পর্তুগালকে সমীহ করছে স্পেন
স্পেনের কোচ ভিসেন্তে দেল বস্ক কিছুতেই সন্তুষ্ট হতে পারেন না। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের সঙ্গে হেরেও গ্রুপের শীর্ষস্থান অর্জন করে দ্বিতীয় রাউন্ডে ব্রাজিলকে এড়িয়েছে স্পেন, তাতেও উত্কণ্ঠা কাটেনি স্প্যানিশ কোচের। ব্রাজিলকে এড়িয়েও দ্বিতীয় রাউন্ডের সবচেয়ে ‘হাই ভোল্টেজ’ ম্যাচটিতে যে খেলতে হচ্ছে দেল বস্কের ছেলেদেরই।‘পর্তুগাল অত্যন্ত শক্তিশালী দল। দ্বিতীয় রাউন্ডে ব্রাজিলকে এড়িয়ে পর্তুগালের সামনে পড়েও আমি তৃপ্তির ঢেঁকুর তুলছি না। পর্তুগাল মোটেও স্পেনের জন্য সহজ প্রতিপক্ষ নয়। আমি তাদের সমীহের চোখেই দেখছি। ব্রাজিল ও পর্তুগাল দুটিই বিশ্বের সেরা জাতীয় দল।’ ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে এসে চিন্তিত স্বরে এ কথাই বলেছেন দেল বস্ক।তবে একটি ব্যাপারে সুর নরমই করেছেন স্পেন ‘বস’। তিনি জানিয়েছেন, প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের সঙ্গে হেরেও হারের মনস্তাত্ত্বিক চাপটা যেভাবে কাটিয়ে উঠেছে স্পেন তা প্রশংসা পেতেই পারে। ‘সুইজারল্যান্ডের সঙ্গে হেরে আমরা বেশ বড়সড় একটা ধাক্কাই খেয়েছিলাম। মানসিকভাবেও কিছুটা বিপর্যস্ত ছিলাম। পরের দুই ম্যাচ জিতে আমার ছেলেরা প্রশংসনীয়ভাবেই তা কাটিয়ে উঠেছে।’ বলছিলেন দেল বস্ক। তিনি আরও বলেন, স্প্যানিশ দলকে স্রোতের বিরুদ্ধেই সাঁতার দিতে হয়েছে।পর্তুগালের বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে অবশ্য চোট সমস্যা বেশ ভোগাচ্ছে স্পেনকে। রিয়াল মাদ্রিদের মধ্যমাঠের তারকা জাভি আলোনসো পর্তুগালের বিপক্ষে খেলতে পারবেন কিনা, তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। রক্ষণসেনা রাউল আলবিয়লকে নিয়েও অনিশ্চয়তার মধ্যে রয়েছেন কোচ দেল বস্ক।তবে পর্তুগালকে হারিয়েই বিশ্বকাপ জয়ের স্বপ্নের পথে এক ধাপ এগিয়ে থাকতে চান স্প্যানিশ কোচ দেল বস্ক। তিনি বলেছেন, ‘পর্তুগালের বাধা অতিক্রম করার পরই বিশ্বকাপ জয়ের ব্যাপারে আমি সত্যিকার অর্থে আশাবাদী হতে পারব।’