পরের রাউন্ডে চোখ রসিদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাম্বার দেশে দুটি দলেরই বিশ্বকাপ অভিযান শুরু জয় দিয়ে৷ আজকের জয় তাই দ্বিতীয় রাউন্ড প্রায় নিশ্চিত করে দিতে পারে ইতালি কিংবা কোস্টারিকার।
তবে ইতালিয়ান মিডফিল্ডার ড্যানিয়েলে ডি রসি আশাবাদী, শেষ হাসিটা তাদের মুখেই থাকবে। দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়েকে হারিয়ে প্রথম ম্যাচেই কোস্টারিকা সবাইকে চমকে দিলেও আজ তাদের সেই সুযোগ দিতে চান না রসি। দলে অভিজ্ঞতা আর তারুণ্যের সমন্বয়টাকেই এ বিশ্বকাপে ইতালির বড় শক্তি বলে মনে করছেন তিনি, ‘প্রতিটি দলেই এমন পাঁচ-ছয়জন খেলোয়াড় থাকাটা গুরুত্বপূর্ণ যারা অনেক দিন ধরে একসঙ্গে খেলছে। এ রকম খেলোয়াড়েরা তাদের অভিজ্ঞতা দিয়ে তরুণদের সাহায্য করতে পারে। আমাদের দলটাও সে রকম।’
টিকি-টাকার আদলে প্রথম ম্যাচে রসিরাও খেলেছেন ছোট ছোট পাসে। বলা হচ্ছে এটা নাকি টিকি-টাকার ইতালিয়ান সংস্করণ ‘টিক-ইতালিয়া’। তবে ইতালি স্পেনকে অনুকরণ করছে এটা মানতে নারাজ রসি, ‘ওরা (স্পেন) অনেক সময় মিডফিল্ডারদের আক্রমণভাগে খেলায়। আমরা সেটা করি না। অনেক দিক থেকেই আমরা ওদের চেয়ে আলাদা।’ পর পর দুই ম্যাচে হেরে স্পেন এরই মধ্যে বিদায় নিয়েছে বিশ্বকাপ থেকে। বলা হচ্ছে টিকি-টাকার দিনও ফুরিয়ে গেছে। সেই একই ঘরানার ফুটবল খেলে ইতালি কি পারবে বিশ্বকাপে সফল হতে? রসি কিন্তু আশাবাদী, ‘আমরা হয়তো স্পেনের মতো এত বল ধরে রেখে খেলি না। কিন্তু আমাদের অন্য শক্তির জায়গা আছে। আমাদের রক্ষণভাগ দারুণ, দলে বিস্ফোরক স্ট্রাইকারও আছে।’
মৃত্যুকূপে তিন পরাশক্তি ইতালি, উরুগুয়ে ও ইংল্যান্ডের সামনে পড়ায় পুঁচকে কোস্টারিকাকে আগাম সমবেদনা জানিয়ে রেখেছিলেন অনেকে! ধরে নেওয়া হয়েছিল, অসহায় কোস্টারিকাকে নকআউট পর্বে ওঠার সিঁড়ি বানাবে তিন সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন। কিন্তু সব হিসাব গোলমাল করে দিয়ে সেই কোস্টারিকাই এখন গ্রুপের শীর্ষে! উরুগুয়ের মতো যাতে তাদেরও অঘটনের শিকার না হতে হয় সে জন্য সতর্ক রসিরা, ‘কোস্টারিকা প্রথম ম্যাচেই সামর্থ্য দেখিয়েছে। ওদের হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই।’ গোল ডটকম।