পর্তুগালের গোলবন্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্সির রং লাল আর দেয়ালের মতোই কঠিন বলে তাদের ডিফেন্সের নাম ‘লাল দেয়াল’। উত্তর কোরিয়া কাল নামল সাদা জার্সি গায়ে। লাল দেয়াল সাদা হয়ে গেল বলেই কিনা, কাল তাদের নানা রঙে রঞ্জিত করল পর্তুগাল, ছবি আঁকল ইচ্ছেমতো। বাছাইপর্বের পর বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলের সামনেও যে ডিফেন্স ছিল ইস্পাতকঠিন, কাল তারা কর্পূরের মতো উড়ে গেল পর্তুগালের নান্দনিক ফুটবলের সামনে।কেপটাউনের আকাশ ভেঙে বৃষ্টি নেমেছিল কাল। ম্যাচের প্রথমার্ধে তাই যেন সেরাটা দেখা গেল না দুই দলের কারও। দ্বিতীয়ার্ধে বৃষ্টি থেমে গেল, কিন্তু শুরু হলো গোল-বৃষ্টি। প্রথমার্ধে রাউল মিরেলেসের একমাত্র গোলে এগিয়ে থাকা পর্তুগাল গুনে গুনে উত্তর কোরিয়ার জালে বল ঢোকাল আরও ছয়বার! ৭-০ গোলের জয় বিশ্বকাপে পর্তুগালের সবচেয়ে বড়। আর উত্তর কোরিয়ার এই পরাজয় শুধু বিশ্বকাপে নয়, আন্তর্জাতিক ফুটবলেই সবচেয়ে বড় পরাজয়। ১৯৭৪ সালে বুলগেরিয়ার কাছে ৬-১ গোলের হারটি নেমে গেছে দুইয়ে।রেকর্ড জয়ের পাশে পর্তুগালের জন্য বড় স্বস্তি আছে আরেকটি—ক্রিস্টিয়ানো রোনালদোর গোল! ক্লাবের হয়ে গোলের কমতি ছিল না, এ মৌসুমেও সব প্রতিযোগিতা মিলে রিয়াল মাদ্রিদের হয়ে গোল করেছেন ৩৩টি। কিন্তু ইউসেবিওর পর পর্তুগালের সবচেয়ে বড় তারকা গোল পাচ্ছিলেন না দেশের হয়ে। প্রতিযোগিতামূলক ফুটবলে সর্বশেষ গোল ছিল দুই বছর আগে, প্রীতি ম্যাচ ধরলে দেড় বছর। গ্রিন পয়েন্ট স্টেডিয়ামের গ্যালারিতে বসে কাল নিবিষ্ট মনে খেলা দেখছিলেন ইউসেবিও। উত্তরসূরিরা একের পর এক গোল করছিলেন, দেশের ইতিহাসের সবচেয়ে বড় তারকার মুখে তবুও হাসি নেই। হাসলেন তিনি দলের ষষ্ঠ গোলের পর। হতে পারে তাঁর দলকে ছাড়িয়ে যাওয়ায়। ১৯৬৬ বিশ্বকাপে এই উত্তর কোরিয়ার বিপক্ষেই ৩ গোলে পিছিয়ে পড়ে পর্তুগাল ফিরিয়ে দিয়েছিল ৫ গোল, ‘কালো চিতা’ ইউসেবিও একাই করেছিলেন চারটি। হাসির কারণ হতে পারে, গোলটি রোনালদোর ছিল বলেও। দেশের বিশ্বকাপ স্বপ্নপূরণের ভার যাঁর ওপর, তাঁর গোল-খরা কাটানোয় পূর্বসূরির তো খুশি হওয়ারই কথা!প্রথমার্ধ শেষেও ইঙ্গিত পাওয়া যায়নি কী হতে যাচ্ছে ম্যাচে। উত্তর কোরিয়া কাল আগের ম্যাচের মতো অতটা নিচে নেমে খেলেনি। পর্তুগালের আক্রমণের জবাবে পাল্টা-আক্রমণে উঠেছে বেশ কবারই। তবে সুযোগগুলো ঠিকঠাক কাজে লাগাতে পারলে প্রথমার্ধেই তিন-চার গোলে এগিয়ে যেতে পারত পর্তুগাল। শুরুর ৬ মিনিটের মধ্যেই দুটি সুযোগ হাতছাড়া করেন ডিফেন্ডার কারভালহো, মিস করেছেন সিমাও, মিরেলেসরাও।সব আক্ষেপ ঘুচে যায় দ্বিতীয়ার্ধেই। ৫৩ থেকে ৬০—সাত মিনিটের মধ্যেই তিনটি গোল করেন সিমাও সাব্রোসা, হুগো আলমেইডা ও টিয়াগো। কোরিয়ানদের স্বস্তি দিয়ে এর পর একটু বিরতি, ৮১ থেকে ৮৯ মিনিটের মধ্যে আবারও ৩ গোল। আলমেইডার বদলের মাঠে নামার মিনিট তিনেকের মধ্যে জাল খুঁজে পান ব্রাজিলিয়ান বংশোদ্ভূত স্ট্রাইকার লিডসন, টিয়াগো পান দ্বিতীয় গোল। আর এই দুজনের মাঝখানে পর্তুগালকে স্বস্তি দিয়ে রোনালদোর গোল। গোল করার পর চিরপরিচিত উদ্যাপন দেখা যায়নি, শুধু হাসছিলেন। যে হাসির অর্থ হতে পারে একটাই—অবশেষে!আগের দিন সামান্য হলেও পুরোনো দিনকে মনে করিয়ে দিয়েছিল ব্রাজিল, কাল চোখ আর মন জুড়ানো ফুটবল খেলল ‘ইউরোপের ব্রাজিল’ পর্তুগালও। বিশ্বজুড়ে সুন্দর ফুটবলের পূজারিদের মনে এই বিশ্বাসটা হয়তো ফিরে আসবে, পেশাদারি আর কঠিন বাস্তবতার যুগেও সাফল্য এনে দিতে পারে দৃষ্টিনন্দন ফুটবল।