ম্যাচটাকে বলা হচ্ছে এবারের বিশ্বকাপের গ্রুপ পর্বের অন্যতম সেরা ম্যাচ। পর্তুগাল বনাম আইভরিকোস্ট লড়াই এমনিতেই বারুদ ছড়ানোর জন্য যথেষ্ট। তার ওপর এই ম্যাচের ফল দুই দলের বিশ্বকাপ-যাত্রার গতিপথ অনেকটাই ঠিক করে দিতে পারে বলে সেটা পাচ্ছে বাড়তি আলো।এটি ‘গ্রুপ অব ডেথ’-এর ম্যাচ। ব্রাজিলকে গ্রুপসেরা ধরে নিলে দ্বিতীয় স্থানের জন্য ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালই বড় দাবিদার। কিন্তু আইভরিকোস্টও যে যেতে চায় দ্বিতীয় রাউন্ডে! ওদিকে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া হবে গত বিশ্বকাপে চতুর্থ হওয়া পর্তুগালের জন্য বড় ব্যর্থতা। সব মিলিয়ে পর্তুগাল-আইভরিকোস্ট ম্যাচটার গায়ে তাই ‘গুরুত্বপূর্ণ ম্যাচের’ তকমা।ক্রিস্টিয়ানো রোনালদো কিছুদিন আগে এই ম্যাচ প্রসঙ্গে বলেছিলেন, এটি নাকি তাদের কাছে ফাইনাল ম্যাচ! দিদিয়ের দ্রগবার কাছেও তাই। আইভরিকোস্ট মানেই তো দ্রগবা। দলটির সবচেয়ে বড় তারকা এবং অধিনায়কও তিনি। বিশ্বকাপ শুরুর সপ্তাহখানেক আগে তাঁর কনুইয়ের ইনজুরি আইভরিকোস্টের জন্য ছিল বড় ধাক্কা। ইনজুরি কাটিয়ে দলে ফিরলেও আজ সম্ভবত তাঁকে দলের বাইরেই রাখা হচ্ছে।দ্রগবা থাকলে এটি হতে পারত রোনালদো-দ্রগবা লড়াই। কিন্তু তা তো আর হচ্ছে না! জাতীয় দলের জার্সি গায়ে গোল-খরায় ভুগছেন রোনালদো। গোল-খরা কাটিয়ে জ্বলে ওঠার মঞ্চ তাঁর জন্য তৈরি। বিশ্বকাপে সেরা তারকা হওয়ার লড়াইটাও আজ শুরু করছেন রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার।আইভরিকোস্ট কোচ সভেন গোরান এরিকসনের কাছেও এটি বিশেষ এক ম্যাচ। এরিকসনের ইংল্যান্ড ২০০৪ ইউরো ও গত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে হেরেছে পর্তুগালের কাছে। তাঁর জন্য আজ তো এক অর্থে ‘প্রতিশোধ’ ম্যাচই!দ্রগবাকে সাইড লাইনে রাখা হলেও আইভরিকোস্টের অধিনায়ক কোলো তোরের বিশ্বাস, সলোমন কালু, সেইডু দোমবিয়ার মতো তরুণদের শূন্যতা পূরণের ক্ষমতা আছে।টানা দ্বিতীয় বিশ্বকাপ খেলছে আইভরিকোস্ট। ‘ইউরোপের ব্রাজিল’ খ্যাত পর্তুগালের এটা পঞ্চম বিশ্বকাপ। ১৯৬৬ সালে পাওয়া সেরা সাফল্যকে (তৃতীয়) এবার ছাড়িয়ে যেতে পারবে রোনালদোর পর্তুগাল?পর্তুগাল-আইভরিকোস্টলিডসনজন্ম ব্রাজিলে, ২৬ বছর বয়স পর্যন্ত ফুটবলও খেলেছেন ব্রাজিলেই। ২০০৩ সাল থেকে খেলছেন স্পোর্টিং লিসবনে, ছয় বছর খেলার পর গত বছর অর্জন করেছেন পর্তুগালের জাতীয় দলের খেলা যোগ্যতা। পলেতার অবসরের পর হন্যে হয়ে একজন গোল স্কোরার খুঁজছিল পর্তুগাল, লিডসনকে দলে নিতে তাই সময় নেয়নি। লিডসন নিশ্চয়ই দিতে চাইবেন আস্থার প্রতিদান!সলোমন কালুক্লাব আর দেশ দুই জায়গাতেই দিদিয়ের দ্রগবার ছায়ায় ঢাকা পড়ে থাকেন। ইনজুরিতে দ্রগবার খেলা অনিশ্চিত, তাঁর ছায়া থেকে বের হয়ে নিজেকে নায়ক করে তোলার সবচেয়ে বড় সুযোগ আজ সলোমন কালুর। অধিনায়ককে নিয়ে অনিশ্চয়তায় গোটা আইভরিকোস্টও আজ তাকিয়ে আছেন কালুর দিকে।