পরের মৌসুম নিয়ে আত্মবিশ্বাসী ক্লপ

ব্যাপারটা কি কাল হয়েছে বরুসিয়ার জন্য? দারুণ ফুটবল খেলে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে জায়গা করে নেওয়ার পর বিশ্বের অনেক ক্লাবেরই দৃষ্টি এখন বরুসিয়ার তরুণ-উদীয়মান-প্রতিভাবান ফুটবলারদের দিকে। রবার্ট লেভানডোফস্কি, মার্কো রিউজ, ম্যাট হ্যামেলস প্রমুখ ফুটবলারকে নিয়ে শুরু হয়েছে রীতিমতো কাড়াকাড়ি। অনেকেই মনে করছেন, বিশ্বের ক্ষমতাবান ও অর্থশালী ক্লাবগুলোর দৌরাত্ম্যে আগামী দিনে কঠিন সময়ই অপেক্ষা করছে বরুসিয়ার সামনে। আগামী মৌসুমগুলোতে হয়তো ভাঙাহাট হয়েই ধুঁকতে হবে তাদের। তবে বরুসিয়ার ক্যারিশমেটিক চরিত্র কোচ ইয়ুর্গেন ক্লপ তেমনটা মনে করেন না। তাঁর মতে, বরুসিয়া ডর্টমুন্ডের ভিত্তি খুব শক্ত হওয়ার কারণে আগামী দিনে দু-একটি পরিবর্তনের বাইরে ক্লাবের পারফরম্যান্সে তেমন একটা প্রভাব পড়বে না।
ক্লপ বলেন, ‘একটি মৌসুম শেষ হওয়ার পর দু-একটি পরিবর্তন কোনো দলে আসতেই পারে। তার মানে এই নয়, আমরা ভেঙে পড়ব। বরুসিয়া ডর্টমুন্ডের ভিত খুব মজবুত। অল্পতেই এই দল ভেঙে পড়ার নয়। আগামী দিনেও আমরা ফুটবলামোদীদের একটি “প্রেসিং মেশিন” উপহার দেব।’
জার্মানির ‘বিল্ড’ পত্রিকাকে দেওয়া এক সাক্ষাত্কারে ক্লপ বলেন, ‘বিভিন্ন জায়গায় পড়ছি, নতুন মৌসুমে নাকি আমরা ভেঙে পড়ব। কিন্তু আসল ব্যাপার হচ্ছে, নতুন মৌসুমে আমরা আরও শক্তিশালী দল গড়ব।’
মৌসুম শেষ হতে না হতেই চিরপ্রতিদ্বন্দ্বী বায়ার্ন মিউনিখ মারিও গোটশেকে তুলে নিয়েছে বরুসিয়া থেকে। কানাঘুষা চলছে, বায়ার্নে যাচ্ছেন বরুসিয়ার আরেক সেনসেশন রবার্ট লেভানডোফস্কি। লেভানডোফস্কির দলবদলের ব্যাপারটি ‘গুজব’ আখ্যায়তি করে ক্লপ বলেন, ‘বায়ার্ন এখনো লেভানডোফস্কির ব্যাপারে আনুষ্ঠানিক কোনো প্রস্তাব দেয়নি।’ তিনি আরও বলেন, ‘আর কয়েক দিনের মধ্যে লেভানডোফস্কিকে চূড়ান্ত করে আমরা সব কানাঘুষার অবসান ঘটাব।’
এবারের মৌসুমে বায়ার্নের চেয়ে ২৫ পয়েন্ট পিছিয়ে থেকে বুন্দেসলিগায় রানার্স আপ হয়েছে বরুসিয়া। তবে ক্লপ মনে করেন, এবার বায়ার্ন ছাড়া অন্য দলগুলোর বিপক্ষে ম্যাচই বরুসিয়ার জন্য কাল হয়েছে। তিনি বলেন, ‘বায়ার্নের বিপক্ষে বরুসিয়া বুন্দেসলিগায় দুটো ম্যাচ খেলেছে। দুটোই ড্র হয়েছে। কিন্তু অন্য প্রতিপক্ষের বিপক্ষে আমরা বেশি পয়েন্ট খুইয়েছি। এটাই আমাদের জন্য কাল হয়েছে।’ সূত্র: রয়টার্স।