পরের অলিম্পিকে চোখ ভেনাসের
২০০০, ২০০৪, ২০০৮ সালের পর এবার ২০১২। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম টেনিস খেলোয়াড় হিসেবে চতুর্থবারের মতো অলিম্পিকে অংশ নিতে চলেছেন ভেনাস উইলিয়ামস। তবে এখানেই থেমে থাকবেন না তিনি। ভেনাস জানিয়েছেন, রিও ডি জেনিরোয় অনুষ্ঠেয় ২০১৬ অলিম্পিকেও লড়তে চান তিনি।ভেনাস একা নন, রিও অলিম্পিকে খেলতে চান সেরেনাও। খবরটা অবশ্য সেরেনা নিজে জানাননি, দিয়েছেন ভেনাস। ‘২০১৬ অলিম্পিকের দিকে তাকিয়ে আছি। সেরেনা ও আমি দুজনেই সেখানে খেলতে চাই। অনেকগুলো অলিম্পিকে খেলেছি। এর সঙ্গে আরও নতুন কিছু যোগ করতে চাই।’ বলেছেন ৩২ বছর বয়সী ভেনাস।পাঁচবারের উইম্বলডন চ্যাম্পিয়ন ভেনাস। তবে এ মাসের শুরুর দিকে অনুষ্ঠিত উইম্বলডন আসরটা অবশ্য তাঁর জন্য ছিল প্রচণ্ড হতাশার। প্রতিযোগিতার প্রথম রাউন্ড থেকেই ছিটকে পড়েন তিনি।মেয়েদের টেনিসের সাবেক এক নম্বর খেলোয়াড় ভেনাস অলিম্পিকে তিনটি সোনা জিতেছেন। এর মধ্যে একটি এককে এবং অন্য দুটি দ্বৈতে। ২০০০ সালের সিডনি অলিম্পিকে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে একক ও দ্বৈতে সোনা জয়ের কৃতিত্ব অর্জন করেন তিনি। ভেনাসের সাম্প্রতিক পারফরম্যান্স তেমন নজর কাড়া না হলেও ফর্মের তুঙ্গে আছেন তাঁর ছোট বোন সেরেনা। এ মাসে উইম্বলডন শিরোপা ঘরে তুলেছেন তিনি। এর কয়েক দিন পর জিতেছেন স্ট্যানফোর্ড ক্লাসিক শিরোপা। স্ট্যানফোর্ডে শিরোপা জয়ের মাধ্যমে সেরেনা ও ভেনাস দুজনেরই ক্যারিয়ার ট্রফি এখন সমান ৪৩টি।এবারের অলিম্পিকে একক ও দ্বৈত দুটিতেই লড়বেন ভেনাস ও সেরেনা। দ্বৈতে লড়বেন একসঙ্গে। সেরেনা জানিয়ে রেখেছেন, দুটি নয়, এবারের অলিম্পিকে একটি শিরোপা জয় করতে পারলেই খুশি তিনি। ‘একটি সোনা জয় করলেই আমার কাছে অনেক বড় পাওয়া হবে। তাই বলে আমার সব স্বপ্ন বা আশা ছেড়ে দিচ্ছি না।’ সূত্র: পিটিআই।