পর্তুগালের স্বপ্ন বইছেন রোনালদো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিয়াল মাদ্রিদের ফর্মটা কি ক্রিস্টিয়ানো রোনালদো জাতীয় দলের হয়ে ইউরোতেও টেনে নিতে পারবেন? যদি পারেন, পর্তুগিজ সমর্থকেরা মসৃণভাবেই কোয়ার্টার ফাইনালে উঠতে দেখবে তাদের দলকে। গ্রুপটা যত কঠিনই হোক।জার্মানি, হল্যান্ড, ডেনমার্ক—সাবেক তিন চ্যাম্পিয়নের সঙ্গে গ্রুপ ‘বি’তে আছে আইবেরিয়ানরা। ড্রয়ের পর থেকেই গ্রুপটির নাম হয়ে গেছে ‘গ্রুপ অব ডেথ’, মানে ‘মৃত্যুকূপ’। এই গ্রুপ থেকে শেষ আটে যাওয়াটা আসলেই কঠিন। কিন্তু অনেকেই মনে করেন রোনালদো রিয়ালের অসাধারণ গোল-স্কোরিং ক্ষমতাটা জাতীয় দলেও দেখাতে পারলে পর্তুগালের জন্য কাজটা কঠিন হবে না। রোনালদোর দিনে পর্তুগাল হারিয়ে দিতে পারে যেকোনো দলকেই।রিয়ালের হয়ে অসাধারণ এক মৌসুম কাটিয়েছেন ২৭ বছর বয়সী তারকা। দলকে তিন মৌসুম পর লিগ শিরোপা জেতানোর পথে করেছেন ৪৬ গোল। সব মিলিয়ে মৌসুমে ৫৫ ম্যাচে করেছেন ৬০ গোল! রোনালদোর গোল করার সামর্থ্য নিয়ে প্রশ্ন নেই। কিন্তু প্রশ্নটা উঠছে এ কারণে যে, লিওনেল মেসির মতো ওই অপবাদটা কমবেশি তাঁর নামের সঙ্গেও জড়িয়ে গেছে, ‘ক্লাবে যত বড় তারকা, জাতীয় দলের হয়ে ততটা নন।’পরিসংখ্যানও বলে সে কথাই। ক্লাব ফুটবলে গোলের বন্যা দিলেও জাতীয় দলের হয়ে ৮৮ ম্যাচে করেছেন ৩২ গোল। তার চেয়েও বড় কথা, দেশকে এখনো বড় কোনো সাফল্য এনে দিতে পারেননি। জাতীয় দলে অভিষেক ২০০৩ সালে। ২০০৪ সালে নিজেদের মাটির ইউরোতে পর্তুগালকে ফাইনালে তুলতে করেছিলেন দুটি গোল। কিন্তু গ্রিসের বিপক্ষে ফাইনালে তেমন কিছু করতে পারেননি। ২০০৬ বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সের কাছে হার। ২০০৮ ইউরোর শেষ আটে জার্মানির কাছে হেরে বিদায় নেয় তাঁর দল, এর আগে করতে পারেন একটি গোল। ২০১০ বিশ্বকাপেও ক্লাবের ফর্মের সামান্যই অনুবাদ করতে পারেন মাঠে। তবে রোনালদো এবার দৃঢ়বিশ্বাসী, ইউরো-পরীক্ষায় তিনি ব্যর্থ হবেন না। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইটা শুরু আগামী ৮ জুন থেকে। দেশবাসীকে স্বপ্নই দেখাচ্ছেন রিয়াল তারকা, ‘বড় আশা নিয়েই যাচ্ছি চূড়ান্ত পর্বে, যদিও আমরা পড়েছি কঠিন গ্রুপে।’ এএফপি, ওয়েবসাইট।