পর্তুগালের দায়িত্ব নেবেন না মরিনহো
গভীর সংকটের মধ্যে পড়ে গেছে পর্তুগিজ ফুটবল। ইউরো বাছাই পর্বের প্রথম দুই ম্যাচে জয়ের দেখা পায়নি। ৪-৪ গোলে ড্র করেছে সাইপ্রাসের সঙ্গে। নরওয়ের বিপক্ষে হেরে গেছে ১-০ গোলে। কোচ কার্লোস কুইরোজকে বরখাস্ত করার পর এখন হন্যে হয়ে নতুন কোচ খুঁজছে পর্তুগাল ফুটবল ফেডারেশন। এই ক্রান্তিকালে এ সময়ের অন্যতম সেরা কোচ হোসে মরিনহোকে সাময়িকভাবে পর্তুগালের কোচের দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছিল পর্তুগাল ফুটবল ফেডারেশন। কিন্তু এই প্রস্তাবে সাড়া দেওয়া সম্ভব হবে না বলে জানিয়ে দিয়েছেন মরিনহো।অক্টোবরে ডেনমার্ক ও আইসল্যান্ডের বিপক্ষে দুইটি ম্যাচে পর্তুগালের দায়িত্ব নেওয়ার জন্য মরিনহোর দ্বারস্থ হয়েছিল পর্তুগাল ফুটবল ফেডারেশন। আজ শুক্রবার এক সংবাদ সম্মেলনে মরিনহো বলেছেন, ‘পর্তুগালের প্রতি ভালোবাসা থেকে আমি না বলতাম না। কিন্তু আমি হ্যাঁ-ও বলতে পারছি না। আমার ধারণা, রিয়াল মাদ্রিদের অনেকেই এটাকে নেতিবাচকভাবে নেবে। পর্তুগালের দায়িত্ব নেওয়ার জন্য রিয়াল মাদ্রিদের সঙ্গে একটা সার্বিক চুক্তি সম্পন্ন করতে হবে। আর এমনটা হবে না বলেই আমার মনে হচ্ছে। সিদ্ধান্ত নেওয়ার সব অধিকারই রিয়াল মাদ্রিদের হাতে।’ টাইমস অব ইন্ডিয়া