পর্তুগালকে ফেবারিট বলছেন সাবেক স্প্যানিশ কোচ
স্পেনের সাবেক কোচ লুইস আরাগোনেসের একটি মন্তব্যে খুশি হতেই পারেন পর্তুগালের কোচ কার্লোস কুইয়েরেজ। আরাগোনেস নাকি গতকাল ঘোষণা করেছেন যে তিনি পর্তুগালের বিপক্ষে স্পেনের জয়লাভের কোনো সম্ভাবনাই দেখছেন না।পর্তুগালের টেলিভিশন চ্যানেল এসআইসিকে দেওয়া এক সাক্ষাত্কারে আরাগোনেস স্পষ্টই জানিয়ে দিয়েছেন, ‘যদি পর্তুগালের খেলোয়ড়েরা স্পেনের খেলোয়াড়দের পা থেকে বল কেড়ে নিয়ে খেলতে পারেন, তাহলে আমি পর্তুগালকেই এ ম্যাচে এগিয়ে রাখব। গতিতেও পর্তুগালের কাছে মার খেতে পারে তুলনামূলকভাবে কম গতির স্প্যানিশ দল।’ ২০০৮ সালে ইউরো বিজয়ী স্পেন দলের কোচ আরাগোনেস আজকের ম্যাচে পর্তুগালের রক্ষণভাগকেও এগিয়ে রেখেছেন।আরাগোনেস পর্তুগালকে ফেবারিট মনে করলেও পর্তুগিজ কোচ কার্লোস কুইয়েরেজ অবশ্য জানিয়েছেন, ‘বিশ্বকাপের নকআউট পর্বের খেলায় ফেবারিট বলে কিছু নেই। পর্তুগিজ দল গত ২৬টি আন্তর্জাতিক ম্যাচের ২২টিতে কোনো গোল হজম করেনি। ব্যাপারটি আরাগোনেসের মতে, দলটির শক্তিশালী রক্ষণভাগেরই পরিচয় বহন করে। কিন্তু কুইয়েরেজ নিজ খেলোয়াড়দের সতর্ক করে দিয়ে বলেছেন, ‘গত ২২টি ম্যাচে আমরা কোনো গোল খাইনি বলে এমনটা ভাবার কোনো অবকাশ নেই যে স্পেন আমাদের রক্ষণভাগ ভেদ করতে পারবে না।’কোচ কুইয়েরেজ যাই বলুন না কেন, স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদে খেলা পর্তুগিজ তারকা সিমাও বলেছেন, ‘স্পেনকে নিয়ে আমরা একেবারেই চিন্তিত নই। ভয় পাওয়ারও প্রশ্ন আসছে না। তবে প্রতিপক্ষ হিসেবে পূর্ণ শ্রদ্ধাবোধ রয়েছে তাদের ব্যাপারে।’ সিমাও আরও বলেছেন, ‘স্পেন বর্তমান ইউরোপীয় চ্যাম্পিয়ন হলেও পর্তুগাল একেবারেই ফেলনা দল নয়। আমরা গত বিশ্বকাপে সেমিফাইনালে খেলেছিলাম।’