পরের টেস্টই খেলবেন হ্যারিস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁর হাঁটুতে শল্যবিদ ছুরি চালিয়েছেন অনেকবার। প্রতিবারই ফিরে এসেছেন মাঠে। তবে ধারণা করা হচ্ছিল এবারই শেষ। এই ৩৪ বছর বয়সে আরেকটি বড়সড় অস্ত্রোপচারের ধাক্কা সামলে কি আর ফিরতে পারেন মাঠে! হাঁটুতে প্রচণ্ড যন্ত্রণা নিয়েও কেপটাউনের শেষ বিকেলে অসাধারণ এক জয় এনে দিয়েছেন দলকে। মনে করা হচ্ছিল, বীরোচিত সেই কীর্তিই হয়ে থাকবে টেস্ট ক্রিকেটে তাঁর শেষ স্মৃতি। কিন্তু কাল মেলবোর্নে অস্ত্রোপচারের পর ক্রাচে ভর দিয়ে হাসিমুখে রায়ান হ্যারিসের ঘোষণা, অবসর তো বহুদূর, মিস করতে চান না একটি টেস্টও!
আপাতদৃষ্টিকে এটি অসম্ভব মনে হতে পারে, কিন্তু হ্যারিসের মতে খুবই সম্ভব। অস্ট্রেলিয়ার পরের টেস্ট সেই অক্টোবরে, পাকিস্তানের বিপক্ষে। হ্যারিসের দৃষ্টি এখন সেদিকেই। ক্যারিয়ারের শেষের ধারণাকেও উড়িয়ে দিয়েছেন ফুৎকারে, ‘ক্যারিয়ার শেষের ধারেকাছেও নেই। অস্ত্রোপচার করিয়েছিই বরং ক্যারিয়ার আরও লম্বা করতে। আগেরবার যখন অস্ত্রোপচার করিয়েছিলাম, সেটির চেয়ে এবার হাঁটু একটু বেশিই ক্ষতিগ্রস্ত হয়েছিল। টেস্ট শেষ হওয়ার পর দেশে ফেরার ফ্লাইটে এবং বাড়ি ফিরেও হাঁটুতে প্রচণ্ড ব্যথা ছিল। কিন্তু এখন অনেক ভালো। পাকিস্তান সিরিজের দিকে তাকিয়ে আছি আমি। এটাই এখন আমার লক্ষ্য, খুবই বাস্তবসম্মত লক্ষ্য!’
হ্যারিসের অস্ত্রোপচার করেছেন মাশরাফির সুবাদে বাংলাদেশেও পরিচিত প্রখ্যাত শল্যবিদ ডেভিড ইয়াং। হ্যারিসের হাঁটুকে বরাবর সামলে এসেছেন ইয়াং। এই মৌসুমের আগে কখনোই ক্যারিয়ারে টানা তিন টেস্ট খেলতে পারেননি হ্যারিস। এবারও অ্যাশেজের তৃতীয় টেস্ট শেষেই অস্ত্রোপচার করাতে চেয়েছিলেন। কিন্তু ইয়াংয়ের পরামর্শেই পিছিয়ে দিয়েছিলেন। এর মাঝেই ইয়াংয়ের পরিচর্যায় সবাইকে চমকে দিয়ে খেলে ফেলেছেন টানা ১২ টেস্ট! ‘আমি আমার সার্জনকে বলে দিয়েছি, আরও অন্তত দু-তিন বছর যেন আমাকে ঠিক রাখেন’—হ্যারিস জানিয়ে দিলেন ক্যারিয়ার-ভাবনাটাও। চোটের সঙ্গে রণে ভঙ্গ দিতে চান না এখনই। ওয়েবসাইট।