পর্তুগালকে স্পেনের অভিনন্দন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুকের ওপর জোড় করে রাখা দুই হাত। প্রার্থনার ভঙ্গি। না, চোখে জল নেই! তবে মুখটাই বলছিল, ভেতরে অশ্রুর প্লাবন। পেশাদারির শক্ত খোলসে আটকে রেখেছেন সেই আবেগ। আবার এও সত্যি, স্পেনের মতো বর্তমান চ্যাম্পিয়নদের কাছে হারে লজ্জা নেই। সেই হারও যদি হয় টাইব্রেকারের লটারি এবং অবশ্যই টুর্নামেন্টের সেমিফাইনালে। ক্রিস্টিয়ানো রোনালদো ম্যাচ শেষেও বলছেন, হতাশা ভুলে আশার গানই গাইতে পারে পর্তুগাল। কারণ এই টুর্নামেন্ট থেকে তাদের প্রাপ্তি অনেক।‘চাইলে অনেক অজুহাতই দেওয়া যায়। তবে ভাগ্য আমাদের পক্ষে ছিল না। পেনাল্টি ব্যাপারটাই এমন’—বলেছেন পর্তুগাল অধিনায়ক। ভাগ্যের কাছে হেরে যাওয়ার তত্ত্ব দিয়ে আসলে সান্ত্বনাই খুঁজছেন রোনালদো। কিন্তু কখনো কখনো সান্ত্বনাও অর্থহীন হয়ে দাঁড়ায়। কিছুতেই ক্ষতে প্রলেপ দিতে পারে না। ফাইনাল থেকে মাত্র এক ধাপ দূরে থেকে টাইব্রেকারে হেরে যাওয়ার সান্ত্বনাই বা কী হতে পারে!তবে প্রশ্ন উঠছে। দলের সেরা পেনাল্টি বিশেষজ্ঞ তিনি। নার্ভাস ব্রুনো আলভেসকে থামিয়ে দিয়ে নানি শট নিয়েছেন। পরের শটটাই আলভেসকে না দিয়ে কি রোনালদো নিতে পারতেন না? দলের সেরা পেনাল্টি শট নেওয়ার ক্ষমতাধর খেলোয়াড়টি কিসের ভরসায় শেষ শটটি নিতে চেয়েছিলেন? অধিনায়ক সামনে থেকে নেতৃত্ব দেবেন, সতীর্থদের মধ্যে ছড়িয়ে দেবেন আত্মবিশ্বাস। যেমন দিয়েছেন ইকার ক্যাসিয়াস, জাবি আলোনসোর মিসের পরও পর্তুগালের প্রথম শটটাই ঠেকিয়ে দিয়ে। রোনালদো আগে শট নিলে হয়তো পরিস্থিতি হতো অন্য রকম।পাওলো বেন্তো কিন্তু রোনালদোকে আড়াল করছেন। পর্তুগাল কোচের দাবি, রোনালদোর শেষ শটটি নেওয়ার সিদ্ধান্ত ছিল কৌশলেরই অংশ, ‘৪-৪ হয়ে গেলে ও শেষ শটটি নিত। আমরা হয়তো তখন অন্যভাবে কথা বলতাম। এটা ছিল কৌশলেরই অংশ। আমরা আগেই তা ব্যাখ্যা করেছি।’ বেন্তো বলছেন, টুর্নামেন্ট থেকে মাথা উঁচু করেই বিদায় নিয়েছে তাঁর দল, ‘বাছাইপর্ব থেকেই আমরা দুর্দান্ত খেলেছি। এই টুর্নামেন্টেও দারুণ ছিল। এভাবে বিদায় নিতে আমিও চাইনি। তবে হারতেই যদি হয় স্পেনের মতো দুর্দান্ত দলের কাছেই হারা ভালো, বিদায় নিলে মাথা উঁচু করেই বিদায় নেওয়া উচিত।’ ইউরো থেকে পাওয়া প্রেরণা এখন বিশ্বকাপ বাছাইপর্বে সঞ্চারিত করতে চান বেন্তো। আবেগের ঢেউ আছড়ে পড়ছে স্পেন শিবিরেও। স্মরণকালের সবচেয়ে অর্থনৈতিক মন্দায় ডুবে আছে দেশ। দেশের মানুষের মুখে হাসি ফোটাতে এবারও ইউরো জিততে চান ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে শততম আন্তর্জাতিক জয়ের কাছাকাছি যাওয়া ক্যাসিয়াস, ‘জীবনে মাঝেমধ্যে অদ্ভুত অনেক কিছু ঘটে। সংকটের কারণে দেশে খারাপ সময় যাচ্ছে। ফুটবল তাদের সেই হতাশায় দিচ্ছে আশার আলো। সবকিছু কিছুক্ষণের জন্য হলেও ভুলিয়ে দিচ্ছে।’ভিসেন্তে দেল বস্ক অবশ্য উচ্ছ্বাসে ভেসে যাচ্ছেন না। কাজ যে শেষ হয়নি! স্পেন কোচ ধন্যবাদ দিয়েছেন ভাগ্যকে, ‘পেনাল্টিতে আমরা ভাগ্যের সাহায্য পেয়েছি। পর্তুগালকে অভিনন্দন জানাতে চাই টুর্নামেন্টে ভালো খেলার জন্য। আমরা আজ সত্যিই ভাগ্যবান ছিলাম।’এই ভাগ্যের ছোঁয়া আরও একবার চান দেল বস্ক। তবে শুধু ভাগ্যতেই সওয়ার হয়ে ফাইনালের মঞ্চ পার হওয়ার ইচ্ছা নেই। শিষ্যদের তাই নিজেদের সেরা খেলাটিও বের করে আনতে বলেছেন কোচ। এএফপি, রয়টার্স।