পরের রাউন্ডেই বোলারদের উইকেট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম দিনে ব্যাটে-বলে লড়াই হলো জমজমাট। দুই মাঠেই ব্যাটিংয়ে নামা দল রান করল তিন শর বেশি। বোলিং দল এক মাঠে তুলল ৮ উইকেট, আরেক দল ৯টি। দেখে বেশ খুশি বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান, ভাবলেন উইকেট তাহলে স্পোর্টিং! ম্যাচের আগে এমন নির্দেশনাই দিয়ে রেখেছিলেন কিউরেটরদের। পরের দিনই সব গড়বড়। দুই মাঠেই রানবন্যা, হয়ে গেল সেঞ্চুরি-ডাবল সেঞ্চুরি। আকরাম খান ফোন করলেন বিকেএসপিতে থাকা খালেদ মাহমুদকে। বিসিবির গেম ডেভেলপমেন্ট চেয়ারম্যান ও প্রাইম ব্যাংকের কোচ আকরামকে জানালেন, রান তো হবেই, উইকেটে যে বোলারদের জন্য কিছুই নেই!
ব্যাপারটি ভালো লাগেনি আকরাম-মাহমুদদের। ঘরোয়া ক্রিকেটের নিষ্প্রাণ উইকেটের ধারা বদলানো নিয়ে যখন এত আলোচনা, বিসিএলের প্রথম রাউন্ডেই উইকেট বোলারদের বধ্যভূমি! আকরাম তাই গতকাল দীর্ঘক্ষণ কথা বলেছেন বিসিবির প্রধান কিউরেটর গামিনি সিলভার সঙ্গে। প্রথম ম্যাচে স্পোর্টিং উইকেট চেয়েও পাওয়া যায়নি। আকরাম তাই জোর গলায় বলে দিয়েছেন, পরের রাউন্ড থেকে উইকেটে অবশ্যই বোলারদের জন্য সহায়তা থাকতে হবে। শুধু এই বিসিএলেই নয়, ঘরোয়া ক্রিকেটে সব সময়ই এমন স্পোর্টিং উইকেট চান তিনি।
বিসিএলের প্রথম রাউন্ডের দুই ম্যাচের ছয় ইনিংসে একটি ডাবলসহ সেঞ্চুরি হয়েছে ছয়টি। তিনটি ছিল নড়বড়ে নব্বই, ফিফটি ছিল আরও পাঁচটি। তিন ইনিংসেই ওভারপ্রতি রান চারের বেশি, বাকি তিনটিও চারের কাছাকাছি। আবদুর রাজ্জাকের মতো মিতব্যয়ী বোলারও দুই ইনিংসে রান গুনেছেন ওভারপ্রতি চারের বেশি, খরুচে ছিলেন আরেক জাতীয় স্পিনার সোহাগ গাজীও। পেসারদের অবস্থা না বলাই ভালো।
সেঞ্চুরিয়ানদের একজন মুশফিকুর রহিম এই রানবন্যায় দেখছেন ব্যাটসম্যানদের মানোন্নয়ন। যেকোনো উইকেটেই রান পেলে ব্যাটসম্যানদের আত্মবিশ্বাস বাড়ে, বাংলাদেশ অধিনায়কের দাবি যৌক্তিক। তবে উল্টো আরেকটা ছবিও দেখালেন আকরাম, ‘একদম নিষ্প্রাণ উইকেটে বড় রান করলে অনেক সময় নিজের সম্পর্কে ভুল ধারণা তৈরি হতে পারে। এতে আন্তর্জাতিক ম্যাচে গিয়ে অনেকে উচ্চাভিলাষী হয়ে উঠতে পারে। আর নিষ্প্রাণ উইকেট রান করার চেয়ে কঠিন উইকেটে রান করলে আত্মবিশ্বাস আরও বাড়ে। আর খেলাটা তো শুধু ব্যাটসম্যানদের জন্য নয়, বোলারদের কথাও ভাবতে হবে।’
সেই অসহায়ত্বের কথা বলছিলেন মাশরাফি বিন মুর্তজা। দীর্ঘদিন পর প্রথম শ্রেণীর ক্রিকেটে ফিরে প্রথম দিন ভালোই বোলিং করেছিলেন মাশরাফি। পরের দিন থেকেই উইকেটে মাথা কুটে মরেছেন। অভিজ্ঞ পেসার আক্ষেপ করছিলেন, ‘মনে হচ্ছিল যেন টি-টোয়েন্টি উইকেট, কিছুই করার ছিল না। পেসারদের জন্য কিছু তো ছিলই না, স্পিনারদের জন্যও ছিল না সামান্য টার্ন বা কোনো কিছু। আমরা তো ঘাসে ভরা সবুজ উইকেট চাই না। চাই শুধু একটু বাউন্স থাকুক, কিছু অন্তত থাকুক বোলারদের জন্য।’
আকরাম পরের রাউন্ডে চান একদম সবুজ উইকেট। তবে সেটি তো সম্ভব নয়, কিউটেরদের তাই বলেছেন অন্তত ব্যাটসম্যান-বোলারদের জন্য যেন উইকেট ৫০-৫০ থাকে। এভাবে বদলে ফেলতে চান ঘরোয়া ক্রিকেটের সব উইকেট। ২০১৫ অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপ সামনে রেখে বগুড়ায় বাউন্সি উইকেট বানিয়ে অনুশীলনের ইচ্ছেও আছে বিসিবির। তবে এসব আলোচনা আগেও অনেক হয়েছে। বাস্তবে কতটা দেখা যাবে, সময়েই মিলবে উত্তর।