পর্তুগালেও সাম্বার ছন্দ
সাম্বা পর্তুগালেও আছে। পর্তুগালের ফুটবলেও আছে সাম্বার ছন্দ। দুর্দান্ত সব পাস এবং নিখুঁত স্কিলের জন্য ফুটবল বিশ্বে পর্তুগালের পরিচিতি ‘ইউরোপের ব্রাজিল’ বলে। এই নামটা আরও অর্থবহ হয়ে উঠেছে পর্তুগাল দলে তিন ব্রাজিলিয়ানের উপস্থিতির কারণে। ডেকো, লিডসন ও পেপে—ব্রাজিলে জন্ম নেওয়া এই তিন ফুটবলারই এখন পর্তুগালের। ‘জি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে ব্রাজিল-পর্তুগাল। একসময়ের ঔপনিবেশিক শাসকদের বিপক্ষে খেলবে শাসিত ব্রাজিল। ডেকো, লিডসন ও পেপেদের কাছে বিষয়টা তাই আবেগের। জন্মভূমির বিপক্ষে ম্যাচ তাদের!‘আমি ঠিক জানি না ব্রাজিলের বিপক্ষে খেলতে কেমন লাগবে। তবে পর্তুগালের পক্ষে আমি মনপ্রাণ উজাড় করেই খেলি’—আজকের ম্যাচ নিয়ে ডেকোর অনুভূতিটা এমনই। ১৭ বছর পর্যন্ত ব্রাজিলেই ছিলেন। এরপর পর্তুগালের লিগে দুর্দান্ত খেলেছেন ডেকো। ২০০৩ সালে পর্তুগালের ব্রাজিলিয়ান কোচ তাঁকে দলে ডেকে নেন। পর্তুগালের হয়ে তাঁর অভিষেক ম্যাচটাও ছিল ব্রাজিলের বিপক্ষে। ব্রাজিলে জন্ম হলেও পর্তুগালের নাগরিক পেপে। ‘জন্মভূমির বিপক্ষে খেলতে হবে, কেমন লাগছে’—এই প্রশ্ন শুনতে হয়েছে তাঁকেও। রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার জন্মভূমির প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই বলেছেন, ‘আমি পর্তুগালের হয়ে খেলতে উন্মুখ।’ যতই উন্মুুখ হন, আজ মাঠে নামা নাও হতে পারে ডেকো-পেপেদের। চোট নিয়ে দক্ষিণ আফ্রিকায় পা রাখা পেপে তো এখনো সেরেই ওঠেননি। আর ডেকো চোট পেয়েছেন প্রথম ম্যাচ খেলার পর অনুশীলনে। তবে আজ খেলা নিশ্চিত আরেক ব্রাজিলিয়ান বংশোদ্ভূত লিডসনের। জন্মভূমির বিপক্ষে ম্যাচের আগে এই স্ট্রাইকার বলেছেন, ‘আমি পর্তুগাল দলের প্রতি সম্পূর্ণ নিবেদিত। আমার কাছে কখনো কখনো মনে হয়, পর্তুগালেই হয়তো জন্ম আমার!’ ওয়েবসাইট।