পর্তুগালের কোচ বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আচরণবিধি লঙ্ঘনের দায়ে কোচ কার্লোস কুইরোজকে এক মাসের জন্য অস্থায়ীভাবে বরখাস্ত করেছে পর্তুগাল ফুটবল ফেডারেশন। একই সঙ্গে এক হাজার ইউরো জরিমানা করা হয়েছে তাঁকে। ডিসিপ্লিনারি কমিটির তদন্তে দোষী প্রমাণিত হওয়ায় গত বৃহস্পতিবার কুইরোজের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।কোচকে বরখাস্ত করার কারণ দেখিয়ে ফেডারেশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্বকাপের আগে পর্তুগালের অনুশীলন ক্যাম্পে ডোপিং-বিরোধী দল ফুটবলারদের পরীক্ষা করতে গেলে বাজে ব্যবহার করেন কুইরোজ। তাঁর আক্রমণাত্মক আচরণে ডোপিং-বিরোধী দলের কার্যক্রম ব্যাহত হয়। কোচের এ আচরণকে দুঃখজনক বলে আখ্যায়িত করেছে ফেডারেশন।কুইরোজের বিরুদ্ধে অভিযোগ ছিল, ডোপ পরীক্ষায় বাধা দিয়েছিলেন তিনি। তবে ডিসিপ্লিনারি কমিটির তদন্তে এ অভিযোগ প্রমাণিত হয়নি। এ অভিযোগে দোষী সাব্যস্ত হলে কোচের চাকরিটাই হারাতে হতো কুইরোজকে। এক মাসের বরখাস্তের কারণে আগামী ৩ সেপ্টেম্বর সাইপ্রাস ও তার চার দিন পর নরওয়ের বিপক্ষে অনুষ্ঠেয় ২০১২ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বের ম্যাচ দুটিতে থাকতে পারবেন না তিনি।তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করে নিয়েছেন কুইরোজ। তবে পর্তুগালের এই কোচের দাবি, গত মে মাসে বিশ্বকাপের অনুশীলন ক্যাম্পে হঠাত্ পরিদর্শনে এসেছিল ডোপিং-বিরোধী দল। ফুটবলাররা বিব্রতকর অবস্থায় পড়েছিল বলে তাদের সঙ্গে কথাকাটাকাটি করেছিলেন তিনি, এর বেশি কিছু নয়।—রয়টার্স