পরীক্ষার নাম উইন্ডিজ সিরিজ
‘নতুন পরীক্ষা’ কথাটায় আপত্তি আছে অলক কাপালির। পরীক্ষা যে তাঁকে দিতে হয় প্রতিনিয়তই! দলের বাইরে থাকলে দলে ঢোকার পরীক্ষা, দলে ঢুকলে টিকে থাকার পরীক্ষা। অলকের মতো ওয়েস্ট ইন্ডিজ সিরিজ পরীক্ষা হয়ে আসছে নাঈম ইসলাম আর মোহাম্মদ ইলিয়াসের জন্যও। বিশ্বকাপের পর দল থেকে বাদ পড়ে যাওয়া নাঈম আবারও ফিরেছেন জাতীয় দলে। তাঁর মতো ওয়েস্ট ইন্ডিজ সিরিজের টি-টোয়েন্টি দলে নতুন মুখ ইলিয়াস সানির জন্যও পরীক্ষাটা জায়গা ধরে রাখার।আইসিএল-কাণ্ড বাংলাদেশের ক্রিকেট থেকে অলকের নামটা মুছেই দিচ্ছিল প্রায়। অস্ট্রেলিয়ার বিপক্ষে গত হোম সিরিজে সেই অলক দলে ফেরেন তিন বছর পর। কিন্তু খেললেন মাত্র এক ম্যাচ! জিম্বাবুয়ে সিরিজটা বাইরে কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের টি-টোয়েন্টি দলে ফেরা অলকের কাছে পরীক্ষা ব্যাপারটা তাই পুরোনোই, ‘আমি তো সব সময়ই পরীক্ষা দিচ্ছি। তবে টিম কম্বিনেশনের কারণে হয়তো অনেক সময় বাদ পড়েছি। এটা তো মেনে নিতেই হবে।’ অভিজ্ঞ এই ব্যাটসম্যানের প্রতিজ্ঞা ভবিষ্যতে যাতে টিম কম্বিনেশনের কারণেও বাদ পড়তে না হয়, ‘ওয়েস্ট ইন্ডিজ সিরিজটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। আমার ক্যারিয়ার কত দূর যাবে, বাংলাদেশ দলে আর কত দিন খেলার সুযোগ পাব—এ রকম অনেক কিছুই নির্ভর করছে এই সিরিজের ওপর। আমার বিশ্বাস, সুযোগ পেলে এবার ভালো খেলব। আসা-যাওয়ার মধ্যে থাকতে আমারও ভালো লাগে না।’অলক মানছেন, জাতীয় দলে টিকে থাকাটা এখন আগের চেয়ে অনেক বেশি কঠিন, ‘আগে দলে টিকে থাকার জন্য খুব বেশি লড়াই করতে হতো না। এখন কাজটা অনেক কঠিন। বিসিবি কাপ তার প্রমাণ। জায়গা ধরে রাখতে প্রায় সবাই ভালো খেলেছে।’অলকের কথার উৎকৃষ্ট উদাহরণ হতে পারেন নাঈম। বিসিবি কাপে সেঞ্চুরি পেয়েছেন, ৯৫ রানের ইনিংস খেলেছেন চার দিনের প্রস্তুতি ম্যাচে। নির্বাচকদের মধুর বিড়ম্বনায় ফেলে দলে ফেরা নাঈমের লক্ষ্য এখন একটাই—ফিরে পাওয়া জায়গাটা পারফরম্যান্স দিয়ে ধরে রাখা। ‘দলে ফিরে ভালো লাগছে। তবে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জায়গাটা ধরে রাখা’—দলে ফেরার পর বলেছেন এই অলরাউন্ডার।অনেক দিন ধরেই জাতীয় দলের আশপাশে ঘোরাঘুরি করছিলেন ইলিয়াস। তারপরও ঘরোয়া ক্রিকেটে নিয়মিতই ভালো খেলে আসা এই বাঁহাতি অলরাউন্ডারের কাছে জাতীয় দলে জায়গা পাওয়াটা স্বপ্নপূরণের মতো ব্যাপার, ‘খুবই ভালো লাগছে। এত দিন ধরে অপেক্ষায় ছিলাম...মনে হচ্ছে স্বপ্নপূরণ হলো!’ জাতীয় দলে খেলার স্বপ্ন থাকলেও এবারই ডাক পেয়ে যাবেন, সেটা নাকি ভাবেননি নিজেও, ‘দলে যারা আছে সবাই খুবই ভালো খেলছে। মনে হচ্ছিল হয়ে যাবে...হয়ে যাবে, তবে খুব বেশি আশা কিন্তু ছিল না।’ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টির দলে ডাক পেয়েছেন, বিবেচনায় আছেন ওয়ানডে দলের জন্যও। তবে ইলিয়াস আপাতত ভাবছেন ১১ অক্টোবরের টি-টোয়েন্টি ম্যাচটা নিয়ে। ‘আপাতত টি-টোয়েন্টি ম্যাচ নিয়েই ভাবছি। এখানে যদি, সুযোগ পাই, ভালো খেলি, তখন অন্যকিছু নিয়ে ভাবব’—বলেছেন ২০০১-০২ মৌসুম থেকে ঢাকা প্রিমিয়ার লিগের নিয়মিত মুখ ইলিয়াস।অলক-নাঈম-ইলিয়াস সানিদের ‘পরীক্ষা’র মূল প্রস্তুতি শুরু হবে আজ থেকেই। সিরিজের আগে অনুশীলনের বাইরে কাল ও ৬ অক্টোবর দুটি প্রস্তুতি ম্যাচ খেলবেন ক্রিকেটাররা।