পরীক্ষা-নিরীক্ষায় নারাজ ধোনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহেন্দ্র সিং ধোনি
মহেন্দ্র সিং ধোনি

সাহসী অধিনায়ক হিসেবে সুখ্যাতি আছে তাঁর। ভারতীয় ক্রিকেটে আশ্চর্য জাদুদণ্ড নিয়ে হাজির হওয়া মহেন্দ্র সিং ধোনি যেখানেই হাত দিয়েছেন, সোনা ফলেছে। পরীক্ষা-নিরীক্ষায়ও তাই পিছপা হননি। কিন্তু সেই ধোনিই এবার আর ‘সাহসী’ হতে চান না। সাফ জানিয়ে দিলেন, কোনো ধরনের পরীক্ষা-নিরীক্ষা তিনি করবেন না নিউজিল্যান্ড সফরে।
দক্ষিণ আফ্রিকা সফরে সময়টা খুব একটা ভালো কাটেনি। ২-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারের পর দুই ম্যাচের টেস্ট সিরিজেও দেখতে হয়েছে হারের মুখ। এবার সেই ব্যর্থতার স্মৃতি ভোলার প্রত্যয় নিয়েই নিউজিল্যান্ড সফর শুরু করতে যাচ্ছে ভারত। নিউজিল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজটিকে আগামী বছরের বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবেও দেখছে গতবারের শিরোপাজয়ীরা।
গত বছরের শেষে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে সফলতা না পেলেও প্রায় অপরিবর্তিত একটা দল নিয়েই নিউজিল্যান্ডে গেছে ভারত। যুবরাজ সিংয়ের বাদ পড়াটাই বড় একটা পরিবর্তন। অভিজ্ঞ এই ব্যাটসম্যান দলে না থাকায় ওয়ানডেতে ৪ নম্বর জায়গায় কে ব্যাটিং করবেন, সেটা নিয়েই থেকে গেছে কিছু অনিশ্চয়তা। অধিনায়ক ধোনি অবশ্য এ ব্যাপারে স্পষ্ট কোনো ইঙ্গিত দেননি। তবে নিউজিল্যান্ড সফরে দল গঠন বা খেলার ধরন নিয়ে খুব বেশি পরীক্ষা-নিরীক্ষা করবেন না বলেই জানিয়েছেন ভারতীয় অধিনায়ক, ‘কোনটা আমাদের জন্য সবচেয়ে ভালো হবে, সেটা বিবেচনা করেই এগিয়ে যাওয়া হবে। গ্রেগ চ্যাপেল যুগের পর, আমরা দেশের বাইরে খেলতে গিয়ে অনেক পরীক্ষা-নিরীক্ষা করেছি। কিন্তু এখন আমরা খুব বেশি পরিবর্তন করব না। আমরা কিছু খেলোয়াড়কে সুযোগ দেব আর আশা করছি তারা এই সুযোগ কাজে লাগিয়ে নিজেদের প্রমাণ করতে পারবে।’

২০১৫ সালের পরবর্তী ক্রিকেট বিশ্বকাপ অস্ট্রেলিয়ার সঙ্গে যৌথভাবে আয়োজন করবে নিউজিল্যান্ড। এই সফরটাকে তাই আগামী বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই দেখছেন ধোনি। বিশেষ করে ভারতের তরুণ ক্রিকেটাররা এই সফর থেকে অনেক কিছু শিখতে পারবেন বলেই আশা ভারতীয় অধিনায়কের, ‘নিউজিল্যান্ডে যারা এর আগে খেলেনি, তাদের জন্য এটা একটা ভালো সুযোগ। বিশেষত আমাদের বোলারদের জন্য এই সফর খুব কাজে দেবে। দলের জন্যও খুব ভালো হবে। যেসব ভেন্যুতে বিশ্বকাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে, সেগুলোতে খেলার অভিজ্ঞতা হবে আমাদের খেলোয়াড়দের। ফলে এই সফর আমাদের জন্য খুবই ফলপ্রসূ হওয়ার কথা।’

আগামীকাল পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারত।