
এই ম্যাচে নিউজিল্যান্ডই ফেবারিট ছিল, কিন্তু দিন শেষে আমরাও জিততে পারতাম। ব্যাটিংয়ে শুরুটা আবারও ভালো হলো না। তার পরও ধারাবাহিক ভালো ব্যাটিংয়ের কারণে ২৮৮ রানের সংগ্রহটা নেহাত মন্দ ছিল না। সৌম্য সরকার এর আগে ছোট পরিসরে রানের চাহিদা মেটালেও পরপর দুটি ম্যাচে প্রাথমিক বিপর্যয় মিটিয়ে ভালো জুটি গড়েছেন। এখন প্রয়োজন তা আরও বড় করার দিকে মনোনিবেশ করা। নবীন খেলোয়াড় হিসেবে এ পর্যন্ত আস্থাশীল ব্যাটিং ও চমৎকার ফিল্ডিং করেছেন।
মাহমুদউল্লাহ, সৌম্য ও সাব্বিরের ধারাবাহিক ব্যাটিংয়ের কারণে মাঠে বাংলাদেশের চেহারাটাই গিয়েছিল পাল্টে। তামিম, ইমরুলের দ্রুত প্যাভিলিয়নে ফেরত আসা বা সাকিবের একাধিক এলোমেলো ব্যাট চালানো দৃশ্যপটের পেছনে চলে গেছে। ম্যাচ হারার পরও মাহমুদউল্লাহর হ্যাটট্রিক সেঞ্চুরি এই বিশ্বকাপে হবে কি না সাধারণ মানুষ তা নিয়ে স্বপ্নের জাল বুনছে। শুনতে ও দেখতে বেশ ভালো লাগছে, মাহমুদউল্লাহ ও নতুন ক্রিকেটারদের সাফল্যের পরিধি বাড়ছে, যা অন্য সবাইকে ভালো করতে অনুপ্রাণিত করবে।
মাশরাফিকে সেরা অবস্থায় কোয়ার্টার ফাইনালে পেতে তাঁকে বিশ্রাম দেওয়াটাই কাল ঠিক হয়েছে। তবে এ ম্যাচের দল নির্বাচনটা ভালো লাগেনি। সাইড বেঞ্চের সব স্পিনারকে সুযোগ দেওয়ার এমন মনোভাব কেন? বাঁহাতি স্পিনার আরাফাত সানিকে এক ম্যাচ পরই সরিয়ে দেওয়াটা ঠিক হয়নি, এই ম্যাচের চেয়েও অনেক চাপের ইংল্যান্ড ম্যাচে কয়েক স্পেলে উইকেট না পেলেও ভালোই বল করেছে সে।
নিউজিল্যান্ডের কন্ডিশনে দুই দিক থেকে স্পিন বোলিং দিয়ে শুরু করাটা ছিল বিস্ময়কর। এতে ইংল্যান্ডের বিপক্ষে অসাধারণ বল করা রুবেলের প্রতি অনাস্থাই প্রকাশ পেয়েছে। ব্রেন্ডন ম্যাককালাম পেস বোলিং যতই ভালো খেলুক, তরুণ ও উঠতি স্পিনার তাইজুলের কি কোনো সুখকর অতীত অভিজ্ঞতা আছে? অতীত সাফল্যের কারণে ইমরুল কায়েসকে ইংল্যান্ডের বিপক্ষে তড়িঘড়ি করে নামানো হলো। অথচ এর চেয়ে অতীতে ম্যাককালামের বিপক্ষে অনেক সাফল্য পাওয়া রুবেলকে চকচকে নতুন বলে বোলিং করতে দেওয়া হলো না, যে তিন দিন আগেই স্মরণকালের সেরা বোলিং করেছে ইংল্যান্ডের বিপক্ষে। এটা সাকিবের নিজের সিদ্ধান্ত ছিল বলে মনে হয় না। তবে কাল রুবেলের লাইনটা খুব ভালো না হলেও ম্যাচের শেষ দিকে তাঁকে দিয়ে বল না করানোর দায় সাকিবকেই নিতে হবে।
মাশরাফির জায়গায় কাল শফিউলকে দেখব ভেবেছিলাম। যেখানে প্রথম একাদশে স্পিনারদের ঢোকা দুরূহ করে তোলা হয়েছিল, সেখানে এক পেসারের বিয়োজন বোলিংয়ের শক্তিকে খর্ব করেছে। এত পরীক্ষা-নিরীক্ষার মধ্যে ম্যাচ জয়ের তৃষ্ণাটা কি চাপা পড়ল?
তবে এই দল নিয়ে চমৎকার লড়াই করেছে আমাদের ক্রিকেটাররা। কোয়ার্টার ফাইনালে এটি কাজে লাগবে। উল্টো দিকে এটাও ঠিক, জয়ের সুযোগ হারিয়ে নিউজিল্যান্ডকেও শেষ আটের জন্য ভালো প্রস্তুতির সুযোগ করে দেওয়া হলো।