পর্তুগালকে হুংকার ক্লিন্সির
২-১ গোলের জয় দিয়ে শুরু। ঘানার বিপক্ষে সেই জয়ে মিটিয়েছে আগের দুটি হারের জ্বালা। দ্বিতীয় রাউন্ডের স্বপ্ন পূরণের পথে এগিয়ে গেছে একধাপ। মানসিকভাবে বেশ চাঙা তো হবেই যুক্তরাষ্ট্র।
এতটাই যে, কোচ ইয়ুর্গেন ক্লিন্সমান পর্তুগালকে হারানোর হুমকিও দিতে পারছেন নির্দ্বিধায়। আজ মানাউসে পর্তুগালের মুখোমুখি যুক্তরাষ্ট্র। ক্লিন্সি বললেন, ‘আমরা পর্তুগালকে হারিয়ে দিতে পারি।’
ক্লিন্সমানের আশাবাদের ভিত্তি যথেষ্ট শক্ত। নিজেরা উড়ছে আত্মবিশ্বাসে, উল্টো পিঠে পর্তুগাল মানসিকভাবে বিপর্যস্ত এক দল! প্রথম ম্যাচে ক্লিন্সমানেরই দেশ জার্মানির কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হওয়াই শুধু নয়, ওই ম্যাচে পর্তুগালকে মূল্য দিতে হয়েছে আরও। টমাস মুলারকে ঢুস মেরে লাল কার্ড দেখেছেন রক্ষণ ভরসা পেপে। চোট পেয়ে মাঠ ছেড়েছেন ডিফেন্ডার হোসে কোয়েন্ত্রাও এবং হুগো আলমেইদা। যুক্তরাষ্ট্র ম্যাচটা তো বটেই, এই দুজনের বিশ্বকাপই শেষ কিনা সেই প্রশ্নও প্রবলভাবে হাজির। ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়েও অাছে সংশয়ের দোলাচল। জার্মানি ম্যাচে খেললেও হাঁটুর চোট আবার মাথাচাড়া দিয়ে ওঠায় দ্বিতীয় ম্যাচে তাঁর খেলা নিশ্চিত নয়।
তবে ক্লিন্সমান আত্মবিশ্বাসী নিজের দল নিয়েই। আক্রমণের অন্যতম অস্ত্র জর্ডি আল্টিডোরের চোট সংশয় সত্ত্বেও ক্লিন্সমান বলছেন, ‘আমাদের ভাবনায় এখন শুধুই পর্তুগাল। বিস্ময়কর সব খেলোয়াড় নিয়ে গড়া এই দলটাকে কীভাবে হারাতে পারব, সেটাই ভাবছি। মানাউসে ওদের হারাতে পারব বলেই আমাদের বিশ্বাস। আমরা পরের রাউন্ডে যেতে চাই। পর্তুগালকে হারাতে পারলে আমরা তা করতে পারব।’ ওয়েবসাইট।