পর্তুগালকে জেতালেন ভ্যারেলা
ফুটবল বিধাতার কী আশ্চর্য খেল! জার্মানির বিপক্ষে প্রথম ম্যাচে নেমেছিলেন রাউল মেইরেলেসের বদলি হিসেবে, ৮৭ মিনিটে প্রায় গোল করেই ফেলেছিলেন। কাল আর ‘প্রায়’টুকু থাকল না। আবারও মেইরেলেসের বদলি হিসেবে নেমে সেই ৮৭ মিনিটেই দারুণ এক গোল করে পর্তুগালকে মহামূল্য তিনটি পয়েন্ট এনে দিলেন সিলভেস্টার ভ্যারেলা। মৃত্যুকূপের রোমাঞ্চকর ম্যাচে ডেনমার্ককে পর্তুগাল হারাল ৩-২ গোলে। দেশের হয়ে ৫০তম ম্যাচে ২ গোল করেও হারের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হলো ডেনিশ ফরোয়ার্ড নিকলাস বেন্টনারকে।না জিতলে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়া অনেকটা নিশ্চিত। এমন ম্যাচে ৩৬ মিনিটের মধ্যে ২ গোলে এগিয়ে যায় পর্তুগাল। প্রথম ম্যাচে পেপের একটি শট গোলবারে লেগে ফিরে এসেছিল গোললাইন থেকে। কাল সেই খেদ কিছুটা মিটিয়েছেন গোল করে। দ্বিতীয় গোলটি করেছেন এমন একজন, ফরোয়ার্ড হয়েও প্রথম ম্যাচে যিনি গোলে শট নিতে পারেননি একটিও। নানির ক্রস থেকে বল জালে জড়ান হেল্ডার পস্তিগা। কিন্তু প্রথম ম্যাচে বড় শিকার ধরা ডেনিশরা ছেড়ে কথা বলবেন কেন! হল্যান্ড-বধের নায়ক ক্রন-দেলির মাথা ছুঁয়ে আসা বল জালে জড়িয়ে ৪১ মিনিটে ব্যবধান কমান বেন্টনার। লারস ইয়াকবসেনের ক্রসে মাথা ছুঁয়ে সমতায় ফেরান ৮০ মিনিটে। কিন্তু ভ্যারেলার গোলে শেষ পর্যন্ত স্বস্তিতে মাঠ ছাড়ে পর্তুগিজরা। আর মৃত্যুকূপের লড়াই হয়ে পড়ল আরও উন্মুক্ত।ম্যাচ থেকে পুরো পয়েন্ট না পেলে হয়তো নিজেকে ক্ষমা করতে পারতেন না ক্রিস্টিয়ানো রোনালদো। সেই একই সাদা জার্সি, একই জার্সি নম্বর (৭)। কিন্তু রিয়াল মাদ্রিদের হয়ে গোলের বন্যা বইয়ে দেওয়া পর্তুগিজ অধিনায়ক দেশের জার্সিতে যেন নিজের ছায়া! সেই অপ্রতিরোধ্য চেহারাটা তো নেই-ই। দুবার গোলকিপারকে একা পেয়েও সুযোগ হারিয়েছেন অবিশ্বাস্য ব্যর্থতায়। রয়টার্স।