পরীক্ষার জন্য আমরা প্রস্তুত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কুলে আমি মোটেই সেরা ছাত্রদের মধ্যে পড়তাম না। তবে আমার মনে হয়, এখন যা শিখেছি, তা তখন জানা থাকলে আরেকটু ভালোই করতাম। পড়াশোনাটা ভালো করলে এবং প্রস্তুতি যতটা সম্ভব ভালোভাবে নিতে পারলে পরীক্ষার সময় মোটেই ভয় করবে না। এটা ঠিক, যেকোনো কারণে একটা খারাপ দিন আপনার যেতেই পারে। তবে যা যা করার, তা ঠিকভাবে করে রাখলে বিচলিত বোধ করার কিছু নেই। আমার বড় দুর্ভাগ্য, শৈশবে ‘ক্রিকেট’ নিয়ে আমার কোনো পরীক্ষা ছিল না। আমার বিশ্বাস, থাকলে খুব ভালোই করতাম। নিউজিল্যান্ড ম্যাচের জন্য আমরা দল হিসেবে সাধ্যমতো ‘পড়াশোনা’ করেছি এবং যত ভালোভাবে সম্ভব প্রস্তুতি নিয়েছি। আবার এর মানে এই নয় যে সবকিছুই পরিকল্পনা মেনে চলবে। পুরো ১০০ ওভারজুড়ে পরিকল্পনা অনুযায়ী সবকিছু কমই হয়। তবে আমরা ধীরস্থির আছি এবং আমরা যে প্রস্তুত, এটা জানি। কিছুই সুযোগের অপেক্ষায় রেখে দিইনি। নিউজিল্যান্ডের বিপক্ষে আমি যেদিন প্রথম খেলেছি, সেদিন থেকেই ওদের প্রশংসা করে আসছি। ওরা সব সময়ই চালাক-চতুর একটি দল এবং হঠাৎই বুদ্ধিদীপ্ত কিছু করে ফেলতে পারে। আমি এটা উপভোগই করি। একটা দল হিসেবে নিউজিল্যান্ডের সবচেয়ে বড় সম্পদ দলের খেলোয়াড়দের একে অন্যের জন্য খেলা। ওরা একে অন্যের পাশেও থাকে। নিউজিল্যান্ডের দলীয় চেতনাটা দারুণ এবং কখনোই আশা ছেড়ে দেয় না। নিউজিল্যান্ডে স্কট স্টাইরিস আর জেমস ফ্রাঙ্কলিনের মতো সিনিয়র বোলার আছে, যারা বলের পেস কম-বেশি করতে পারে। টিম সাউদির মতো গতিশীল বোলারও আছে ওদের। ড্যানিয়েল ভেট্টোরি ও নাথান ম্যাককালাম মিলে ভালো স্পিনিং জুটি গড়ে তুলেছে। ব্যাটিংয়ে রস টেলর, জেসি রাইডার ও ব্রেন্ডন ম্যাককালাম—তিনজনের সবারই আছে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য এবং প্রথম দিকের ওভারগুলোতে নিয়ন্ত্রণও নিয়ে নিতে পারে তারা। জ্যাকব ওরামের কথাই বা ভুলে যাই কী করে! আমি সম্ভবত বোঝাতে পেরেছি যে আমাদের প্রতিপক্ষকে আমরা মোটেই হালকাভাবে নিচ্ছি না। আগে দক্ষিণ আফ্রিকা তিন-চারজন খেলোয়াড়ের ভরসায় থাকত। এখন আর ব্যাপারটা তেমন নেই। আমাদের এই স্কোয়াডের ১৫ জন খেলোয়াড়ের কারও সামর্থ্য নিয়ে আমার কোনো উদ্বেগ বা সংশয় নেই। দিন যত যাচ্ছে, টুর্নামেন্টের ফরম্যাট আর সুযোগ-সুবিধার ব্যাপারটি আরও মজার হয়ে উঠছে। নিউজিল্যান্ড কিংবা আমরা, যে দলই মঙ্গলবারের সেমিফাইনালে যাই, সময়মতো কলম্বো যাওয়াটা কঠিন হয়ে যাবে। টিকিটই ঝামেলায় ফেলল, রোববার বিকেলের আগে আমরা সেখানে যেতে পারছি না। এটা অবশ্য আমার সমস্যা বা চিন্তা নয়। এই পরিকল্পনা করার জন্য অনেক ভালো লোক আছে। আমার কাজ গুরুত্বপূর্ণ এই ম্যাচের জন্য তৈরি হওয়া।