পর্তুগাল ইউরোর ফেবারিট নয়: মরিনহো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মানির কাছে ১-০ গোলে হার। এরপর ডেনমার্কের বিপক্ষে ৩-২ গোলে জয় পর্তুগালের। রিয়াল মাদ্রিদের পর্তুগিজ কোচ হোসে মরিনহোর মূল্যায়ন—এবারের ইউরো আসরে ফেবারিট নয় পর্তুগাল।পর্তুগাল যে গ্রুপে আছে, সেই ‘বি’ গ্রুপকে বলা হচ্ছে ইউরোর ‘গ্রুপ অব ডেথ’। অর্থাত্, মৃত্যুকূপ। হল্যান্ড, ডেনমার্ক, জার্মানি ও পর্তুগাল—এই শক্তিশালী চার দল নিয়ে গঠিত গ্রুপটি। পর্তুগাল পরবর্তী রাউন্ডে উঠতে পারবে কি না, তা এখনো নিশ্চিত নয়। গ্রুপে এখন পর্যন্ত পর্তুগিজদের অবস্থান ৩ নম্বরে।মরিনহো বিশ্বাস করেন, মৃত্যুকূপ থেকে ঠিকই বেরিয়ে আসবে পর্তুগাল। তবে তিনি মনে করেন, ২০০৪ সালের রানার্স-আপ পর্তুগালের চেয়ে বেশ কয়েকটি ভালো দল এবারের ইউরো আসরে রয়েছে।গোল ডটকমের খবরে বলা হয়েছে, সিঙ্গাপুরে একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে মরিনহো বলেন, পর্তুগাল অন্য দলগুলোর ওপর নির্ভর করছে না। নির্ভর করছে নিজেদের ওপর। হল্যান্ডের বিপক্ষে ভালো করতে পারলে কোয়ার্টার ফাইনালে যেতে পারবে পর্তুগাল।মরিনহো বলেন, ‘পর্তুগাল ইউরোর ফেবারিট নয়। আমি মনে করি না প্রতিযোগিতায় সেরা দুটি বা তিনটি দলের মধ্যে পর্তুগাল রয়েছে।’ এরপর অবশ্য পর্তুগিজদের আশার বাণী শুনিয়েছেন মরিনহো, ‘এটি খুব সংক্ষিপ্ত প্রতিযোগিতা। খুব দ্রুত নক-আউট পর্বে যাব আমরা। ৯০ মিনিটের খেলা। খেলার ফল পাওয়া না গেলে অতিরিক্ত সময় দেওয়া হয়। এর পরও না হলে পেনাল্টি শুটআউট। এদিক থেকে পর্তুগাল কোয়ার্টার ফাইনালে গেলে যেকোনো কিছুই ঘটে যেতে পারে।’বর্তমান চ্যাম্পিয়ন স্পেনের ইউরো-জয়ের সম্ভাবনা প্রশ্নে মরিনহো সাংবাদিকদের বলেন, স্পেন বিশ্বচ্যাম্পিয়ন। কোনো সন্দেহ নেই, এটি ইউরোর অন্যতম ফেবারিট। যদি সবকিছু ঠিকঠাক চলে, কোয়ার্টার ফাইনালে উঠবে স্পেন। শিরোপা জিততে হলে জার্মানি বা অন্য দলগুলোর সঙ্গে লড়তে হবে স্পেনকে।