পরীক্ষার্থী থেকে আবার ক্রিকেটার
পরীক্ষা এলেই ক্রিকেটার পরিচয় ভুলে যান। মগ্ন হয়ে পড়েন বইপত্র নিয়ে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্র মুশফিকুর রহিম এই সময়টা শেষই করে ফেলেছেন বলা চলে। সম্প্রতি স্নাতকোত্তর পরীক্ষা দিয়ে ছাত্রত্বের চৌকাঠ পেরিয়ে গেছেন প্রায়। পরীক্ষাও হয়েছে ভালো। ‘অনার্সে প্রথম শ্রেণী ছিল। মাস্টার্স পরীক্ষাও ভালো হয়েছে। ফলাফল খারাপ হবে না আশা করি’—কাল মিরপুরে অনুশীলন শেষ করে গাড়িতে ওঠার সময় বললেন মুশফিক।পরীক্ষা শেষ করে আবার ক্রিকেটার হয়ে গেছেন মুশফিক। জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্পেও যোগ দিয়েছেন কাল। এশিয়া কাপের পর প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট থেকে লম্বা বিরতি পড়লেও কন্ডিশনিং ক্যাম্পে খুশি জাতীয় দলের অধিনায়ক। প্রথম দিন অনুশীলনে এসে সতীর্থদের মনে করিয়ে দিলেন একটা দায়িত্বও, ‘আমি নিশ্চিত, দলের সবাই বুঝতে পারছে তাদের কাছে অনেক প্রত্যাশা। সবাই জানে তাদের দায়িত্ব এবং করণীয় কী। নতুন কোচ আসুক না আসুক, নিজেদের কাজটা করে যেতে হবে। আমরা এখন পরিণত। জানি কী করতে হবে।’স্টুয়ার্ট ল-র উত্তরসূরি এখনো ঠিক করতে পারেনি বিসিবি। তবে নতুন কোচ আসার আগ পর্যন্ত কাজ চালিয়ে নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে বোলিং কোচ জার্গেনসেনকে। মুশফিকের মতো ছুটি কাটিয়ে তিনিও কাল যোগ দিয়েছেন ক্যাম্পে। অধিনায়কের সঙ্গে আধা ঘণ্টার মতো আলাদা কথা বলেছেন। পাইবাস-অনিশ্চয়তায় জিম্বাবুয়ে সফরের আগে নতুন কোচ পাওয়া নিয়ে কিছুটা সংশয় তৈরি হলেও জার্গেনসেন আছেন বলেই মুশিফক তাতে সমস্যা দেখছেন না, ‘আমাদের সঙ্গে উনি (জার্গেনসেন) প্রায় এক বছর ধরে কাজ করছেন। সে কারণেই বলব, উনি কোচ হলে খুব একটা সমস্যা হবে না। আবার এমনও নয় যে, উনি আমাদের সঙ্গে গেলেই আমরা ভালো করব। আসলে ব্যাপারটা পুরোপুরি আমাদের ওপরই নির্ভর করছে। মাঠে খেলতে হবে আমাদেরই। আমরা ভালো খেললে কোচের সুনাম হয়, খারাপ খেললে উল্টোটা হয়।’এশিয়া কাপে অভাবনীয় পারফরম্যান্সের পর আন্তর্জাতিক সূচিতে যখন লম্বা একটা ফাঁকা সময়, তখনই এল জিম্বাবুয়েতে তিন জাতি টি-টোয়েন্টি সিরিজ খেলার সুযোগ, আয়ারল্যান্ড আর ত্রিনিদাদ সফরের প্রস্তাবও। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে জিম্বাবুয়ে সফর কাজে লাগবে বলেই বিশ্বাস অধিনায়কের, ‘কন্ডিশন কিংবা ফরম্যাট যা-ই হোক না কেন, এখন আমাদের কোনো খেলাই ছিল না। সেখানে একটা টুর্নমেন্ট খেলার সুযোগ পাচ্ছি। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এটা ভালো সুযোগ। জিম্বাবুয়ের উইকেট ভিন্ন হলেও ওখানে আমরা অনেকবার খেলেছি। আশা করি সেখানে গিয়ে মানিয়ে নিতে পারব।’ কিন্তু সর্বশেষ জিম্বাবুয়ে সফরের হতাশা যদি সঙ্গী হয় এবারও? সেই দুঃস্মৃতি মনে রেখেই এবার আরও ভালো প্রস্তুতি চান অধিনায়ক, ‘গত জিম্বাবুয়ে সফরে আমরা টেস্ট এবং ওয়ানডেতে হেরেছিলাম। সে জন্যই এবার আরও ভালো প্রস্তুতি নিতে হবে। তা ছাড়া হারারেতে আমাদের রেকর্ড তেমন ভালো নয়। মানসিক প্রস্তুতিটা তাই ভালো হওয়াও জরুরি।’জিম্বাবুয়েতে ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টে বাংলাদেশ দলের লক্ষ্যও ঠিক করে ফেলেছেন মুশফিক—ফাইনালে খেলা। মানসিক প্রস্তুতির কথা হয়তো সে কারণেই বললেন অধিনায়ক। এশিয়া কাপের ফাইনালটা নিশ্চয়ই ভুলে যাননি এত তাড়াতাড়ি।