পর্তুগালের হীরা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব ফুটবলের তিন রত্ন। নিজ দলের সবচেয়ে বড় ভরসা। বিশ্বকাপের দুর্গম গিরি কান্তার মরু পেরোতে এই তিনজনের দিকে তাকিয়ে তাঁদের দল। চ্যালেঞ্জ তিনজনের ভিন্ন, লক্ষ্য এক। আর কেউ চ্যালেঞ্জ জিতলেই তাঁর পুরস্কার ইতিহাসের মহানায়কের আসন

ক্রিস্টিয়ানো রোনালদো
ক্রিস্টিয়ানো রোনালদো

লোকে বলে ম্যারাডোনা আর মেসির মাঝে ব্যবধান কেবল একটি বিশ্বকাপ ট্রফি। অথচ ‘ম্যারাডোনা’ হওয়ার সত্যিকারের সুযোগ তো ক্রিস্টিয়ানো রোনালদোর সামনে!
চোখ পাকিয়ে যখন তাকাচ্ছেন, ব্যাখ্যাটাও শুনুন। গত কয়েক বছরে মেসি-রোনালদো দুজনকে নিয়েই একটি কথা বারবার বলেছেন অনেকে—‘সর্বকালের সেরাদের কাতারে থাকতে ওর বিশ্বকাপ জয়ের প্রয়োজন নেই।’ মেসির ক্ষেত্রে কথাটায় মিশে থাকে আক্ষেপ—দুর্দান্ত দল আর দারুণ সম্ভাবনা জাগিয়েও আর্জেন্টিনার বারবার বিশ্বকাপ জিততে না পারার আক্ষেপ। রোনালদোর ক্ষেত্রে কথাটায় অনেকটা মিশে থাকে সান্ত্বনা। বিশ্বকাপ জেতার মতো দল যে নেই রোনালদোর!
এটাই আবার দারুণ এক সুযোগ। ফুটবলের মতো দলীয় খেলায় স্রেফ একজনের জাদুতে যে বিশ্বকাপের মতো ট্রফি জেতা যায়, সেটার নজির ইতিহাসে একটিই আছে। গড়পড়তা মানের এক আর্জেন্টিনা দলকে ১৯৮৬-তে বিশ্বসেরার গৌরব এনে দিয়েছিলেন ডিয়েগো ম্যারাডোনা নামের এক আশ্চর্য জাদুকর। পর্তুগালের এই গড়পড়তা দলটিও পেয়েছে অমূল্য এক হীরা। সেই হীরার সামনে আরেকটি সুযোগ বিশ্বমঞ্চে আলো ছড়িয়ে সবার চোখ ধাঁধিয়ে দেওয়ার। একার কাঁধে বয়ে দেশকে স্বপ্নের ঠিকানায় পৌঁছে দেওয়ার। রোনালদোর সুযোগ ম্যারাডোনা হওয়ার। সম্ভবত শেষবার!
শেষবার বলা মূলত দুটি কারণে। প্রথমটি সহজেই অনুমেয়—বয়স। চার বছর পর রাশিয়া বিশ্বকাপ আসতে আসতে বয়স পেরিয়ে যাবে ৩৩। গতি আর রিফ্লেক্সে বয়স থাবা ফেলবেই। আর কে জানে, চার বছর পর কোন গগনে থাকে ক্যারিয়ার! এখন যেটি মধ্যগগনে। দ্বিতীয় কারণও এটাই—ফর্ম। অসাধারণ এক মৌসুম কাটিয়েছেন ক্লাবের হয়ে, চ্যাম্পিয়নস লিগে গোলের রেকর্ড গড়ে রিয়াল মাদ্রিদকে এনে দিয়েছেন স্বপ্নের লা ডেসিমা। লা লিগাতেও সর্বোচ্চ গোলদাতা। গত বছর দুয়েক তো দুর্দান্ত তিনি দেশের জার্সিতেও।
অতিরক্ষণাত্মক ধরন বেছে নেওয়ায় আগের দুই কোচ স্কলারি ও কুইরোজের সঙ্গে সম্পর্কটা ভালো ছিল না। এখনকার কোচ পাওলো বেন্তো দলের সবচেয়ে মূল্যবান রত্নকে নিয়ে অবহেলার পথে হাঁটেননি। তিনি সব পরিকল্পনা সাজান রোনালদোকে ঘিরেই। বেন্তোর কোচিংয়ে পর্তুগাল দলেও রোনালদো পেয়েছেন রিয়ালের স্বাধীনতা। বাঁ প্রান্তে শুরু করে ইচ্ছেমতো বিচরণ করতে পারেন যেকোনো জায়গায়। দেশের জার্সিতে রোনালদোর সেরাটাও দেখা গেছে বেন্তোর কোচিংয়ে। গত ইউরোতে হল্যান্ডের বিপক্ষে জোড়া গোলে দলকে কোয়ার্টারে তোলার পর চেক প্রজাতন্ত্রের বিপক্ষে গোল করে দলকে তুলেছেন সেমিতে। যৌথভাবে হয়েছেন টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা। অনেকেই হয়তো ভুলে গেছেন, গত বিশ্বকাপে গ্রুপপর্বের তিন ম্যাচেই ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন রোনালদো। এবারও তো বলতে গেলে একাই দলকে পাইয়ে দিলেন ব্রাজিলের টিকিট। প্লে-অফে সুইডেনের বিপক্ষে প্রথম লেগের জয়ে একমাত্র গোল, দ্বিতীয় লিগে ইব্রাহিমোভিচের ২ গোল ছাপিয়ে তাঁর অসাধারণ এক হ্যাটট্রিক!
এবার মূল আসরেও তেমন কিছু দেখানোর পালা। ১৮ বছর বয়সে রোনালদো দলে আসার পর থেকে মাঝারি মানের পর্তুগালের সাফল্য খারাপ নয়। ২০০৪ ইউরোতে রানার্সআপ, ২০০৬ বিশ্বকাপে চতুর্থ, ২০০৮ ইউরাতে শেষ আট, গত ইউরোতে সেমিফাইনাল। কিন্তু দ্বিতীয়-তৃতীয়কে যে কেউ মনে রাখে না! এ জন্যই রোনালদো বলেছেন, ‘পর্তুগালের হয়ে একটি ট্রফি জিততে পারলেই কেবল ক্যারিয়ার নিয়ে তৃপ্ত থাকব।’ আর স্বপ্নের সীমানাটা জানিয়ে দিয়েছেন তো অনেকবারই—নিজেকে দেখতে চান পেলে-ম্যারাডোনার কাতারে।
মঞ্চ প্রস্তুত। সমীকরণটাও খুব সহজ। সহজ? সহজই তো! পর্তুগালকে বিশ্বকাপ জেতাতে পারলেই পেলে-ম্যারাডোনার কাতারে!
আরিফুল ইসলাম