধনে আবার অধিনায়ক হওয়ার পর যেন ধীরে ধীরে পথে ফিরছে শ্রীলঙ্কা। ওয়ানডে সিরিজ জয়টাই আত্মবিশ্বাস জোগাচ্ছে জয়াবর্ধনেকে, ‘সিরিজটা অবশ্যই বড় এক চ্যালেঞ্জ। তবে ওয়ানডে সিরিজ জয়টা আমাদের মানসিকভাবে এগিয়ে রাখবে। জয় হলো একটা অভ্যাস, আশা করি, ওয়ানডে জয়ের ধারাবাহিকতা টেস্টেও আমরা ধরে রাখতে পারব।’প্রথম টেস্টে না খেলতে পারলেও দলকে শুভকামনা জানিয়েছেন মিসবাহ। যেটি শ্রীলঙ্কার অনুপ্রেরণা, সেই ওয়ানডে সিরিজটাকেই ভুলে যেতে বলেছেন তাঁর সতীর্থদের, ‘ওয়ানডে সিরিজটা ভুলে আমাদের নতুনভাবে শুরু করতে হবে। গত দুই বছরে টেস্টে আমরা ভালো করেছি। সেই অনুপ্রেরণা নিয়েই আমাদের মাঠে নামতে হবে।’ ওয়েবসাইট।