পর্তুগালের বিপক্ষে রক্ষণাত্মক খেলবে চেকরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের ইউরোয় চেক প্রজাতন্ত্রের শুরুটা ছিল তথৈবচ। একটু বিশদভাবে বললে রাশিয়ার বিপক্ষে তাদের ৪-১ গোলের হারটা ছিল বড় কোনো প্রতিযোগিতায় তাদের সবচেয়ে বাজে শুরু। অমন একটি পরিস্থিতিতে ঘুরে দাঁড়ানো যেকোনো দলের জন্যই অত্যন্ত কঠিন। চেক কোচ মাইকেল বিলেক সেই কঠিন কাজটি করেই দেখিয়েছেন। প্রথম ম্যাচের দুঃস্বপ্ন কাটিয়ে সেই চেক প্রজাতন্ত্রই পরের দুটো ম্যাচে গ্রিস ও পোল্যান্ডকে হারিয়ে স্থান করে নিয়েছে শেষ আটের তালিকায়। পর্তুগালের বিপক্ষে গুরুত্বপূর্ণ কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে মাঠে নামার আগে কোচ বিলেক খুব করেই চাচ্ছেন এদিন দলের খেলোয়াড়েরা যেন রাশিয়ার বিপক্ষে ম্যাচের মতো ভুল করে না বসেন। গ্রিস ও পোল্যান্ডের ম্যাচে দল যা খেলেছিল, তা খেললেই পর্তুগালকে চ্যালেঞ্জ জানানো যাবে বলে মনে করেন তিনি।শক্তিমত্তায় পর্তুগালের চেয়ে চেক পিছিয়ে—এ নিয়ে সন্দেহ প্রকাশ করার মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। উপরন্তু পর্তুগালের আছে ক্রিস্টিয়ানো রোনালদো, নানি, পোস্তিগার মতো খেলোয়াড়েরা। এই দলের বিপক্ষে কৌশলেও যথেষ্ট পরিবর্তন আনবেন বলে জানিয়েছেন তিনি। যে দলে ক্রিস্টিয়ানো রোনালদোর মতো প্লে-মেকার আছেন, সে দলের বিপক্ষে অতি আক্রমণাত্মক খেলে নিজেদের বিপদ ডেকে আনতে চান না তিনি।বিলেক বলেন, ‘রাশিয়ার বিপক্ষে আমরা আক্রমণাত্মক ছিলাম। সেই সুযোগ রাশিয়ানরা নিয়েছে। আমাদের বিধ্বস্ত করে ছেড়েছে। এখন পর্তুগালের বিপক্ষে ওই একই খেলা খেললে আমাদের সত্যিই কোনো আশা থাকবে না। কারণ রাশিয়ার চেয়ে পর্তুগাল অনেক ভালো দল।’অ্যাকিলিস টেন্ডনের সমস্যায় দলের বাইরে আছেন চেক প্রজাতন্ত্রের অধিনায়ক ও দলের অন্যতম সৃষ্টিশীল খেলোয়াড় টামাস রোসেস্কি। বিলেক মনে-প্রাণে চাচ্ছেন আজকের ম্যাচে রোসেস্কির ফিরে আসা। তবে রোসেস্কির অনুপস্থিতিতেও দলের বাকি খেলোয়াড়েরা যে ধরনের ফুটবল খেলেছেন, তাতে যথেষ্টই তৃপ্তি অনুভব করছেন চেক কোচ। ব্যাপারটি তিনি গোপনও রাখেননি।‘গ্রুপ পর্বে চেক প্রজাতন্ত্রের মূল শক্তি ছিল দলের খেলোয়াড়দের ঐক্য। এই দলটিতে রুসেস্কি ও পিতওর চেক ছাড়া বড় কোনো তারকা হয়তো নেই। কিন্তু দলের খেলোয়াড়দের ঐক্যই চেক প্রজাতন্ত্রকে শেষ আটে তুলেছে। নিজের দল সম্পর্কে বিলেকের অভিমত। তিনি খুব করেই চাচ্ছেন, আজ কোয়ার্টার ফাইনালে পর্তুগালকে হারিয়ে দলের খেলোয়াড়েরা নিজেদের ঐক্যের প্রতি সুবিচার করুক। আজকের ম্যাচের আগে বিলেক ফিরে যেতে চাচ্ছেন ১৯৯৬ সালের ইউরো চ্যাম্পিয়নশিপে। সেবার একেবারেই অখ্যাত চেক প্রজাতন্ত্র হারিয়েছিল তারকাখচিত পর্তুগালকে। এবারও পরিস্থিতি ঠিক একই রকম বলেই মনে করেন চেক কোচ। ‘দেখুন এবারও আমরা আন্ডারডগ। পর্তুগাল ফেবারিট। তবে আন্ডারডগ হয়েওতো ফেবারিটের বিপক্ষে জেতা যায়।’ ওয়েবসাইট।