পর্তুগাল-চেক কোয়ার্টার ফাইনালের আগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোর কোয়ার্টার ফাইনালের লড়াই শুরু হবে বৃহস্পতিবার থেকে। প্রথম ম্যাচের প্রতিপক্ষ পর্তুগাল ও চেক প্রজাতন্ত্র। শক্তিমত্তার দিক থেকে শেষ আটে ওঠার লড়াইয়ে পর্তুগাল স্পষ্টত এগিয়ে—বলার অপেক্ষা রাখে না। তবে চেককেও উড়িয়ে দেওয়া চলবে না। সন্দেহ নেই, ওয়ারশতে পর্তুগিজদের পরীক্ষা নিয়ে ছাড়বে চেকরা। পর্তুগাল ও চেকের সাম্প্রতিক পারফরম্যান্স ও মুখোমুখি লড়াইয়ের ইতিহাসটা এবার দেখা যাক।* এ নিয়ে তৃতীয়বারের মতো মুখোমুখি হচ্ছে পর্তুগাল ও চেক। আগের দুটি লড়াইয়ের দুটিই আবার ইউরো আসরে। ১৯৯৬ সালে জয় পায় চেক। আর ২০০৮ সালের লড়াইয়ে জয়ী হয় পর্তুগাল।* সর্বশেষ ছয়টি আন্তর্জাতিক ম্যাচের পাঁচটিতেই জিতেছে চেক। একমাত্র হারটি ইউরোয় নিজেদের প্রথম ম্যাচে রাশিয়ার বিপক্ষে। সর্বশেষ ৯ ম্যাচের প্রতিটিতেই গোল করেছে পর্তুগাল।* সর্বশেষ চার ইউরোর তিনটিতেই চ্যাম্পিয়ন দলের কাছে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে পড়ে চেক। ১৯৯৬ সালের ইউরো চ্যাম্পিয়ন জার্মানির কাছে দুইবার হারে চেক। প্রথমবার গ্রুপ পর্বে ২-০ গোলে, দ্বিতীয়বার ফাইনালে ২-১ গোলে। এর পর ২০০০ সালের চ্যাম্পিয়ন ফ্রান্সের কাছে গ্রুপ পর্বে ২-১ গোলে এবং ২০০৪ সালের চ্যাম্পিয়ন গ্রিসের কাছে সেমিফাইনালে ১-০ গোলে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নেয় পর্তুগাল। ২০০৮ সালের ইউরোর গ্রুপ পর্বে বিদায়-ঘণ্টা বাজে পর্তুগিজদের। তবে চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হওয়ার সুযোগ সেবার হয়নি।* ওয়ারশতে এ পর্যন্ত একবার খেলেছে পর্তুগাল। গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ওই ম্যাচে পোল্যান্ডের সঙ্গে গোলশূন্য ড্র করে পর্তুগিজরা। ওয়ারশতে চেকও খেলেছে মাত্র একটি ম্যাচ। ১৯৯৯ সালের এপ্রিলে অনুষ্ঠিত ওই ম্যাচে পোল্যান্ডের কাছে ২-১ গোলে হারে চেকরা।* গ্রুপ পর্বের শেষ ম্যাচে হল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করা ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগালের হয়ে সর্বশেষ ১১ ম্যাচে ৯টি গোল করেছেন। * ইউরোর তিনটি আসরে গোল করার কৃতিত্ব রয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর। ২০০৪ সালে দুটি, ২০০৮ সালে একটি এবং চলতি আসরে হল্যান্ডের বিপক্ষে দুটি—মোট পাঁচ গোল। ইউরোয় পর্তুগিজ ফুটবলারদের মধ্যে নুনো গোমেজের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা এখন রোনালদো। রয়টার্স।