গতকালই উদ্বোধন হয়ে গেছে। তবে বলতে পারেন ইউরোর আসল টুর্নামেন্ট, আসল ঝাঁজ শুরু হলো আজ থেকে। আজই যে প্রথম বড় ম্যাচে মুখোমুখি জার্মানি আর পর্তুগাল।একই গ্রুপে পর্তুগালকে পেয়ে জার্মানির প্রতিক্রিয়া যা-ই হোক, পর্তুগাল জার্মানিকে পেয়ে খুশি হতে পারেনি। বড় টুর্নামেন্টগুলোতে জার্মানির গেরো হয়ে উঠেছে স্পেন। তেমনি পর্তুগালের গেরো আবার জার্মানি। ২০০৮-এর ইউরোতে পর্তুগালকে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় করে দিয়েছিল জার্মানি। দুই বছর আগের বিশ্বকাপে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও পর্তুগাল হেরেছিল জার্মানির কাছে। ফিলিপ লাম অবশ্য বলছেন, এত আগের দুটো টুর্নামেন্টের ফলের সঙ্গে আজকের ম্যাচের কোনো সম্পর্ক নেই।গত বিশ্বকাপের পর আনুষ্ঠানিকভাবে মাইকেল বালাকের কাছ থেকে নেতৃত্বভার পাওয়া লামের কথা, এই ম্যাচে শুরু করতে হবে একেবারেই শূন্য থেকে। দুই বছর আগের বিশ্বকাপে তারা ছিল তরুণ দল। এখন সেই তরুণদের ফল এনে দেওয়ার পালা, ‘উত্তেজনা ধীরে ধীরে তৈরি হচ্ছে। এই মুহূর্তটির জন্য আমরা দুই বছর ধরে কাজ করছি। এখন সময় এসেছে কাজ শুরু করার।’‘গ্রুপ অব ডেথ’-এর মৃত্যুকূপ বলে জার্মানির সহকারী কোচ হানসি ফ্লিকের কাছে জয় দিয়ে শুরু করাটা জরুরি, ‘জয় দিয়ে শুরু করা খুবই জরুরি, বিশেষ করে যদি আপনার দল পড়ে এ ধরনের একটা গ্রুপে। পরের ম্যাচটাই আবার ডাচেদর সঙ্গে। আর আমাদের লক্ষ্যই তো গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া। এটাকে গ্রুপ অব ডেথ বলা হচ্ছে। তার মানে টুর্নামেন্টের সবচেয়ে শক্ত গ্রুপ এটাই। শুরু থেকেই আমাদের তাই সাবধান থাকতে হবে। নিজেদের সামর্থ্যের পুরোটাই ঢেলে দিয়ে খেলতে হবে।’শুধু নিজেদের নিয়ে নয়, জার্মানিকে আজ মাথায় রাখতে হবে প্রতিপক্ষের একটি খেলোয়াড়কেও। ক্রিস্টিয়ানো রোনালদো! এই মৌসুমে ক্লাবের হয়ে ৬০ গোল করেছেন। জাতীয় দলের হয়ে এ মৌসুমে অবশ্য একটি গোলও করতে পারেননি। তবে কে জানে, সব গোল হয়তো ইউরোর জন্যই জমিয়ে রেখেছেন! গত ফেব্রুয়ারিতে ফ্রান্স আর মে মাসে সুইজারল্যান্ডের সঙ্গে খেলা প্রীতি ম্যাচে হেরেছে জার্মানি। রক্ষণে জার্মানিদের ফাটলটা স্পষ্ট। সেই ফাটল নিয়েই জার্মান সেন্টারব্যাক পার মার্টেসেকার সতীর্থদের সাবধান করছেন, ‘ওর বিপক্ষে যেন ওয়ান-অন-ওয়ান পরিস্থিতি তৈরি না হয়, সেটা সর্বশক্তি দিয়েই আমাদের চেষ্টা করে যেতে হবে। কারণ রোনালদোই মূল ভূমিকাটা রাখবে।’ পর্তুগাল কোচ পাওলো বেন্তো অবশ্য জোর দিয়েই বলে আসছেন, তাঁর দল শুধু রোনালদোর ওপর নির্ভরশীল নয়। জার্মানিকে সামনে রেখে এ-ও বলছেন, এই ম্যাচে ঘাড় গুঁজে রক্ষণ করে যাওয়াটাও কোনো কাজের কথা নয়, ‘জার্মানির মতো দলের বিপক্ষে আপনাকে সুসংগঠিত এবং সাহসীও হতে হবে। কারণ শুধু রক্ষণের কথা ভাবলে ভালো ফল পাওয়া কখনোই সম্ভব নয়। আপনাকে আক্রমণও করতে হবে, তবে সেটা অবশ্যই সংগঠিতভাবে।’ এএফপি, রয়টার্স।