পর্তুগালকে রুখে দিল ইসরায়েল
ইসরায়েলের বিপক্ষে কোনোমতে হার এড়িয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। ৩-২ ব্যবধানে পিছিয়ে পড়ার পর শেষ মুহূর্ত পর্যন্ত হারটাই নিশ্চিত ছিল পর্তুগালের। কিন্তু শেষ বাঁশি বাজার ঠিক আগমুহূর্তে ইসরায়েলের জালে বল জড়িয়ে দলের ড্র নিশ্চিত করেন ফ্যাবিও কনট্রায়ো। ৩-৩ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল। এই ফলাফলের সুবাদে দুই দলেরই বিশ্বকাপের চূড়ান্ত পর্বে যাওয়ার সম্ভাবনা টিকে থাকল।খেলা শুরু হওয়ার দুই মিনিটের মাথায় গোল করে পর্তুগালকে এগিয়ে দিয়েছিলেন ব্রুনো আলভেজ। ২৪ মিনিটের মাথায় এই গোল শোধ করেন ইসরায়েলের স্ট্রাইকার টোমার হেমাড। ৪০ মিনিটে ইসরায়েলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন ইডেন বেন বাসাত। দ্বিতীয়ার্ধের ৭০ মিনিটে ব্যবধানটা ৩-১ করে দেন রামি গেরসন। দুই মিনিট পরেই একটি গোল শোধ করে পর্তুগিজ শিবিরে আশার আলো জ্বালেন পোসটিগা। তবে তার পরও পর্তুগালকে ৩-২ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হবে—এমনটা হয়তো ধরে নিয়েছিলেন অনেকে। কিন্তু শেষ মুহূর্তে নাটকীয় এক গোল করে দলকে রক্ষা করেন ফ্যাবিও কনট্রায়ো। ৩-৩ গোলের সমতা নিয়ে শেষ হয় বিশ্বকাপ বাছাই পর্বের ‘এফ’ গ্রুপের এ ম্যাচটি।পাঁচটি করে ম্যাচ খেলার পর ইসরায়েল ও পর্তুগাল দুই দলেরই সংগ্রহ আট পয়েন্ট। তাদের থেকে চার পয়েন্ট বেশি নিয়ে গ্রুপের শীর্ষে আছে রাশিয়া।— রয়টার্স